ট্রটের অপেক্ষায় কুক
অ্যাডিলেডে তিনি নেই। তাঁর জন্য পাঁচ টেস্টের অ্যাশেজই হয়তো শেষ হয়ে গেছে।
মানসিক অবসাদে আক্রান্ত জোনাথন ট্রটের আন্তর্জাতিক ক্যারিয়ার মার্কাস ট্রেসকোথিকের মতোই অকালে শেষ হয়ে যায় কি না, সংশয় আছে সেটি নিয়েই। কিন্তু নিজেদের প্রয়োজনটাই যেন তাঁর ফেরার ব্যাপারে বেশি আশাবাদী রাখছে ইংল্যান্ডকে। ব্যাটিং অর্ডারের তিন নম্বরে এই মুহূর্তে ট্রটের বিকল্প পাওয়া যে বেশ মুশকিল সেটা তো ভালোই জানেন অধিনায়ক অ্যালিস্টার কুক।
অপেক্ষা আছে। কিন্তু সেই অপেক্ষা আবার ট্রটের ওপর বাড়তি কোনো চাপ যাতে তৈরি না করে সে ব্যাপারেও সচেতন কুক, ‘ওকে ফিরে পেলে আমাদের ভালো লাগবে। কিন্তু তাকেও দেখাতে হবে যে সে প্রস্তুত। ওকে কোনো রকম চাপ দেওয়া চলবে না আমাদের। গুরুত্বপূর্ণ হচ্ছে ওকে কিছুটা সময় দেওয়া, আন্তর্জাতিক ক্রিকেটের চাপ থেকে দূরে থাকার সুযোগ করে দেওয়া। তারপর দেখা যাক কী হয়।’ মানসিক চাপ সামলাতে না পেরে ট্রটের দেশে ফিরে যাওয়াটা দলের বাকি সবার জন্যও একটা শিক্ষা বলে মনে করেন কুক, ‘বাস্তবজ্ঞান থাকাটা জরুরি। ট্রটি যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা দেখে আমরা সবাই কিছুটা হলেও সেটা পেয়েছি।’ কখনো এমন অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়নি বলে নিজেকে সৌভাগ্যবানও মনে করেন কুক, ‘ট্রটির মতো আমাকে এ রকম পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হয়নি। এদিক দিয়ে আমি ভাগ্যবান। খেলাটা কঠিন বলেই এর নাম টেস্ট ক্রিকেট। আমি ভাগ্যবান, মাঝে মাঝে আমি এমন একটা স্কোর করেছি যে সেটা আমার ওপর থাকা চাপ সরিয়ে দিয়েছে।’
যে মানসিক চাপ তাঁকে সহ্য করতে হয়নি সে চাপ সহ্য করে এর আগেও অনেকবার ইংল্যান্ডের হয়ে খেলে যাওয়া ট্রটকে শ্রদ্ধাই জানিয়েছেন কুক, ‘সে যেই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা ভয়ানক। এই সিরিজে গত দুই-তিন সপ্তাহে শুধু নয়, ক্যারিয়ারজুড়েই সে অনেকবার এমন ভুগেছে। আমি মনে করি, তার পরও ইংল্যান্ডের হয়ে পারফর্ম করে সে দারুণ দৃঢ়তা দেখিয়েছে।’ ৪৯ টেস্টে ৪৬.৪৫ গড়ে ৩ হাজার ৭৬৩ রান করা ট্রটের বিকল্প খুঁজে পাওয়া যে ইংল্যান্ডের জন্য খুব কঠিন সেটা মানছেন কুক, ‘ওর জায়গা নেওয়াটা খুব কঠিন। তিন নম্বরে ও আমাদের জন্য অসামান্য ছিল এবং বিস্ময়কর সব অবদান রেখেছে। এই বিশাল শূন্যতা পূরণে কাউকে এগিয়ে আসতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা।’ এএফপি।