ট্রটের সহমর্মী জনসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এ রকম মানসিক অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছিল তাঁকেও। জোনাথন ট্রটের মতো এত খারাপ অবস্থা হয়নি, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের চাপ যে কত ভয়ংকর, সেটা মিচেল জনসন ভালোই জানেন। চাপ সইতে না পেরে ট্রটের দেশে ফিরে যাওয়া যেন জনসনকে অনেক দিন পর সেই স্মৃতিটাই ফিরিয়ে দিল। কিছুটা হলেও তিনি অনুমান করতে পারছেন ট্রটের মানসিক অবস্থা। প্রতিপক্ষ হয়েও ইংলিশ ব্যাটসম্যানের জন্য তাই সহমর্মিতা জানালেন অস্ট্রেলিয়ান পেসার।
মানসিক অবসাদে আক্রান্ত হয়ে দেশে ফিরে গেছেন ট্রট। আনুষ্ঠানিকভাবে ইংল্যান্ড দলের পক্ষ থেকে বলা হয়েছে ‘চাপজনিত অসুস্থতা’। ব্রিসবেন টেস্টে জনসনের বাউন্সারে ট্রটকে নাস্তানাবুদ হতে দেখে তাঁকে ‘ফাস্ট বোলিংয়ের বিপক্ষে ভীত’ মন্তব্য করে ঝড় তুলেছিলেন ডেভিড ওয়ার্নার। ট্রটের অমন অবস্থার কারণ তো জানা গেল পরে। সেটি জানার পর তাঁর প্রতি সহমর্মিতা জানানোর পাশাপাশি নিজেরও প্রায় একই রকম অভিজ্ঞতার স্মৃতিচারণা করেছেন জনসন। বছর দুয়েক আগে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরপর দুটি সিরিজে খারাপ করার (৫ টেস্টে ৯ উইকেট) ওই সময়টায় এমনকি ক্রিকেট ছেড়ে দেওয়ার কথাও ভাবছিলেন জনসন! ভাগ্যিস, ওই সময়ই পায়ের আঙুলে চোট পেয়ে মাস ছয়েকের জন্য ছিটকে যেতে হয় তাঁকে। সময়টা মিচেল জনসন কাজে লাগিয়েছিলেন মানসিক পুনর্বাসনে। চাপ সইতে না পেরে দেশে ফিরে যাওয়া ট্রটকে তাই সমবেদনা জানিয়েছেন জনসন, ‘আমি খবরটা শুনেই একটা ধাক্কা খেয়েছি। কখনো কখনো খুব কঠিন সময় আসে মানুষের জীবনে। একটা নির্দিষ্ট ব্যাপার নিয়ে ভাবনার বদলে আমরা ছোটখাটো অনেক বিষয় নিয়ে ভাবনা শুরু করি। মনে হচ্ছে এই মুহূর্তে সে-ও ওইভাবেই ভাবছে। ওর কিছুদিন খেলা থেকে দূরে থাকা দরকার।’ বিরতিটা কাজে লাগিয়ে ট্রটকে আবারও আগের রূপে মাঠে ফেরার শুভকামনাও জানালেন ব্রিসবেনে দুই ইনিংসেই তাঁর উইকেট নেওয়া জনসন, ‘আমি চোটের সময়টা কাজে লাগিয়ে মানসিকভাবে ফুরফুরে হয়ে আবারও ফিরেছিলাম। ট্রটের জন্য শুভকামনা রইল। আশা করছি, হয়তো এই সিরিজের শেষ দিকে কিংবা অন্য কোনো সিরিজে সে ফিরে আসবে। ও ইংল্যান্ডের জন্য দারুণ এক ক্রিকেটার এবং এত দিন অসাধারণ খেলেছে।’
স্লেজিং নিয়ে তপ্ত হয়ে ওঠা অ্যাশেজে প্রতিপক্ষের জন্য জনসনের সহমর্মিতা কিছুটা হলেও স্বস্তির বাতাস ছড়িয়ে দেবে। তবে সেটা মাঠের বাইরে। মাঠে প্রতিপক্ষকে একবিন্দু ছাড় দিতে রাজি নন জনসন, ‘ওর (ট্রটের) জন্য আমাদের সহমর্মিতা আছে, কিন্তু মাঠে আমরা কঠিন ক্রিকেটই খেলব।’ এএফপি।