টেস্টের সঙ্গে বিরোধ নেই টি-টোয়েন্টির: টেন্ডুলকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শতাব্দীর সেরা ক্রিকেটারের পুরস্কার হাতে শচীন টেন্ডুলকার
শতাব্দীর সেরা ক্রিকেটারের পুরস্কার হাতে শচীন টেন্ডুলকার

টি-টোয়েন্টির ধুমধাড়াক্কা ব্যাটিং, চার-ছয়ের ফুলঝুরিই যেন ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে ক্রিকেট বিশ্বে। টি-টোয়েন্টির এই উত্তাপ-উত্তেজনার কাছে যেন ক্রমশই হার মানছে টেস্ট ক্রিকেটের ধৈর্য-কৌশলের লড়াই। টেস্ট ক্রিকেটের ভবিষ্যত্ নিয়ে যাঁরা উদ্বিগ্ন, তাঁরা প্রায়ই সমালোচনা করেন টি-টোয়েন্টি ক্রিকেটের। তবে শচীন টেন্ডুলকার সেই পথে হাঁটেননি। ক্রিকেটের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংস্করণকে একে অপরের পরিপূরক বলেই মনে করেন ভারতের এই কিংবদন্তি ব্যাটসম্যান। তবে টেস্ট ক্রিকেটের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যে বেশি বেশি টেস্ট ম্যাচ আয়োজন করতে হবে, সেটাও সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন লিটল মাস্টার।

ক্রিকেটকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তোলার জন্য টি-টোয়েন্টিকে খুবই উপযোগী সংস্করণ বলেই মনে করেন টেন্ডুলকার। খেলাটি সম্পর্কে কিছুই জানে না, এমন কাউকে টেস্ট ক্রিকেটের জটিল সমীকরণ বোঝাতে বেশ কষ্টই করতে হবে। কিন্তু টি-টোয়েন্টি সংস্করণটি অনায়াসে বুঝতে পারবে যে কেউই। টেন্ডুলকারের মতে, ব্যাট-বলের এই লড়াইকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তোলা যায় টি-টোয়েন্টি দিয়েই। একই সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটের আবির্ভাব টেস্ট ক্রিকেটকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে বলেও মনে করেন টেন্ডুলকার, ‘এখন বেশির ভাগ ম্যাচেই আমরা ফলাফল দেখতে পাচ্ছি। খুব কম ম্যাচই ড্র হচ্ছে। সম্ভবত এটা টি-টোয়েন্টি ক্রিকেটের জন্যই হচ্ছে। ফলে এই সংস্করণগুলো একে অপরের পরিপূরক। ক্রিকেটকে যদি আরও বেশি জনপ্রিয় করে তুলতে হয়, তাহলে টি-টোয়েন্টিই এটাকে বেশি মানুষের কাছে নিয়ে যাওয়ার আদর্শ সংস্করণ। এরপর ধীরে ধীরে তারা ওয়ানডে আর টেস্ট ক্রিকেটে আসতে পারে।’

তবে এটা করতে গিয়ে টি-টোয়েন্টির আগ্রাসনে যেন টেস্ট ক্রিকেট হারিয়ে না যায়, সে বিষয়েও সবাইকে সতর্ক করে দিয়েছেন টেন্ডুলকার, ‘আইসিসির এই বিষয়টির দিকে নজর দেওয়া উচিত আর টেস্ট ক্রিকেট বাঁচিয়ে রাখার জন্য আরও বেশি বেশি টেস্ট ম্যাচ আয়োজন করা উচিত। টেস্টই ক্রিকেটের চূড়ান্ত সংস্করণ। এখানে আপনাকে পরিকল্পনা করতে হবে, একটা সংকল্প থাকতে হবে ও সেটা বাস্তবায়নের চেষ্টা করতে হবে। টি-টোয়েন্টিতে এমনটা হয় না। এখানে মাত্র তিনটা বল খেলেই কেউ নায়ক বনে যেতে পারে।’

ক্রিকইনফো আয়োজিত প্রজন্মের সেরা ক্রিকেটারের পুরস্কার গ্রহণ করার পর নিজের ক্রিকেট ভাবনাগুলো এভাবেই জানিয়েছেন টেন্ডুলকার। অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে পেছনে ফেলে এই পুরস্কারটা জিতেছেন ভারতের ক্রিকেট-দেবতা। ক্রিকইনফো