কেতাবি ভাষায় বললে ‘নিয়মরক্ষার ম্যাচ’ আর চলতি ভাষায় বলা চলে ‘মরা ম্যাচ’। অথচ ম্যাচ শুরুর আগে সবচেয়ে বেশি আলোচনায় কিনা সিরিজের শেষ টেস্ট ম্যাচটাই! আলোচনায় মূল খোরাক জোগাচ্ছেন আবার এমন দুজন, যাঁদের একজন এই টেস্টে নেই, আরেকজনের এখনো টেস্ট অভিষেকই হয়নি! সুনীল নারাইনের টেস্ট অভিষেক হয়ে যেতে পারত দুই মাস আগেই। কিন্তু টেস্ট ক্যাপের চেয়ে তখন আইপিএলের সাত লাখ ডলারের হাতছানিই বড় মনে হয়েছে তাঁর কাছে। লাখো ডলারের চেয়ে বড় প্রাপ্তি অবশ্য পেয়ে গেছেন আইপিএলে। জাদুময় বোলিংয়ে সেরা ব্যাটসম্যানদেরও বিভ্রান্ত করে পরিণত হয়েছেন বিশ্ব ক্রিকেটের আগ্রহের কেন্দ্রে। এমনকি শচীন টেন্ডুলকার পর্যন্ত নারাইনকে পড়তে হিমশিম খেয়েছেন। আজ এজবাস্টনে টেস্ট ক্যাপ পেয়ে যাওয়াটা প্রায় নিশ্চিত। লাল বল আর দীর্ঘ স্পেলেও ‘রহস্য স্পিনার’ কতটা রহস্যময় থাকবেন, এটার দেখার প্রতীক্ষায় একরকম পুরো ক্রিকেট-বিশ্বই। এই ম্যাচেও প্রথম তিন দিনের যে প্রায় ৫২ হাজার টিকিট বিক্রি হয়েছে, এটার অন্যতম কারণও মনে করা হচ্ছে নারাইনকেই।না থেকেও আজ শুরু এজবাস্টন টেস্টে যেন ভালোমতোই আছেন জেমস অ্যান্ডারসন। ব্যস্ত সূচির এই যুগে ক্রিকেটাররা ন্যূনতম সুযোগেও যেখানে ক্রিকেট থেকে পালাতে চান, অ্যান্ডারসন সেখানে উল্টো। গুরুত্বহীন ম্যাচে বিশ্রাম পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পত্রিকায় লেখা নিজের কলামে। অ্যান্ডারসনের খেলার তীব্র ইচ্ছাকে ইতিবাচক আখ্যা দিয়ে দারুণ যুক্তি দিয়েছেন ইংল্যান্ড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার, ‘আপনার বাজির ঘোড়াকে কি বছরের সব রেসে নামাবেন, নাকি টার্গেট করবেন কোন কোন রেস জিততে চান! দলের সেরা পিচারকে কি বেসবল মৌসুমের সব ম্যাচে খেলানো হয়? ওয়েইন রুনি কি ম্যানচেস্টার ইউনাইটেডের সব ম্যাচে খেলে? না, কারণ তাহলে ক্লান্তিতে ভেঙে পড়ার সম্ভাবনা আছে। আমরা সিরিজ জিতে গেছি। এই টেস্টকে খাটো করে দেখছি না, তবে মূল লক্ষ্য এখন দক্ষিণ আফ্রিকা সিরিজ। জিমির হতাশাটা আমি বুঝি, কিন্তু ওর ভালোর জন্যই এটা করা হয়েছে।’বিশ্রামের গুঞ্জন শুনে অসন্তুষ্টির কথা জানিয়েছিলেন স্টুয়ার্ট ব্রডও। ১২ জনের দলে অবশ্য আছেন ব্রড, তবে ফ্লাওয়ার যা ইঙ্গিত দিলেন, তাতে ব্রডকে শেষ পর্যন্ত পানি-তোয়ালে টানতে হতে পারে। সে ক্ষেত্রে দলে আসবেন স্টিভেন ফিন ও গ্রাহাম অনিয়নস। আগের দুই টেস্টে খুব একটা খারাপ না করলেও শেন শিলিংফোর্ডেকে জায়গা ছাড়তে হবে নারাইনের জন্য।ছয় ম্যাচে ৩৪ উইকেট, পাঁচবার ৫ উইকেট, ম্যাচে ১০ উইকেট দুবার—প্রথম শ্রেণীর ক্রিকেটে এই রেকর্ড বলছে লাল বলেও নারাইন যথেষ্টই রহস্য। দেখা যাক, চূড়ান্ত পরীক্ষার জায়গাটাতেও রহস্যের জাল বুনতে পারেন কি না! এএফপি, ওয়েবসাইট।