ট্রটের দিনে উজ্জ্বল শাহাদাতও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনশেষে কোনটা এগিয়ে থাকল? জোনাথন ট্রটের ডাবল সেঞ্চুরি, নাকি শাহাদাত হোসেনের ৫ উইকেট! লর্ডসের অনার্স বোর্ডের কাছে দুটোই সমান। সেঞ্চুরি করে অনার্স বোর্ডে আগের দিনই নাম তুলেছেন ট্রট। কাল ৯৮ রানে ৫ উইকেট নিয়ে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সেখানে ঠাঁই পেলেন শাহাদাত হোসেনও।অনার্স বোর্ড যেমন দুজনকে সমান মর্যাদা দিয়েছে, লর্ডস টেস্টের প্রথম ইনিংসে যাঁর যাঁর দলের হয়েও সমান আলো ছড়িয়েছেন ট্রট-শাহাদাত। ইংল্যান্ডের ৫০৫ রানের ইনিংসে ট্রটের ২২৬ রানের ইনিংসটাই মেরুদণ্ড। আর প্রথম দিনে ৪ উইকেটে ৩৬২ রান তোলা ইংল্যান্ডকে কাল ৫০৫ রানেই আটকানো গেল শাহাদাতের ৫ উইকেট পাওয়ার কৃতিত্বে। এ রিপোর্ট লেখার সময় অবশ্য রানের ব্যবধানটা কমে এসেছে কিছুটা। তামিম ইকবালের উইকেটটি হারিয়ে ১১৭ রান বাংলাদেশের, ইংল্যান্ডের প্রথম ইনিংসের সংগ্রহ তখনো ৩৮৮ রান দূরে।আগের দিন অ্যালিস্টার কুকের উইকেট নিয়ে শাহাদাতই প্রথম আঘাত হেনেছিলেন ইংল্যান্ডের ইনিংসে। কিন্তু ট্রট প্রতিরোধের দেয়াল গড়ে এমনভাবেই দাঁড়িয়ে গেলেন যে ইংল্যান্ডের ৪ উইকেটের বেশি পড়ল না। দিনশেষে কোচ জেমি সিডন্সের রাগ গিয়ে পড়ল বাংলাদেশের পেসারদের ওপর। বোলাররা ঠিক জায়গায় বল ফেলতে ব্যর্থ হওয়াতেই নাকি আর উইকেট ফেলা যায়নি ইংল্যান্ডের। তবে কাল জায়গামতো বল ফেলার কাজে দারুণ সফল শাহাদাত। মরগানকে কট বিহাইন্ড করে দিনের তৃতীয় ওভারে প্রথম ব্রেক থ্রোটা তাঁরই দেওয়া। ট্রট-মরগান মিলে অবশ্য এর আগেই পঞ্চম উইকেট জুটিতে করে ফেলেছেন ১১২ রান। তবে শাহাদাতের সামনে ট্রট ছাড়া ইংল্যান্ডের বাকি সবাই থাকলেন নিষ্প্রভ হয়ে। দলকে ৪৭৮ রানে পৌঁছে দিয়ে ডাবল সেঞ্চুরিয়ান ট্রটও শেষ পর্যন্ত গালিতে ইমরুলের ক্যাচ হয়েছেন শাহাদাতের বলেই। ক্যারিয়ারে চতুর্থবারের মতো পাওয়া ৫ উইকেটে বাংলাদেশের এই পেসার ফিরিয়েছেন টিম ব্রেসনান আর জেমস অ্যান্ডারসনকেও।বল হাতে শাহাদাতের ঔজ্জ্বল্যের পর ব্যাট হাতে তামিমও বেশ আলো ছড়াচ্ছিলেন। ইমরুল কায়েসের সঙ্গে ওপেনিং জুটিতে দারুণ সূচনা—লাঞ্চের পর ব্যাট করতে নেমে চা-বিরতির আগেই দুজনে তুলে ফেলেন ৬৭ রান। সেঞ্চুরি করে অনার্স বোর্ডে নাম ওঠানোর স্বপ্ন এই ইনিংসেই পূরণ না হলেও তামিমের সান্ত্বনা, বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে লর্ডসে ফিফটি করার কীর্তিটা তো হলো! ৮ বাউন্ডারিতে ৫৫ রানের ইনিংস খেলে রান আউট হয়ে ফিরেছেন এই ওপেনার। তা ছাড়া তামিম যে কাল ব্যাট করতে পেরেছেন, সেটাও তো অনেক। নইলে ফিল্ডিংয়ের সময় মিড উইকেট বাউন্ডারিতে ডাইভ দিয়ে হাতে ব্যথা পেয়ে যেভাবে মাঠ ছেড়েছিলেন, তাতে মনে হচ্ছিল তাঁর জন্য সিরিজটাই বুঝি শেষ! পরে অবশ্য জানা গেল ব্যথাটা গুরুতর নয়, নয় আগের চোটের জায়গাতেও। লাঞ্চের পর তাই ফিল্ডিংও করেছেন তামিম।৮৮ রানের ওপেনিং জুটিতে শুরুটা মোটামুটি ভালো হওয়ার পর আরেক ওপেনার ইমরুলের সঙ্গে সেই ভালোটা ধরে রাখার কাজ করছিলেন জুনায়েদ সিদ্দিক। ইমরুল ৪২ ও জুনায়েদ ১৬ রান নিয়ে খেলছিলেন। দিনের বাকি সময়টা যদি কাটিয়ে দিতে পারেন এই দুজন, বাংলাদেশের জন্য স্মরণীয়ই হয়ে থাকবে লর্ডস টেস্টের দ্বিতীয় দিনটা।