টোকাইদের কাবাডি-উৎসব

নিষ্পাপ চেহারা। পেটটা ফোলা। অপুষ্টির শিকার। ফুটপাতে বেড়ে ওঠা এই শিশুদের নিয়েই প্রথম কার্টুন এঁকেছিলেন চিত্রশিল্পী রফিকুন নবী। শিল্পীর কল্পনার তুলিতে আঁকা সেই শিশু-কিশোরেরা এখনো বাস্তবে রাজধানীর অলিতে-গলিতে ঘোরে। এই টোকাইদের নিয়েই কাবাডি টুর্নামেন্টের আয়োজন কাবাডি ফেডারেশনের।
এই খেলোয়াড়দের অনেকে ভাঙা লোহালক্কড় কুড়ায়, কেউ কুড়ায় কাগজ। অনেকে ফুটপাতের চায়ের দোকানে কাজ করে। কেউ ঠেলাগাড়ির সহকারী, কেউ মাছের দোকানের কর্মচারী। বিচিত্র সব কাজের সঙ্গে থাকা এই টোকাই খেলোয়াড়দের উৎসাহের কমতি নেই পরশু শুরু হওয়া টুর্নামেন্ট ঘিরে। পল্টন কাবাডি স্টেডিয়ামে খেলা শুরুর আগে এসে তারা মেতে ওঠে হইহুল্লোড়ে।
মিরপুরের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ইউসেপের ছাত্র মনিরের কয়েক বছর আগেও ঢাকা শহরে মাথা গোঁজার ঠাঁই ছিল না। সদরঘাটের পন্টুনে রাত কাটাত। লোকের ফাই-ফরমাশ খাটত। একটি বেসরকারি সংস্থার কর্মকর্তা একদিন তাকে ইউসেপে ভর্তি করে দেন। সেই মনির কাবাডি খেলার সুযোগ পেয়ে আনন্দে আত্মহারা, ‘খেলার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে!’
আগারগাঁওয়ের এক বস্তিতে থাকে রায়হান। তালতলায় একটি পানের দোকানে কাজ করে সে। বাবা নুরুজ্জামান রিকশা চালান। সংসারের অভাব অতটুকুন রায়হানকে ঠেলে নামিয়ে দেয় উপার্জনের পথে। পাশের সরকারি কলোনিতে যখন ওর বয়সী ছেলেরা বিকেলে বল নিয়ে ছুটে বেড়ায়, রায়হান ব্যস্ত থাকে পানের ডালি সাজাতে। প্রথমবারের মতো তাকে কাবাডি খেলার সুযোগ করে দিয়েছেন কোচ রেজাউল ইসলাম। এই কিশোরদের খেলার কোর্টে আনতে পেরে ভীষণ আনন্দিত তিনি, ‘পথশিশুদের বাছাই করতে গিয়ে বস্তিতে বস্তিতে ঘুরতে হয়েছে। শেষ পর্যন্ত এদের খেলায় আনতে পেরে খুব ভালো লাগছে।’
টুর্নামেন্টে আরও খেলছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের টোকাই দল, রহমতগঞ্জ, খিলগাঁও, লালবাগ ও গুলিস্তানের টোকাই দল। এখানে খেলে অনেকে স্বপ্ন দেখে খেলোয়াড় হওয়ার। কিন্তু ফেডারেশন এসব নিয়ে ভাবে না। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন (মজনু) জানালেন, ‘খেলোয়াড় তুলে আনা আমাদের এই টুর্নামেন্টের উদ্দেশ্য না। এদের বিনোদন দিতেই এমন আয়োজন। আসলে সামাজিক দায়বদ্ধতা থেকেই এসব করা।’ সর্বশেষ টোকাই কাবাডি হয়েছিল পাঁচ বছর আগে। টুর্নামেন্ট শেষে অনেকেরই চাকরি হয়েছিল ফাস্ট ফুডের দোকানে, খাবারের হোটেলে।
দিন শেষে কখনো ফুটপাতে, কখনো বস্তির ঝুপড়িঘরে ক্লান্ত শরীর এলিয়ে দিয়ে ঘুমের মাঝে ওরা সুখ খোঁজে প্রতিদিন। এই কটা দিন না হয় তা খুঁজে নিল ওরা জাতীয় খেলা কাবাডিতেই!