টেস্টের ব্যাটিংটাকে মেরে ফেলছে টি-টোয়েন্টি: গুচ

টি-টোয়েন্টি মানেই ধুন্ধুমার ব্যাটিং। চার-ছয়ের বন্যা। দর্শকদের কাছে ব্যাপারটা উপভোগ্য হলেও ক্রিকেটের নবীনতম এই সংস্করণের ঘোর বিরোধী অনেকেই। বলা হয়, একদিন টেস্ট ও ওয়ানডের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে এই টি-টোয়েন্টি।
লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের ব্যর্থতা দেখে গ্রাহাম গুচের উপলব্ধি, টেস্ট ম্যাচের ব্যাটিংকে ক্ষতিগ্রস্ত করছে টি-টোয়েন্টি। ইংল্যান্ডের এই ব্যাটিং কোচ মনে করেন, টি-টোয়েন্টির আক্রমণাত্মক ব্যাটিং প্রভাব ফেলছে টেস্টে। অসি ব্যাটসম্যানদের শট নির্বাচন থেকেও ব্যাপারটা স্পষ্ট।
লর্ডস টেস্টে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১২৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। সফরকারীদের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৩৫ রানে। অন্যদিকে প্রথম ইনিংসে ৩৬১ রানের পর ৭ উইকেটে ৩৪৯ রান তুলে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। লর্ডসে অস্ট্রেলিয়ার হার ৩৪৭ রানে। সিডনি মর্নিং হেরাল্ডের প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলেছেন গুচ।
গুচ মনে করেন, টেস্ট ক্রিকেটে একজন ব্যাটসম্যানের চাই শৃঙ্খলা, পূর্ণ মনোযোগ, ধৈর্য, উইকেটে দীর্ঘক্ষণ টিকে থাকার মানসিকতা। টি-টোয়েন্টিতে ব্যাপারটা আলাদা। সেখানে একজন ব্যাটসম্যানকে ১৫-২০ মিনিট মনোযোগ ধরে রাখলেই চলে।
গুচের চোখে টেস্টই ক্রিকেটের সেরা ফরম্যাট। ২০০৯ সালের নভেম্বরে ইংল্যান্ড দলের ব্যাটিং কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে নিজের কাজেও সেটা প্রমাণ করছেন। এই মুহূর্তে টেস্টের তিন নম্বর দল ইংল্যান্ড। ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক জানিয়েছেন, ব্যাটসম্যানদের টেস্ট ক্রিকেটে মনোনিবেশ করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন গুচ।