ট্রফি নিয়ে মেসিদের ফেরা
গাঢ় লাল আর নীল—বার্সেলোনার রঙে সাজানো বিমানটি এল প্রাট বিমানবন্দরে যখন নামে, বার্সেলোনায় তখন বিকেল। হেলে পড়া সূর্যের সোনা রোদের রংটা আরও উজ্জ্বল হয়ে উঠেছে। মেসি, জাভি, ইনিয়েস্তা, ভিয়া—বিমান থেকে একেক করে বেরিয়ে এলেন বার্সা-বীরেরা। পুরো বিমানবন্দরটাই যেন ভরে গেল সোনালি আভায়। বার্সেলোনার বীরদের নামে ধ্বনি উঠল—চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন। ইউরোপ জয় করে পরশু বিকেলে এভাবেই বীরের বেশে ফিরেছে বার্সেলোনা দল। পিকে-পেদ্রোরা যেভাবে ইউরোপ জয় করেছেন, তাতে কি এটুকু আনুষ্ঠানিকতাতেই সব শেষ হয়ে যায়! বিমান থেকে নেমে বার্সেলোনার রঙে সাজানো ছাদখোলা বাসে উঠল পুরো বার্সা দল। সমর্থকদের ভিড় ঠেলে ঠেলে শহর প্রদক্ষিণ করল গার্দিওলাদের বাস।চারদিকে ‘চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন’ ধ্বনি। ঘুরে ঘুরে বাসটা যখন শহরের প্রাণকেন্দ্রে কলম্বাসের মূর্তি পেরিয়ে গেল, এ হাত-ও হাত ঘোরা ট্রফিটাও ততক্ষণে পৌঁছে গেছে লিওনেল মেসির হাতে। অমনি দুই পাশে জড়ো হওয়া সমর্থকদের মধ্য থেকে ধ্বনি আসে—মেসি, মেসি।মানুষের ভালোবাসায় সিক্ত হতে হতে মেসিরা যখন ন্যু ক্যাম্পে পৌঁছায়, শহরে তখন সন্ধ্যা নামে নামে। গোধূলির মায়াবি আলোয় কনফেত্তি উড়ছে, বাজছে বাজনা আর চারদিকে জয়ধ্বনি। একেক করে মাঠের মাঝখানে গিয়ে দাঁড়ান বার্সেলোনার খেলোয়াড়েরা। সবার শেষে ট্রফি নিয়ে মাঠে আসেন কোচ পেপ গার্দিওলা আর তাঁর সহকারী টিটো ভিলানোভা। শেষ বেলার রোদে ঝিকমিক করে ওঠে ট্রফিটা। যেন এটা ট্রফি নয়, স্বর্ণবিন্দু! প্রায় ১ লাখ মানুষ সুর তোলে—চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন। আমরা চ্যাম্পিয়ন।মাস দুই আগে যকৃতের টিউমার অপসারণ করা এরিক আবিদাল মাঠে ফেরার পর ওয়েম্বলি ফাইনালেই খেলেছেন পুরো ৯০ মিনিট। অধিনায়ক কার্লোস পুয়োল মৃত্যুঞ্জয়ী আবিদালকে আর্মব্যান্ড পরিয়ে দিয়ে ট্রফি গ্রহণ করতে বলেছেন ফাইনাল শেষে। আবিদাল মাইক্রোফোন হাতে নিয়ে ধন্যবাদ জানিয়েছেন অধিনায়ককে, ‘আমার ক্যারিয়ারের সেরা দিন ছিল এটি। এমন সৌজন্য দেখানোয় অধিনায়ককে ধন্যবাদ।’জেরার্ড পিকে মাইক্রোফোন হাতে নিয়ে আবির্ভূত হন ডিফেন্ডারসুলভ চেহারায়। এই আনন্দের দিনেও তিনি একদিকে বার্সেলোনার ভাবমূর্তির রক্ষণ নেতাই হয়ে ওঠেন। রিয়াল মাদ্রিদকে খোঁচা দিয়ে বলেছেন, ‘আমরা ড্রাগ নিই না। আমরা ডাইভ দিই না। রেফারিও কিনি না আমরা। আমরা শুধু ফুটবল খেলি।’এরপর এলেন সবচেয়ে কাঙ্ক্ষিত চরিত্র মেসি। স্বল্পভাষী মেসি মৃদুভাষায় শুনিয়েছেন উদ্যাপন আর উপভোগের মন্ত্র, ‘আসলে আমার কিছুই বলার নেই। সরল ভাষায় আমি সবাইকে সবকিছু উপভোগ করতে বলব। সবাইকে ধন্যবাদ। আশা করছি, আমরা আরও অনেক কিছু উপভোগ করতে পারব।’ এএফপি।