ট্যাক্সি চেপে অনুশীলনে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেক্সিকোর খেলোয়াড়দের ট্যাক্সিতে তোলা সেলফি
মেক্সিকোর খেলোয়াড়দের ট্যাক্সিতে তোলা সেলফি

ট্যাক্সি করে অনুশীলনের মাঠে! তা-ও আবার বিশ্বকাপের আসরে! অব্যবস্থাপনায় ঠাসা এবারের বিশ্বকাপে এমন ঘটনা ঘটবে, তাতে অবাক হওয়ার কিছুই নেই। কিন্তু আসর শুরু হতে না হতেই যে এই পরিস্থিতির উদ্ভব হবে, তা বোধ হয় ভাবেননি কেউই।
ঘটনার শিকার মেক্সিকো। গতকাল সকালে অনুশীলনে যাওয়ার জন্য হোটেলের লবিতে নেমে মেক্সিকান ফুটবলাররা জানতে পারলেন যে তাদের নির্ধারিত বাসটি হঠাত্ বিকল হয়ে গেছে। বিকল বাসের বিকল্পও রাখা হয়নি। সবাইকে মাঠে যেতে হবে অন্য উপায়ে। অগত্যা সবাই ব্যস্ত হয়ে গেলেন ট্যাক্সি ডাকতে। দেখতে দেখতে হোটেলের সামনের রাস্তায় ভরে গেল ট্যাক্সি-ক্যাবে। ২৩ জন ফুটবলার আর কোচিং স্টাফ মিলিয়ে মোট ৩০-৩২ জনের জন্য কয়টি ট্যাক্সি লেগেছে একবার ভেবে দেখুন! এর পাশাপাশি অনুশীলনে ব্যবহূত বল ও আনুষঙ্গিক জিনিসপত্র তো ছিলই।
বিষয়টি রসিকতার ছলেই নিয়েছেন মেক্সিকান ফুটবলাররা। বিশ্বকাপ শুরুর আগে ব্যাপারটি দারুণ মজার ব্যাপার হয়েই এসেছে তাঁদের জন্য। নিজের টুইটার অ্যাকাউন্টে মেক্সিকান অধিনায়ক রাফায়েল মার্কুয়েজ লিখেছেন, ‘হাহাহাহা...আমাদের বাস ফেঁসে গেছে।’ নিজেদের টুইটারে মার্কো ফাবিয়ান, হেক্টর হেরেরা, আরফ্রেদো তালাভেরার মতো ফুটবলাররা আনন্দের সঙ্গেই পোস্ট করেছেন ট্যাক্সিতে বসে তোলা দারুণ সব সেলফি। রয়টার্স।