প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শচীন টেন্ডুলকারের শততম আন্তর্জাতিক সেঞ্চুরি হোক বা না হোক, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) একটি সেঞ্চুরি কিন্তু হয়েই গেছে। আজ শুরু হওয়া অস্ট্রেলিয়া ও ভারতের দ্বিতীয় টেস্টটি সিডনির শততম টেস্ট। লর্ডস (১২৩) ও মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (১০৪) পর তৃতীয় ভেন্যু হিসেবে টেস্ট আয়োজনে সেঞ্চুরি করল এসসিজি। শততম টেস্ট দিয়েই সিডনি করতে যাচ্ছে নতুন রেকর্ড—সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের রেকর্ড। আজকের ম্যাচটি সিডনির ২৪১তম আন্তর্জাতিক ম্যাচ। ফলে পেছনে পড়ে যাচ্ছে মেলবোর্ন (২৪০)। ১০০টি টেস্টের পাশাপাশি ১৩৮টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচও হয়েছে সিডনিতে। ওয়ানডে আয়োজনে অস্ট্রেলিয়ার এই বন্দরনগরের ওপরে আছে শুধু শারজা (২০১)।