ট্যাক্সিচালক ও ১০ ইসির গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাভিনের দেখি সব মুখস্থ! একনিঃশ্বাসে বলে গেলেন, সেন্ট কিটস দেশটা ২৭ মাইল লম্বা, ১৪ মাইল চওড়া। মোট আয়তন ২৩৮ বর্গকিলোমিটার। লোকসংখ্যা ১ লাখ ৮০ হাজারের মতো।
বিদেশে গেলে সাংবাদিকদের যাঁর সঙ্গে প্রথম পরিচয় ঘটে এবং পরে কাজে লাগুক না-লাগুক, যাঁর মোবাইল নম্বরটি সর্বপ্রথম নিজের মোবাইলে টুকে রাখা হয়, গ্যাভিন তাঁদেরই একজন প্রতিনিধি, মানে ট্যাক্সিচালক। পরশু সেন্ট লুসিয়ার জর্জ এফ এল চার্লস বিমানবন্দর থেকে তাঁর গাড়িতেই পাম হ্যাভেন হোটেলে এলাম।
ক্রিকেটার-ফুটবলাররা কত কিছুর শুভেচ্ছাদূত হন। আবার চলচ্চিত্রজগতেও দূতিয়ালি করার লোকের কমতি নেই। মোট কথা, দূত মানেই সেলিব্রিটি। আমার কেন জানি মনে হয়, একটা দেশের হয়ে বা একটা শহরের হয়ে দূতিয়ালির কাজটা সবচেয়ে ভালো করতে পারেন সেখানকার ট্যাক্সিচালকেরা।
শুধু সাংবাদিক নয়, বিদেশে গেলে যেকোনো মানুষই ওই দেশ সম্পর্কে প্রথম ধারণাটা পান বিমানবন্দর থেকে নেওয়া ট্যাক্সিচালকের কাছ থেকে। সবাই তো আর হোটেল বুক করে বিদেশে আসে না। ট্যাক্সিওয়ালা যদি বলেন অমুক হোটেলটা ভালো, তো অমুক হোটেলই সই। কোথায় ঘুরতে যাওয়া যায়, কোন রেস্টুরেন্টটা ভালো—সবকিছুতেই সবার আগে পরামর্শ নেওয়া হয় ট্যাক্সিচালকের কাছ থেকে। অবশ্য বাংলাদেশের ট্যাক্সিচালকদের ক্ষেত্রে অভিজ্ঞতাটা কেমন, সেটা বাংলাদেশে আসা বিদেশি অতিথিরাই ভালো বলতে পারবেন।
ক্রীড়া সাংবাদিকতার সুবাদে দশ-বারোটা দেশ ঘোরা হয়েছে। সব জায়গাতেই দেখেছি, একজন ট্যাক্সিচালক কীভাবে একটা শহরের ট্যুরিস্ট গাইড হয়ে ওঠেন, বিদেশি অতিথিদের কাছে রাষ্ট্রের দূতিয়ালি করেন। বেশি পেছনে ফিরে যাওয়ার দরকার নেই। এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরের অভিজ্ঞতা থেকেই দু-একজন ট্যাক্সিচালকের নাম বলছি।
সেন্ট ভিনসেন্টের চার্লস ক্রিসপিনের কথাই ধরুন। পোশাকে-আশাকে রীতিমতো ওপরতলার মানুষ। নিজের একটা মাইক্রোবাস আছে, সেটাই তাঁর ট্যাক্সি। সেন্ট ভিনসেন্টে যত দিন ছিলাম হোটেল থেকে মাঠে যাওয়া আসা, ডার্ক ভিউ ফলস কিংবা উইলিলাবোতে পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের শ্যুটিংয়ের সেট দেখতে যাওয়া—সবকিছুতেই সঙ্গী ক্রিসপিন। প্রতিটি জায়গা সম্পর্কে স্পষ্ট ধারণা তাঁর। সেন্ট ভিনসেন্টের ইতিহাস, সংস্কৃতি, পর্যটনসম্পর্কিত তথ্য, এমনকি কোথায় গেলে গ্রেনাডা থেকে নেওয়া সিম কার্ডেও সেন্ট ভিনসেন্ট থেকে টপ আপ করানো যাবে—কোনটা জানা নেই তাঁর!
সেন্ট লুসিয়ায় আসার আগের দিন আমরা ক্রিসপিনের গাড়িতে করে ডার্ক ভিউ ফলস আর পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের শুটিং স্পট দেখতে গেলাম। কোথাও কোনো গাইড লাগল না। ডার্ক ভিউ ফলসে তো গাড়ি থেকে নামার পর ক্রিসপিনই পাহাড়ি পথ দেখিয়ে নিয়ে গেলেন সমুদ্রপৃষ্ঠ থেকে ২২৯ ফুট উঁচুতে থাকা ঝরনার উৎস দেখাতে। তাঁর কাছ থেকে জানলাম এই ঝরনার উৎপত্তি রিচমন্ড নদী থেকে। আসা-যাওয়ার পথে আরও দু-একটা সরু পাথুরে নদী পড়ল। গাড়ি থামিয়ে থামিয়ে সেগুলোও আমাদের দেখালেন ক্রিসপিন, বর্ণনা দিলেন নদী সম্পর্কে। দূর থেকে দেখালেন সেন্ট ভিনসেন্টের বিখ্যাত সুপ্ত আগ্নেয়গিরি লা সুফরিয়ার ওপরে কীভাবে সব সময় মেঘ জমে থাকে। সমুদ্র আর পাহাড়ের দেশ সেন্ট ভিনসেন্টের সর্বোচ্চ শৃঙ্গও এটাই।
ডার্ক ভিউ ফলস থেকে গেলাম উইলিলাবোতে পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের শুটিং স্পট দেখতে। উইলিলাবোর সমুদ্রপাড়ে ওয়াল্ট ডিজনির বিখ্যাত চলচ্চিত্রের সেটটি এখনো অবিকল সিনেমার মতোই আছে। মুখোশ, কফিনসহ সিনেমায় ব্যবহৃত আরও অনেক কিছু মিলিয়ে একটা জাদুঘরের মতো করা হয়েছে সেখানে। সূর্যাস্ত দেখারও এক মনোরম জায়গা হতে পারে এটি। তা ছাড়া একটা সিনেমার শুটিং স্পট পর্যটকদের কতটা আকর্ষণ করলে শহর থেকে ট্যাক্সিতে ৪০ মিনিট দূরত্বের এই নির্জন জায়গাতেও গড়ে উঠতে পারে আবাসিক হোটেল, সেটাও উইলিলাবোতেই গিয়েই বুঝলাম। আসার পথে কিছু পাহাড় দেখালেন ক্রিসপিন। এসব পাহাড়েও নাকি পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের শুটিং হয়েছে।
ক্রিসপিনের মতো এ রকম কত ট্যাক্সিচালকের সঙ্গেই তো পরিচয় হলো। সেন্ট কিটসে প্রথম দিন গিয়ে মাঠে যাওয়ার জন্য সুগার বে রিসোর্ট থেকে ট্যাক্সি নিলাম। চালকের নামটা এ মুহূর্তে মনে আসছে না। সাংবাদিক, ক্রিকেট কাভার করতে এসেছি শুনে ইচ্ছে করেই তিনি আমাকে একটু ঘুরপথে মাঠে নিলেন। উদ্দেশ্য, পোর্ট জানটেতে নোঙর করা বিশালাকৃতির জাহাজ দেখানো। সেন্ট কিটসে এ রকম জাহাজ আরও দুবার আসতে দেখেছি, তবে বিশাল যাত্রীবাহী জাহাজ দেখার প্রথম অভিজ্ঞতাটা হলো ওই ট্যাক্সিচালকের কল্যাণে। ট্যাক্সি ভাড়া নেওয়ার সময়ও ভদ্রলোক আমাকে অবাক করলেন। ভাড়া ঠিক করেছিলাম ৩০ ইসি। কিন্তু মাঠে গিয়ে দেখলাম আমার কাছে ভাংতি আছে ২০ ইসি, বাকি সব ১০০ ইসির নোট। ১০০ ইসির ভাংতি আবার নেই ট্যাক্সিচালকের কাছে। অবশেষে তিনিই দিলেন সমাধান, ‘ঠিক আছে, ২০ ইসিই দিন। পরে আবার দেখা হলে বাকি ১০ ইসি দিয়ে দেবেন।’ আমি সবিস্ময়ে বললাম, ‘পরে আবার দেখা হবে সেটির নিশ্চয়তা কী!’ ট্যাক্সিচালক মুখে হাসি ফুটিয়ে বললেন, ‘দেখা না হলে বাকিটা আর দেওয়ার দরকার নেই।’
সেই ট্যাক্সিচালকের সঙ্গে আর দেখা হয়নি, দেওয়া হয়নি ১০ ইসিও। ক্যারিবিয়ান এই ‘দূতের’ কাছে বোধ হয় আজীবনের জন্যই ঋণী হয়ে গেলাম!