ট্রটের পাশে ট্রেসকোথিক

মানসিক অবসাদজনিত অসুস্থতা। রোগটা কত ভয়ংকর হতে পারে, তা মার্কাস ট্রেসকোথিকের চেয়ে ভালো আর কে জানে! নিজেও এটার শিকার হয়েছিলেন বলেই জোনাথন ট্রটের ভেতরটা এখন সবচেয়ে ভালো পড়তে পারছেন সাবেক ইংলিশ ওপেনার। ট্রটের প্রতি সহানুভূতি জানিয়ে তাই তাঁকে সাহায্য করতেও প্রস্তুত ট্রেসকোথিক। না জেনে ট্রটকে কথার তিরে বিদ্ধ করেছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারও। প্রতিপক্ষের জন্য এখন সমবেদনা তাঁর কণ্ঠেও।
মানসিক অবসাদজনিত কারণে গত নভেম্বরে ব্রিসবেনে অ্যাশেজের প্রথম টেস্টের পরই দেশে ফিরে গিয়েছিলেন ট্রট। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তখন আনুষ্ঠানিক কারণ উল্লেখ করেছিল ‘চাপজনিত অসুস্থতা’। কিছুদিন আগে অবশ্য ব্রিটিশ একটি টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে ট্রট নিজেই স্বীকার করেছেন, মানসিক ‘বার্ন আউট’ হয়েছে তাঁর। প্রায় চার মাসের বিরতি এবং মনোবিদের পরামর্শে অনেকটাই সুস্থ বোধ করছিলেন। আবারও পুরোদমে ক্রিকেটে ফেরার ইচ্ছা নিয়ে গত সপ্তাহে খেললেন ওয়ারউইকশায়ারের হয়ে কাউন্টির একটা ম্যাচেও। ওই ম্যাচেই বুঝতে পারলেন, অসুস্থতাটা পুরোপুরি সারেনি তাঁর। ফলাফল, আবার ক্রিকেট থেকে দূরে!
এই রোগে আক্রান্ত হয়েই ২০০৬-০৭ অ্যাশেজ সফর থেকে ফিরে গিয়েছিলেন ট্রেসকোথিকও। ৩০ পেরোনোর আগেই তাঁকে আন্তর্জাতিক ক্রিকেটও ছাড়তে হয়েছে এ কারণেই। উত্তরসূরির জন্য তাই সহানুভূতি তাঁর কণ্ঠে, ‘আমি ওর সঙ্গে কয়েকবার কথা বলেছি। একই অভিজ্ঞতা হয়েছিল আমারও। আমিও এভাবেই অস্ট্রেলিয়া থেকে ফিরেছিলাম। ও সেই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং ওর জন্য সময়টা খুব কঠিন, এটাও আমাদের বুঝতে হবে। তবে তাকেই এর সমাধান খুঁজে বের করতে হবে।’ এই সমাধান খোঁজার পথে ট্রটকে সাহায্য করতে চান ট্রেসকোথিক, ‘আমি বুঝি, এই সময়ে কেমন লাগে। খেলার মাঠে হোক কিংবা অন্য কোথাও, যখনই আমাদের দেখা হয়, আমরা এটা নিয়ে কথা বলি। আমি ওকে সাহায্য করতে পারি, হয়তো আমরা দুজনই দুজনকে সাহায্য করতে পারব। দেখা যাক কী হয় এবং তার কতটুকু কাজে লাগে।’
এভাবে অ্যাশেজের মাঝপথে দেশে ফিরে যাওয়ায় ট্রটকে মানসিকভাবে দুর্বল বলে সমালোচনা করেছিলেন অনেকে। আবার সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন বলেছিলেন, সমস্যা যতটা না মানসিক, তার চেয়ে বেশি ব্যাটিং টেকনিকের। ব্রিসবেন টেস্টের পর অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার তো প্রকাশ্যেই ট্রটকে ফাস্ট বোলিংয়ে ‘ভীতসন্ত্রস্ত’ বলে বিতর্কের ঝড় তুলেছিলেন। তবে পরে পুরো ব্যাপারটা জানতে পেরে এখন তিনিও দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ইংলিশ ব্যাটসম্যানের পাশে দাঁড়িয়েছেন, ‘গত বছর তার সঙ্গে যা হয়েছে এবং সম্প্রতি এক সাক্ষাৎকারে সে যা বলেছে, তাতেই বোঝা যাচ্ছে যে ও সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। আমি তাকে শুভকামনা জানাই এবং আশা করি সে এই দুঃসময় উতরে যাবে এবং আবার মাঠে ফিরবে। যদি ফিরতে না পারে, তবে তার ভবিষ্যৎ উদ্যোগের জন্যও শুভকামনা রইল।’
ট্রটের মানসিক সমস্যার কথা না জেনেই তখন ওরকম মন্তব্য করেছেন বলে স্বীকার করেছেন ওয়ার্নার, ‘আমি জানতাম না ও সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। হয়তো তখনকার মন্তব্যটা তাই অসংযমী হয়ে গিয়েছিল।’ এএফপি, ওয়েবসাইট।