ট্রফিটা এবার জিতেই ফিরতে চান বেইলি

এই একটি ট্রফিই নেই ক্রিকেট অস্ট্রেলিয়ার ট্রফি কেবিনেটে। ক্রিকেটের ক্ষুদ্রতম পরিসরের বিশ্ব সেরার ট্রফি। ব্যাপারটি নিরন্তর এক হাহাকারই যেন তুলে যায় অস্ট্রেলীয় ক্রিকেটকে ঘিরে। এবার বাংলাদেশে এসে সেই হাহাকার ঘোঁচাতে চায় অস্ট্রেলিয়া। আর এই মিশনে নেতৃত্বভার যাঁর হাতে, সেই জর্জ বেইলি মনে করেন নিজেদের সেরা খেলাটা উপহার দিতে পারলে এই হাহাকার থেকে মুক্তি পাওয়াটা অসম্ভব কিছু নয়।
কঠিন গ্রুপে পড়েছে অস্ট্রেলিয়া। ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ আছে তাদের গ্রুপ। টি-টোয়েন্টি বিশ্বকাপটা হাতে নেওয়ার অভিজ্ঞতাটা হয়েছে এই তিনটি দলেরই। ব্যাপারটি নিয়ে একেবারেই ভাবছেন না বেইলি। কোনো দলের জন্য বিশেষ কোনো কৌশলও নেই তাঁর দলের। একটাই লক্ষ্য, নিজেদের সেরা খেলাটা উপহার দেওয়া,‘আমাদের গ্রুপটি চ্যালেঞ্জিং। সন্দেহ নেই। তবে আমাদের দলে ভালো ব্যাটসম্যান ও উইকেট নেওয়ার মতো বোলার রয়েছে। সেরা ব্যাটিং বা বোলিং উপহার দিতে পারলে যেকোনো প্রতিপক্ষের বিপক্ষেই জয় পাওয়া সম্ভব।’
‘টি-টোয়েন্টি বিশ্বকাপ এবার পেতেই হবে’—এ জাতীয় কোনো চাপ না নিয়েও সাফল্যের ব্যাপারে আশাবাদী অস্ট্রেলীয় অধিনায়ক, ‘হ্যাঁ, আমরা কখনোই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারিনি। তবে আগামী সপ্তাহ-দুয়েক সময় নিজেদের সেরাটা উপহার দিতে পারলে বিশ্বকাপ আমাদেরই হবে।’ তাঁর কণ্ঠে যেন আত্মবিশ্বাসের সুর।
দলে ব্র্যাড হজ ও ব্র্যাড হগের মতো দুই বয়স্ক খেলোয়াড়ের অন্তর্ভূক্তি সম্পর্কে বেইলির অভিমত বেশ সোজা-সাপটাই, ‘এরা দু’জন বয়স্ক খেলোয়াড়। কিন্তু অভিজ্ঞতায় তাঁরা ঋদ্ধ। তাছাড়া উপমহাদেশে তাঁদের অভিজ্ঞতাকে বিবেচনায় নিতেই হবে। এটা কিন্তু আমাদের সেরা দলই। তাঁরা সেরা খেলোয়াড়দের মধ্যেই পড়েন। বয়সতো কেবল একটি সংখ্যা।’
মিচেল জনসনকে খুব মিস করছেন বেইলি। তবে তিনি দলে না থাকায় যে ক্ষতিটা হয়েছে সেটা দল খুব দ্রুতই পুষিয়ে নিতে পারবে বলে অভিমত তাঁর, ‘মিচেলকে খুব মিস করছি। গত ছয় মাস ধরে সে তাঁর সেরা ফর্মেই আছে। তাই এই মুহূর্তে দলে তাঁকে খুব দরকার ছিল। তবে মিচেলের বদলে বলিঞ্জারকে পেয়েছি। সেও দারুণ বোলার। আশা করছি সে মিচেলের অনুপস্থিতি পুষিয়ে দিতে পারবে।’