জাতীয় দলের কোচ হওয়ার পর থেকেই ডিয়েগো ম্যারাডোনা খোলাখুলিই বলেছেন, হাভিয়ের মাচেরানোর ফুটবল প্রজ্ঞায় তাঁর কতটা সমীহ, কতটা আস্থা। সেই মাচেরানো এবার বিশ্বকাপে যাচ্ছেন শিরোপা-স্বপ্ন নিয়ে। এ সাক্ষাৎকারে অবশ্য উঠে এল আরও অনেক প্রসঙ্গই হাভিয়ের, লিভারপুলে তো অনেক দিন হলো। কেমন লাগছে?হাভিয়ের মাচেরানো: দুর্দান্ত এবং এক কথা বারবার বলাতেও আমার কোনো ক্লান্তি নেই। তারা আমাকে আর আমার পরিবারকে প্রথম দিন থেকেই বরণ করে নিয়েছে। আমার কোনো অভিযোগ নেই। লিভারপুল শহরটাও দারুণ। এই শহরের কোন জিনিসটি আপনার সবচেয়ে ভালো লাগে?মাচেরানো: অবশ্যই ফুটবল খেলা (হাসি)। এখানে বেশ ভালোই থিতু হয়েছেন। আর্জেন্টিনাকে মিস করেন না?মাচেরানো: অবশ্যই করি। পাঁচ বছর হয়ে গেল দেশ ছেড়েছি। সব সময়ই নিজের দেশটাকে মিস করি। স্মৃতিকাতর হয়ে পড়ি। অবশ্য ধীরে ধীরে অভ্যস্ত হতে শুরু করেছি। তার পরও ম্যাচ সূচি যখন হাতে পাই, খুঁজে বের করি মৌসুম শেষ হচ্ছে কখন, কখন আমি দেশে ফেরার বিমানে টিকিট বুকিং দিতে পারব। আপনি কি দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন, নাকি ইউরোপে আরও কিছুদিন খেলার ইচ্ছে আছে?মাচেরানো: ভবিষ্যতের কথা কে বলতে পারে! আমি তো আর এখানে চিরদিনের মতো থেকে যেতে পারি না। এ মুহূর্তে আমার পরিকল্পনা হলো আরও তিন-চার বছর শীর্ষ পর্যায়ে খেলে দেশে ফেরা। আর্জেন্টাইন ফুটবলও চার-পাঁচ বছর উপভোগ করার ইচ্ছে আছে আমার। এবং সেটা আমি রিভারের (প্লেট) হয়েই করতে চাই। ওরাই তো আমাকে এত কিছু দিয়েছে। লিভারপুল দলে তো স্পেন-আর্জেন্টিনার অনেকেই আছে। সবচেয়ে ভালো ইংরেজি বলতে পারে কে?মাচেরানো: অবশ্য কোচ (হাসি)। তিনি তো এখানে অনেক দিন ধরেই আছেন। অন্য সবার চেয়ে ইংরেজিটা উনিই সবচেয়ে ভালো বলেন। খেলোয়াড়দের মধ্যে পেপে (রেইনা) সবচেয়ে আত্মবিশ্বাসী ঢঙে ইংরেজি বলে। নিজেদের মধ্যে আমরা স্প্যানিশ ভাষাতেই কথা বলি। ড্রেসিংরুমে কিংবা অন্যের সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজে অবশ্য ইংরেজিই চলে। সবচেয়ে বাজে ইংরেজি কার?মাচেরানো: ম্যাক্সি রদ্রিগেজের (হাসি)। আহা বেচারা! ও মাত্রই কয়েক মাস আগে এসেছে। ও চেষ্টা করে যাচ্ছে, কিন্তু শেখাটা এত সহজ নয়। আমরা সবাই মিলে অবশ্য ওকে সাহায্য করছি। এবার জাতীয় দল প্রসঙ্গে যাওয়া যাক। জার্মানির বিপক্ষে জেতার পর প্রত্যাশার যে পরিবর্তন, এতে আপনি কি বিস্মিত?মাচেরানো: না, মোটেও না। ফুটবলে ফলাফলটাই শেষ কথা। জিতলে আপনিই সেরা, হারলে আপনিই সবচেয়ে জঘন্য। তবে আমার দৃষ্টিতে এটা মোটেও ভালো নয়। আমাদের কিছু উঁচু মাপের খেলোয়াড় আছে যারা এখন দারুণ ফর্মে। আমাদের জন্য চ্যালেঞ্জটা হলো ক্লাবের এই ফর্মটা জাতীয় দলে রূপান্তরিত করা, যেটা বাছাইপর্বে আমরা করে দেখাতে পারি না। বলা হয়, বিশ্বকাপে ফেবারিট তকমা নিয়ে যাওয়ার চেয়ে না যাওয়াই ভালো। আপনার কী মত?মাচেরানো: পণ্ডিতেরা কে কী বলল শেষ পর্যন্ত তাতে কিছুই এসে-যায় না। গুরুত্বপূর্ণ হলো ওই একটা মাসে আপনি কী করছেন। স্পেন আর ব্রাজিল বাকি দলগুলোর চেয়ে এগিয়ে থাকছে, কারণ গত কয়েক বছরে ওরা শিরোপা জিতেছে। কিন্তু আমার অভিজ্ঞতা বলছে, বিশ্বকাপে সেই দলটাই শিরোপা জেতে, প্রতিটি ম্যাচেই যারা উন্নতি করে। ২০০৬ সালে ইতালি কিন্তু সেভাবে ঔজ্জ্বল্য ছড়ায়নি, ২০০২ সালে ব্রাজিলও কিন্তু অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেছে। ১৯৯৮ বিশ্বকাপে ফ্রান্সের পর্তুগালের বিপক্ষে গোল্ডেন গোলের সৌভাগ্যের ছোঁয়া পেয়েছিল। আমাদের এখন অপেক্ষা করতে হবে এবার কী ঘটে সেটা দেখার জন্য। প্রশংসা পেলে একটু কি বিব্রত বোধ করেন?মাচেরানো: প্রশংসা করলে আমি বরং গর্ব বোধ করি। বিশেষ করে সেই প্রশংসা যখন আসে কোচদের কাছ থেকে। যার মানে, আমি একজন দারুণ পেশাদার, বাকি সবার মতোই যার উত্থান-পতন স্বাভাবিক অনুষঙ্গ। অবশ্য মাঝেমধ্যে লজ্জা পাই, বিশেষ করে যখন প্রশংসাটা আসে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছ থেকে। কোচ হিসেবে প্রথম সাক্ষাতেই ম্যারাডোনা আপনাকে অধিনায়ক বানিয়েছেন। এটি আপনার কেমন লাগে?মাচেরানো: (কিছুক্ষণ ভেবে) যুক্তিগ্রাহ্য দৃষ্টিভঙ্গিতে দেখলে বলব, এটা খুব একটা পরিবর্তন এনে দেয়নি। তবে এটাও সত্যি, নিজেদের দেশের হয়ে অধিনায়কত্ব করা অনেক বড় গর্বের। এটা অনেক বড় চ্যালেঞ্জও। সঠিক সময়ে আপনাকে সামনে থেকে পথ দেখাতে হবে। আমার মনে হয়, দায়িত্বটা আমি পালন করতে সক্ষম। আমি এরই মধ্যে একটা বিশ্বকাপ খেলেছি। আগের চেয়ে আমি অনেক পরিণত। ২০০৬ বিশ্বকাপ থেকে কিছু শিখেছেন যেটা দক্ষিণ আফ্রিকায় কাজে দেবে?মাচেরানো: আন্তর্জাতিক প্রতিযোগিতার অভিজ্ঞতাটা পেয়েছি। চার বছর আগে আমি দক্ষিণ আমেরিকাতেই খেলতাম, দিদিয়ের দ্রগবা, মাইকেল বালাকদের মতো খেলোয়াড়ের মুখোমুখি কখনোই হইনি। কিন্তু গত চার বছরে আমি প্রতি সপ্তাহান্তে সেরাদের মুখোমুখি হয়েছি। এর ফলে বিশ্বকাপে খেলার সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারব। আর কোন সেন্ট্রাল মিডফিল্ডারের অনুরাগী আপনি?মাচেরানো: আমি সব সময়ই ক্লদে ম্যাকেলেলেকে অনুসরণ করেছি। কেন করেছি সেটা ব্যাখ্যা করা মুশকিল। তাঁর বিপক্ষে অল্প কটা ম্যাচে খেলেছি। সত্যি বলতে কী, প্রতিবারই যখন তাঁকে দেখতাম, আগের চেয়েও বেশি স্পেশাল মনে হতো। মেসি তো বার্সেলোনার হয়ে পুরো বিশ্বকে বিস্ময়াভিভূত করে রেখেছে। জাতীয় দলের হয়েও যাতে তিনি একই রকম খেলতে পারেন সে জন্য আপনি আর সতীর্থরা কী করবেন?মাচেরানো: আমাদের প্রত্যেককে নিজেদের সেরাটা খেলতে হবে। বাছাইপর্বে যেটা আমরা পারিনি। কিন্তু সব সমালোচনা মেসিকেই সইতে হয়েছে, কারণ লোকে ওর কাছ থেকেই সবচেয়ে বেশি আশা করে। এটা ঠিক নয়। তাদের উচিত ছিল ১৮-২০ জন খেলোয়াড়েরই সমালোচনা করা। কোপা আমেরিকা আর অলিম্পিকে ওকে কিন্তু দুর্দান্ত খেলতে দেখেছি আমি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ম্যারাডোনা বলেছেন, ১৯৮৬-তে ট্রফিটা জেতার পর তিনি নাকি সেটা হাতছাড়া করতেই রাজি হননি! আপনিও কি সে রকম কিছু করবেন? মাচেরানো: আশা করি, ঈশ্বর চাইলে অবশ্যই আমি শিরোপা উঁচিয়ে ধরব। কিন্তু আমি সে রকম অহংবোধে ভুগি না। কে শিরোপাটা ধরল না ধরল এটা নিয়ে আমার মোটেও মাথাব্যথা নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দেশের জন্য আবারও সেই শিরোটা জেতা। এর সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না। ফিফা ডট কমের সৌজন্যে