ট্রটকে ওয়ার্নারের শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারও মনে দুঃখ দিয়ো না, করো বরং হাজার পাপ! কিন্তু না জেনেই হয়তো জোনাথন ট্রটকে কিছুটা দুঃখ দিয়েছেন ডেভিড ওয়ার্নার। অজ্ঞাতে হয়ে যাওয়া ভুলের জন্য এখন কি কিছুটা অনুতপ্ত ওয়ার্নার? হ্যাঁ, তা-ই। অন্তত অস্ট্রেলিয়ান ওপেনারের কথা শুনে সেটাই মনে হচ্ছে। মানসিক অবসাদজনিত রোগে আক্রান্ত ট্রটকে কথার বাণে বিদ্ধ করেছিলেন যে ওয়ার্নার, সেই মানুষটাই এখন ট্রটের সুস্থতার জন্য জানিয়েছেন শুভকামনা।
ব্রিসবেনে ট্রটকে অস্ট্রেলিয়ান পেসারদের শর্ট বলে বিপর্যস্ত হতে দেখে টিপ্পনী কেটেছিলেন ওয়ার্নার। বিতর্কের ঝড় তুলেছিলেন প্রকাশ্যেই ট্রটকে ফাস্ট বোলিংয়ে ‘ভীত’ বলে। দ্বিতীয় ইনিংসে মিচেল জনসনের বলে যেভাবে আউট হয়েছিলেন ট্রট সেটা নাকি ‘দুর্বল আর নড়বড়ে’ ব্যাটিংয়ের নমুনা! তখন অবশ্য ওয়ার্নার জানতেন না ভেতরে ভেতরে মানসিক অবসাদ ঘিরে ধরেছে ট্রটকে। ইংলিশ ব্যাটসম্যান মানসিকভাবে কতটা দুঃসহ দিন কাটাচ্ছেন সেটা ওয়ার্নার বুঝতে পারলেন তাঁর দেশে ফিরে যাওয়ার পর।
ব্রিটিশ সংবাদমাধ্যমও ট্রটকে মানসিকভাবে আঘাত দেওয়ার জন্য কাঠগড়ায় দাঁড় করায় ওয়ার্নারকে। তবে দেরিতে হলেও এ নিয়ে মুখ খুলেছেন ওয়ার্নার। ট্রটের মানসিক অবস্থাটা না জেনেই নাকি ওই সময় তাঁকে খেপিয়েছেন বলে অনুতপ্ত ওয়ার্নার, ‘ওর ভেতরে কী চলছে, ও অসুস্থ কি না এসবের কিছুই আমরা জানতাম না।’ পরিস্থিতি বোঝার পর তাই ট্রটকে শুভকামনা জানাতে কুণ্ঠিত হননি ওয়ার্নার, ‘কাউকে এ রকম পরিস্থিতির মধ্য দিয়ে যেতে দেখা খুবই দুঃখজনক। ও যদি অসুস্থ হয়ে থাকে তাহলে আমি আশা করব সে সাহায্যের জন্য সঠিক মানুষটা খুঁজে পাবে। আমি তাকে শুভকামনা জানাই, আমার দলের শুভকামনা রইল তার জন্য। আশা করি, সে খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে।’ প্রতিপক্ষ হলেও ব্যাটসম্যান ট্রটকে সমীহ করেন ওয়ার্নার, ‘আমরা সবাই জানি সে বিশ্বমানের একজন ব্যাটসম্যান। ওর টেস্ট গড় পঞ্চাশের মতো। সে অসাধারণ খেলে এবং ইংল্যান্ডের বড় ভরসা।’
ব্রিটিশ সংবাদমাধ্যমের কাছে দোষী হলেও ইংল্যান্ড দলের সঙ্গে সংশ্লিষ্ট কেউ অবশ্য ট্রটের মানসিক অবস্থার জন্য ওয়ার্নারকে দায়ী করেননি। ট্রটের দেশে ফিরে যাওয়ার পেছনে ওয়ার্নারের স্লেজিংয়ের ভূমিকা আছে বলে মনে করেন না ইংল্যান্ডের কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। তবে সংবাদমাধ্যমের কাছে প্রতিপক্ষ ক্রিকেটারকে নিয়ে মন্তব্য করতে গিয়ে ওয়ার্নার কিছুটা সীমা ছাড়িয়েছেন বলে মনে করেন ফ্লাওয়ার, ‘আমার মনে হয় এ ক্ষেত্রে সে খুব বড় একটা ভুল করেছে।’ এএফপি।