ট্রটের ওপর খেপেছেন গাভাস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সফরের প্রথম টেস্টে জনাথন ট্রটের আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার। আহমেদাবাদ টেস্টের প্রথম দিন মাটিতে পড়ে যাওয়া একটি ক্যাচ তুলে নিয়ে ট্রট যেভাবে আউটের আবেদন জানিয়েছেন, তাতে ক্রিকেটীয় ভব্যতায় আঘাত হানা হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক এই অধিনায়ক।আহমেদাবাদ টেস্টের প্রথম দিন ব্যক্তিগত ৪ রান নিয়ে ব্যাট করছিলেন বিরাট কোহলি। গ্রায়েম সোয়ানের বলে ব্যাটের কানায় লেগে বল চলে যায় প্রথম স্লিপে দাঁড়ানো জনাথন ট্রটের কাছে। প্রথমে ক্যাচটি ধরতে পারেননি ইংলিশ এই ক্রিকেটার; বল মাটিতে পড়ার পর সেটি তালুবন্দী করেন তিনি। তারপর সতীর্থদের সঙ্গে উল্লাসে মাতেন ট্রট। আবেদন জানাতে থাকেন আউটের। বল মাটিতে পড়ে গেছে, এটা নিশ্চিত জানার পরও তাঁর এ ধরনের আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সুনীল গাভাস্কার। তিনি বলেছেন, ‘এটা খুবই স্পষ্ট যে, এ ধরনের আচরণের মাধ্যমে ক্রিকেটীয় ভব্যতা ক্ষুণ্ন করা হয়েছে। আমার মনে হয়, এ জন্য ট্রটের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার।’অতীতের উদাহরণ টেনে সুনীল গাভাস্কার বলেন, এমন কোনো ঘটনা ইংল্যান্ডের বিপক্ষে ঘটলে তোলপাড় পড়ে যেত ব্রিটিশ গণমাধ্যমে। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে এমন একটি আচরণ করে চরম সমালোচনার শিকার হতে হয়েছিল পাকিস্তানের এক উইকেটরক্ষককে। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাত্কারে গাভাস্কার বলেছেন, ‘এর আগে ইয়ান বোথামের একটি ক্যাচের জন্য এভাবেই আবেদন জানিয়েছিলেন পাকিস্তানের এক উইকেটরক্ষক। সেটাও একই ধরনের পরিস্থিতি ছিল। আর তখন ইংলিশ গণমাধ্যম সেই পাকিস্তানি ক্রিকেটারকে সমালোচনার বাণে জর্জরিত করেছিল। আমি জানি না, এখন তারা এ বিষয়ে কী লিখছেন। কিন্তু আমার মনে হয়, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত।’ গাভাস্কার আরও বলেছেন, ‘যদি ট্রট বলত যে, সে জানে না কী ঘটেছে, তাহলে সেটা একটা ভিন্ন পরিস্থিতি। কিন্তু সে এখানে উইকেট পতনের উল্লাসও শুরু করে দিয়েছিল সতীর্থদের সঙ্গে। তার মানে, সে নিশ্চিত ছিল যে এটা একটা ক্যাচ।’