টোফেলের শেষ দিন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ জানুয়ারি ১৯৯৯ থেকে ৭ অক্টোবর ২০১২। সাইমন টোফেলের এক যুগেরও বেশি সময়ের আন্তর্জাতিক আম্পায়ারিং ক্যারিয়ারের অবসান ঘটছে আজ।টোফেল-ভক্তরা তাঁদের প্রিয় এই আম্পায়ারকে ক্রিকেট মাঠে আজ শেষবারের মতো দেখতে পাবেন কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে।ঘোষণাটা আগেই দিয়েছিলেন টোফেল। গত ২৬ সেপ্টেম্বর আইসিসির এলিট প্যানেলের এই অস্ট্রেলীয় আম্পায়ার এক বিবৃতিতে জানিয়েছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপটাই তাঁর শেষ। আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং আর নয়। পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চান তিনি।আম্পায়ারিং থেকে অবশ্য খুব একটা দূরে যাচ্ছেন না টোফেল। ৪১ বছর বয়সী এই আম্পায়ার জানিয়েছেন, অবসরের পর আইসিসি আম্পায়ারদের পারফরম্যান্স ও প্রশিক্ষণ নিয়ে কাজ করবেন তিনি।দীর্ঘ আম্পায়ারিং ক্যারিয়ারে আনন্দ-বেদনা কত স্মৃতিরই না সাক্ষী হয়ে আছেন টোফেল। শিরোপা জয়ের আনন্দে মেতে ওঠার অনাবিল আনন্দ যেমন উপভোগ করেছেন, দেখেছেন শিরোপা খোয়ানোর বেদনায় কান্নায় ভেঙে পড়া ক্রিকেটারদেরও। রয়েছে পাকিস্তানের লাহোরে শ্রীলঙ্কান দলের ওপর সন্ত্রাসী হামলার ভয়াবহ স্মৃতিও। কলম্বোতে গতকাল শনিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসবের স্মৃতিচারণা করেছেন টোফেল।টোফেল জানান, মুম্বাইয়ে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার একটি টেস্টে ক্যারিয়ারে সবচেয়ে কঠিন সময় কেটেছে তাঁর। পেটের পীড়া নিয়েও পুরো পাঁচ দিন খেলা চালাতে হয়েছিল তাঁকে। ‘আমি ভালো বোধ করছিলাম না। মোহালিতে পেটের পীড়ায় আক্রান্ত হয়েছিলাম। মুম্বাই টেস্টটা শারীরিক দিক থেকে তো বটেই, মানসিকভাবেও আমার জন্য কঠিন ছিল।’ বলেছেন টোফেল।তিনি জানান, তাঁর দেখা সবচেয়ে উত্তেজনাকর ম্যাচ গত বছর মোহালিতে ভারত ও পাকিস্তানের মধ্যকার অনুষ্ঠিত বিশ্বকাপের সেমিফাইনাল। আইসিসির এলিট প্যানেলের এই আম্পায়ার বলেন, ‘দুই দেশের প্রধানমন্ত্রী মাঠে উপস্থিত ছিলেন। এটা শুধুই একটা ক্রিকেট ম্যাচ ছিল না। এর চেয়েও বেশি কিছু। আমি মনে করি, গত বছরের বিশ্বকাপে দুটি ফাইনাল ছিল—একটি সেমিফাইনাল, অন্যটি ফাইনাল।’২০০৯ সালে লাহোরে লঙ্কান দলের ওপর সন্ত্রাসী হামলার স্মৃতিচারণা করে টোফেল বলেন, ‘ওই দিনটা আমাকে মানসিকভাবে বদলে দিয়েছিল। সেদিন অনেক কিছুই শিখেছি। ওই ঘটনায় জীবনের মূল্য বুঝতে পারি আমি।’বিশ্বের অন্যতম সেরা আম্পায়ার হিসেবে বিবেচনা করা হয় সাইমন টোফেলকে। ২০০৪ থেকে ২০০৮ সাল—টানা পাঁচ বছর আইসিসির বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হন তিনি। এ পর্যন্ত ৭৪টি টেস্ট ও ১৭৪টি ওয়ানডে ম্যাচ পরিচালনা করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার টোফেলের অভিষেক ১৯৯৯ সালের ১৩ জানুয়ারি। সিডনিতে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে ম্যাচ দিয়ে। তাঁর বয়স তখন ২৮ বছর। টোফেল প্রথম টেস্ট ম্যাচে আম্পায়ারিং করেন ২০০০ সালের ডিসেম্বরে। মেলবোর্নে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার বক্সিং ডে টেস্টে। ২০০২ সালে আইসিসির এলিট প্যানেলের সদস্য নির্বাচিত হন অস্ট্রেলীয় এই আম্পায়ার। সূত্র: পিটিআই।