টোগোর বাসে গুলি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাঙ্গোলায় আফ্রিকান নেশনস কাপ খেলতে যাওয়া টোগোর ফুটবলারদের বহনকারী বাসে গুলিবর্ষণ করা হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন টোগোর দুজন ফুটবলার এবং দলের গোলকিপিং কোচ ও ডাক্তার। ফুটবলার দুজন হলেন দলের গোলকিপার কোদজোভি ওবিলালে ও ডিফেন্ডার সার্গে আকাকপো।দুজন ফুটবলারের গুলি লাগার কথা নিশ্চিত করেছেন দলের আরেক ফুটবলার থমাস ডসেভি, ‘আকাকপোর গুলি লেগেছে পিঠে আর ওবিলালের কিডনিতে।’ নিজেদের গ্রুপ ম্যাচ খেলার জন্য টোগো দল যাচ্ছিল কাবিন্দা প্রদেশে। প্রদেশটি অ্যাঙ্গোলা থেকে বিচ্ছিন্ন। যেতে হয় কঙ্গো সীমানা পার হয়ে। স্বাধীনতার জন্য দীর্ঘদিন ধরে বিদ্রোহ চলছে কাবিন্দায়। তার পরও এখানে নেশনস কাপের সাতটি ম্যাচ রাখা হয়েছে। কঙ্গো সীমানা পার হওয়ার সময়ই মেশিনগান থেকে বাসে গুলি করা হয়। আয়োজকেরা প্রথমে বলেছিলেন, স্রেফ চাকা পাংচারের ঘটনা ঘটেছে। পরে আবার যোগাযোগ করা হলে তাঁরা ঘটনা এড়িয়ে যান। টোগোর ফুটবলাররা ঘোষণা দিয়েছেন, তাঁরা টুর্নামেন্ট বয়কট করবেন। আগামীকাল শুরু হতে যাওয়া টুর্নামেন্ট হবে কি না, শঙ্কা এখন তা নিয়েই। এএফপি।