টোকিওতে নেইমার-জ্বর

হঠাৎই টোকিওতে ‘নেইমার-জ্বর’। জাপানের রাজধানীতে ফুটবলের বড় কোনো আসর বসেনি। কিংবা বার্সেলোনা ছেড়ে ব্রাজিলিয়ান তারকা জাপানের কোনো ক্লাবে যোগ দিচ্ছেন—ব্যাপারটা এমনও নয়। ব্রাজিলিয়ান তারকা আচমকা টোকিও এলেন সেখানকার এক প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে।
লোভনীয় সব বিজ্ঞাপনী চুক্তির টানে বিশ্বের ক্রীড়া তারকা বা ফুটবল মহারথীদের জাপানপ্রীতি পুরোনোই। কদিন আগেই একটা বাণিজ্যিক সংস্থার পণ্যের দ্যূতিয়ালি চুক্তি করতে জাপান ঘুরে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সাবেক ইংল্যান্ড অধিনায়ক ডেভিড বেকহাম এখনো জাপানের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর পণ্য বাজারজাতকরণে জনপ্রিয় মুখ। নেইমারও হয়ে গেলেন জাপানিদের ঘরের মুখ। তাঁর চুক্তি একটা তোশক-জাজিম নির্মাতাপ্রতিষ্ঠানের সঙ্গে। যদিও চুক্তির বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
চোখে সানগ্লাস, মাথায় বেসবল ক্যাপ, গায়ে কালো টি-শার্ট পরে টোকিওর হানেদা বিমানবন্দরে কাল যখন নামলেন, বাইরে সাত শর মতো সমর্থকের ভিড়। চুক্তির ঝামেলা চুকিয়ে ফেলতে বিমানবন্দর থেকে তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় ওই তোশক নির্মাতাপ্রতিষ্ঠানে। সেখান থেকে গন্তব্য এক টেলিভিশন স্টেশন, যেখানে তাঁকে বরণ করা হলো লালগালিচা সংবর্ধনায়, যেমনটা দেওয়া হয় রাজকীয় ব্যক্তিদের। সংবর্ধনার জন্য আসল নেইমার যখন ফুজি টেলিভিশন চ্যানেলে, বাইরে ‘নকল’ নেইমারের ছড়াছড়ি। যাঁদের মধ্যে ছিলেন কৃষক, বাবুর্চিও।
চুক্তি-সংবর্ধনা শেষে সংবাদ সম্মেলনে নেইমার বিশ্বজুড়ে তাঁর ভক্তদের দিয়েছেন সুখবর। জানিয়েছেন বিশ্বকাপ কেড়ে নেওয়া পিঠের চোট থেকে দ্রুতই সেরে উঠছেন। শতভাগ সুস্থ হয়ে শিগগিরই যোগ দেবেন বার্সেলোনা সতীর্থদের সঙ্গে, ‘আমার পিঠ এখন অনেকটা ভালো। সত্যি আমি সামনের মৌসুমের দিকে তাকিয়ে আছি।’ আরও একবার জানিয়ে দিলেন, ‘ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল ইউরোপে খেলা এবং যত বেশি সম্ভব শিরোপা জেতা।’
জাপানি মেয়েদের পছন্দ করেন কি না—এমন প্রশ্নের উত্তর, ‘জাপানি মেয়েরা সুন্দরী। কিন্তু আমি যেহেতু ব্রাজিলিয়ান, তাই ব্রাজিলিয়ান মেয়েই আমার পছন্দ।’ এএফপি।