
টেস্ট সিরিজ জয় কি আর টি-টোয়েন্টিতে অনুপ্রেরণা হতে পারে? মাইকেল ক্লার্ক বলেছেন, পারে! যেনতেন দল তো নয়, জয়টা যে টেস্টের এক নম্বর দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। টি-টোয়েন্টি খেলেন না বলে ১৬ মার্চ থেকে বাংলাদেশে অনুষ্ঠেয় বিশ্বকাপেও ক্লার্ক থাকবেন না। কিন্তু জর্জ বেইলির নেতৃত্বে তাঁর অন্য সতীর্থরা প্রোটিয়াদের বিপক্ষে সাম্প্রতিক সিরিজ জয় থেকে অনুপ্রাণিত হবেন বলে মনে করেন ক্লার্ক, ‘আমার মনে হয় টেস্ট দলের খেলোয়াড়েরা যে আত্মবিশ্বাস নিয়ে যাচ্ছে সেটা দলের সবার জন্যই সহায়ক হবে।’ আর আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে অস্ট্রেলিয়া প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবে বলেও মনে করেন ক্লার্ক। ওয়েবসাইট।
স্টেইনের চোট
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ দক্ষিণ আফ্রিকার। তবে সেই মহড়ায় ফ্যাফ ডু প্লেসিসের দল পাচ্ছে না দলের সেরা পেসার ডেল স্টেইনকে। কুঁচকির চোট তাঁকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচে খেলতে দেবে না। বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে পেসার কাইল অ্যাবটকে। পোর্ট এলিজাবেথে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি আগামীকাল। ২২ মার্চ চট্টগ্রামে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ দিয়ে শুরু হবে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন। ওয়েবসাইট।

নেই রুট
দুয়ারে টি-টোয়েন্টি বিশ্বকাপ, আর এমন সময় কি না আঙুল ভেঙে গেল জো রুটের! অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তৃতীয় ওয়ানডে ম্যাচে চোট পেয়েছিলেন। চোটটা এতই খারাপ যে চিকিৎসার জন্য দেশে ফিরতে হয়েছে ইংলিশ ব্যাটসম্যানকে। আশঙ্কা করা হচ্ছে বিশ্বকাপেও খেলা হবে না তাঁর। রুটের চোট অবশ্য টি-টোয়েন্টি দলে ইয়ান বেলের জায়গা পাওয়ার সম্ভাবনা জাগিয়ে তুলেছে। ২০১১-এর জানুয়ারিতে দেশের হয়ে শেষ টি-টোয়েন্টি খেলা বেল কি প্রস্তুত? ওয়েবসাইট।