ট্যাক্সিচালক থেকে সেরা আম্পায়ার
টানা দ্বিতীয়বার হয়েছেন আইসিসির বর্ষসেরা আম্পায়ার। ব্যাঙ্গালোর থেকে ঢাকার বিমানে চেপে আলিম দারের মনে পড়ে যায় ফেলে আসা সেই দিনগুলোকে। সৃষ্টিকর্তাকে জানান কৃতজ্ঞতা। আর মনে মনে ধন্যবাদ জানান স্ত্রী ও প্রয়াত বাবাকে। এই দুজনের জন্যই আজ এত সম্মান, খ্যাতি। না হলে আইসিসির পুরস্কার নয়, আজ দারের হাতে থাকত স্টিয়ারিং। ক্রিকেট ম্যাচ নয়, দার হয়তো চালাতেন ট্যাক্সি ক্যাব!পুলিশ অফিসার বাবার ছেলে দার হয়েছিলেন ক্রিকেটার। ছিলেন লেগ স্পিনিং অলরাউন্ডার। কিন্তু খুব একটা সুবিধা করতে পারবেন না বুঝে ৩০ বছর বয়সেই সরে আসেন। কিন্তু এত ভালোবাসার খেলাটাকে তো আর পুরোপুরি ছাড়া যায় না, জড়িয়ে যান আম্পায়ারিংয়ে। ২০০০ সালে মাত্র ৩২ বছর বয়সে আম্পায়ারিংয়ে ওয়ানডে অভিষেকও হয়ে যায়। তবে বাস্তবের জমিনে নামতেও সময় লাগে না। পাকিস্তানে একটা ম্যাচে আম্পায়ারিং করে পাওয়া যায় সর্বোচ্চ মাত্র ৮ হাজার রুপি। এদিকে আইসিসি এলিট প্যানেলেও জায়গা হচ্ছিল না। হতাশ হয়ে ২০০৩ সালে চলে যান আমেরিকায়। শুরু করেন ট্যাক্সি চালানো।আয় ভালোই হচ্ছিল, কিন্তু মন ভরছিল না। মনজুড়ে যে শুধুই ক্রিকেট! উদাসীন দারের মনোজগৎ পড়ে ফেলতে অসুবিধা হয় না স্ত্রী নোশিহার। একদিন দেশে ফোন করে শ্বশুরকে সব জানান। বাবা মোহাম্মদ সারওয়ার এরপর দারকে ফোন করে বলেন দেশে ফিরে আসতে। আনন্দে মন নেচে ওঠে দারের, কিন্তু মুখে তখন বাস্তবতা, ‘কী বলেন বাবা, এখানে কম করে হলেও মাসে ৩ হাজার ডলার আয় হয়, এসব ছেড়ে চলে আসব?’ মনের চাহিদাই আসল—বাবার এই কথা শোনার পর আর দেরি করেননি, ফিরে আসেন পাকিস্তানে। দারের ক্রিকেট-প্রেম দেখে ক্রিকেট-বিধাতাও মুগ্ধ হয়ে যান। দেশে ফেরার মাস দুয়েকের মধ্যে ঢুকে যান এলিট প্যানেলে। এরপর শুধুই এগিয়ে যাওয়া।সাইমন টফেল না আলিম দার, কে সেরা—কয়েক বছর ধরে বিতর্ক এটা নিয়েই। টানা পাঁচবার আইসিসি পুরস্কার জিতে অনেকটাই এগিয়ে গেছেন টফেল। বারবার টফেলকে জিততে দেখে হতাশ লাগেনি? ‘সত্যি বলছি, না। জানতাম আমি তো খুব কাছাকাছিই আছি। এটাই তো অনেক’—দারের হাসি বলছিল এটা তাঁর মনের কথাই। টফেলকে অবশ্য তাঁর নিজেরও খুব পছন্দ। ‘আমাদের অনুসরণ করেই অনেক তরুণ আম্পায়ারিংয়ে ঝুঁকছে’—বললেন গর্বিত কণ্ঠে। তবে মানছেন পুরস্কারও বড় একটা ব্যাপার, ‘এটা বড় একটা স্বীকৃতি। আমার জন্য তো বটেই, দেশের জন্যও এটা বড় সম্মান। আমি সবার আগে পাকিস্তানি, তারপর আন্তর্জাতিক আম্পায়ার।’এত যাঁর দেশপ্রেম, স্বাভাবিকভাবেই দেশের ক্রিকেটের বর্তমান অবস্থা ব্যথিত করে তাঁকে। সাম্প্রতিক বিতর্ক নিয়ে জানিয়েছেন তাঁর অভিমতও, ‘অভিযোগ প্রমাণের আগে কাউকে দোষী বলা উচিত নয়। যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁদের বলা উচিত অভিযুক্ত। সবাই এমনভাবে বলাবলি করছে, যেন দোষ প্রমাণিত হয়ে গেছে।’ দেশের মাটিতে আম্পায়ারিং করতে পারছেন না, এটাও ভীষণই পোড়ায় দারকে।মনোযোগ দিয়ে আম্পায়ারিং করতে হয়, খেলা তাই খুব উপভোগ করা যায় না। তার পরও শচীন টেন্ডুলকার, জ্যাক ক্যালিসের ব্যাটিং মুগ্ধ হয়ে দেখেন, ভালো লাগত ব্রায়ান লারা, ইনজামাম-উল হককেও। মুগ্ধ হতেন শেন ওয়ার্ন, মুত্তিয়া মুরালিধরনের বোলিংয়ে। বড় বেশি ঝামেলায় ফেলতেন ওয়াসিম আকরাম, ‘বল নিয়ে এমন সব জাদু দেখাত, আম্পায়ারদের জন্য ওর বোলিং বোঝা ছিল খুব মুশকিল।’ সবচেয়ে ভালো আচরণের দল? ‘আইসিসি অ্যাওয়ার্ডেই তো পরিষ্কার, নিউজিল্যান্ড!’ ২০০৭ বিশ্বকাপের ফাইনালে প্রায় অন্ধকারে ম্যাচ চালিয়ে যাওয়ার বিতর্কিত অধ্যায়টা আর মনেই করতে চান না। তবে মন তাঁর উদার, সব ধরনের ক্রিকেটেই রেফারেল চালুর পক্ষে। ভুল সিদ্ধান্তের জন্য অবশ্য পরে কখনো ‘স্যরি’ বলেন না, শুধু ওই ক্রিকেটারকে বলেন ‘হার্ডলাক।’ভবিষ্যৎ স্বপ্ন খুব সাধারণ, মানটা ধরে রাখতে চান, দেশকে করতে চান গর্বিত। তাঁকে নিয়ে গর্ব পাকিস্তান করতেই পারে। পাকিস্তান ক্রিকেটের সেরা দূত বলা যায় এখন আলিম দারকেই!