ট্রটের আরেকটি ‘প্রথম’
এই ম্যাচের আগে বাংলাদেশ সফরটা জোনাথন ট্রটের জন্য ছিল বিনোদন-ভ্রমণের মতো। সেই শুরু থেকেই দলের সঙ্গে আছেন, কিন্তু খেলার সুযোগ হয়নি। পুরো ওয়ানডে সিরিজ, তার আগের দুটি প্রস্তুতি ম্যাচে পর্যন্ত জায়গা হয়নি দলে। সপ্তাহ দুয়েক দলের সঙ্গে ঘুরে বেড়ানোর পর অবশেষে সুযোগ মিলল, তাতেই ১৩৪ বলে ১০১। কোনো বোলার আউট করতে পারেননি, নিয়েছেন স্বেচ্ছা অবসর। বাংলাদেশের উইকেটের সঙ্গে প্রথম পরিচয়, কাজটা কিন্তু সহজ ছিল না। ট্রট বলতে পারেন, প্রথম বলেই তো পারলাম!প্রথমের সঙ্গে কী যে এক সখ্য জোনাথন ট্রটের! ইংল্যান্ডকে ঘর-বাড়ি বানানোর পর ওয়ারউইকশায়ারের দ্বিতীয় দলে সুযোগ পেয়ে প্রথম ম্যাচেই করেছিলেন ২৪৫। মূল দলের হয়ে কাউন্টিতে প্রথম ম্যাচ, এবার ১৩৪। ঘরোয়া টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে গড়লেন আদ্যন্ত ব্যাট করার কীর্তি। অ্যাশেজ নির্ধারণী টেস্টের মতো প্রচণ্ড চাপের ম্যাচে টেস্ট অভিষেক, তাতে কি, প্রথম তো! করলেন সেঞ্চুরি। বাংলাদেশে প্রথম ব্যাট হাতে নেমে সেঞ্চুরি করবেন, এতে আর অবাক হওয়ার কী আছে!বাইরে বসে থাকার সময়টাতেও যেন এই ‘প্রথম’-এর অপেক্ষাতেই ছিলেন, ‘দলে সুযোগ না পেলে কার না খারাপ লাগে! তবে আমি হতাশ হইনি। ইতিবাচক ছিলাম, জানতাম সুযোগ আসবেই। নেটে প্রচুর পরিশ্রম করেছি। তার পরও ম্যাচ সম্পূর্ণ ভিন্ন, প্রথম সুযোগেই দলের জন্য অবদান রাখতে পেরে ভালো লাগছে।’ তার সেঞ্চুরির টাইমিংটা আরেকটি দিক থেকেও তাত্পর্যপূর্ণ। কদিন আগেই সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন বলেছেন, ইংল্যান্ড দলে ১১ জন প্রকৃত ইংলিশ দেখতে চান তিনি। ভনের দাবির পক্ষে যুক্তিও আছে, ইংল্যান্ড দলটা ধীরে ধীরে হয়ে উঠছে বহুজাতিক কোম্পানির মতো। দক্ষিণ আফ্রিকান-আইরিশ-পাকিস্তানি-ক্যারিবিয়ান বংশোদ্ভূত ক্রিকেটারের ভিড়ে ইংলিশরাই সংখ্যালঘু! বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজেই তো শেষ দুই ম্যাচে ইংল্যান্ডের জয়ের নায়ক দুই ভিনদেশি, আইরিশ এউইন মরগান আর দক্ষিণ আফ্রিকান ক্রেইগ কিসওয়েটার। ইংলিশ ক্রিকেটের ভবিষ্যত্ও ধরা হচ্ছে এই দুজনকে।ভনের ওই মন্তব্যের পরদিনই সেঞ্চুরি করেছেন ক্রেইগ কিসওয়েটার, কাল করলেন ট্রট। দুজনই দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। ট্রট তো খেলেছেন ‘এ’ দলেও। এই ট্রটকে নিয়েই ভনের বেশি আপত্তি। তবে ভনের চাওয়া যে পালে হাওয়া পাবে না, এই দুই সেঞ্চুরিতেই যেন তা পরিষ্কার। এই সফরে রান পাচ্ছেন না, কিন্তু ইংল্যান্ডের সেরা ব্যাটসম্যান এখনো কেভিন পিটারসেন। এবং তিনিও যে অতিথি থেকেই ঘরের মানুষ, এটা তো সবারই জানা।ভন যাই বলুন, ট্রট কিন্তু ইংল্যান্ডকেই ধ্যান-জ্ঞান করছেন। প্রস্তুতি ম্যাচে মাইকেল কারবেরি ব্যর্থ আর তিনি সফল, ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট এখন ট্রটকে ওপেনিংয়ে খেলানোর চিন্তাভাবনাও করছে। ট্রটেরও কোনো আপত্তি নেই, ‘আসলে দলের প্রয়োজনটাই মুখ্য। দল যাকে প্রয়োজন মনে করে তাকেই খেলাবে, আমার কোনো অভিযোগ নেই। ইংল্যান্ডের জন্য আমি সব করতে রাজি, যেকোনো পজিশনে ব্যাট করতেও।’প্রস্তুতি ম্যাচে যেমন স্বচ্ছন্দে খেললেন, টেস্টেও বড় কিছু করে ফেললে অবাক হওয়ার কিছু থাকবে না। ভনদের দীর্ঘশ্বাসের মাঝে হয়তো এভাবেই তরতর করে এগিয়ে যাবেন ট্রটরা!