ট্রফিটা ছুঁয়েই ফেলেছে ব্রাজিল!
অন্য কোচরা প্রমাদ গুণতে পারেন৷ শিরোপার আশা বাদ দিয়ে রানার্সআপ হওয়ার ছক কাটাই বোধ হয় ভালো অন্য ফেবারিটদের৷ বিশ্বকাপের ট্রফি ছুঁয়েই ফেলেছে ব্রাজিল! চোখ পাকিয়ে তাকানোর আগে শুনুন, এমন দাবি স্বয়ং কার্লোস আলবার্তো পাহেইরার৷
দািবর পক্ষে যুক্তিও আছে৷ দু্ইয়ে দুৃইয়ে চার মিলিয়ে নেইমারদের টেকনিক্যাল ডিরেক্টর বলছেন, ‘মাঠের বাইরের ব্যাপারগুলো সামলানো সহজ নয়৷ লজিস্টিকস, সবকিছু ঠিকঠাক পরিচালনা করা, পরিকল্পনা, ভক্ত-সমর্থক ও মিডিয়ার সঙ্গে সম্পর্ক, কাজের আবহ ও পরিবেশ—এসব একদম নিখুঁত হওয়া জরুরি৷ এবার আমরা এর মধ্যেই সব দারুণভাবে সামলেছি৷ এ জন্যই বলছি, আমাদের এক হাত এখনই ট্রফিতে!’
কে জানে না এবার চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ব্রাজিলই এগিয়ে৷ দলীয় শক্তি বা পারফরম্যান্সের কারণে যতটা, তার চেয়ে অনেক বেশি স্বাগতিক বলে৷ তার পরও এই ঘরের মাটি আর চেনা আবহ নিশ্চয়ই বিশ্বকাপ শুরুর দুই সপ্তাহ আগেই ব্রাজিলকে চ্যাম্পিয়নের সিংহাসনে বসিয়ে দিচ্ছে না! কিন্তু পাহেইরা একটু আশাবাদী হতে চাইছেন৷ অভিজ্ঞতা তো কম হলো না, ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের ফিটনেস কোচ ছিলেন৷ ২৪ বছর পর তাঁর কোচিংয়েই বিশ্বকাপ ঘরে তোলে ব্রাজিল৷ ২০০৪ কোপা আমেরিকা ও ২০০৫ কনফেডারেশনস জয়ী কোচের নামও পাহেইরা৷ বিশ্বকাপের আগে মাঠের বাইরের ব্যাপারগুলো সামলানো কতটা জরুরি তা ভালোই জানেন তিনি৷ এও জানেন, মাঠের বাইরের ব্যাপারগুলো ঠিকঠাক চললেই মাঠের পারফরম্যান্সও হয় দুর্দান্ত৷ দল পেঁৗছাতে পারে চূড়ান্ত লক্ষ্যে৷
তবে অতি আত্মবিশ্বাস কখনো কখনো পতনের কারণ হতে পারে, এই ফুটবল পণ্ডিতের সেটিও জানা৷ ট্রফিতে এক হাত রাখার ঘোষণার সঙ্গেই তাই শুনিয়েছেন সতর্ক বার্তাও, ‘আমরা ফেবারিট, তার মানে স্রেফ এটাই শিরোপা জিততে যথেষ্ট নয়৷ পেছন ফিরে তাকালেই দেখতে পাবেন, কত কত ফেবারিট দল মূল টুর্নামেন্টে গিয়ে খেই হারিয়ে ফেলেছে৷’ ব্রাজিলের তরুণ এই দলের ওপর অবশ্য দারুণ আস্থা পাঁচটি ভিন্ন দলকে বিশ্বকাপে নিয়ে যাওয়া ৭১ বছর বয়সী কোচের, ‘আমাদের দলটার দিকে স্রেফ তাকান—কী দুর্দান্ত দল! ছেলেদের ওপর আমাদের আস্থা আছে৷’
সেই আস্থার প্রতিদান দিতে তৈরিই নেইমাররা৷ তবে ব্রাজিলের আর সব বিশ্বকাপ দলের সঙ্গে এই দলের বড় একটা পার্থক্য দেখা যাচ্ছে৷ ব্রাজিল মানেই যেখানে আক্রমণাত্মক ফুটবল, পেলের দেশ জন্ম দিয়েছে অনেক দুর্দান্ত ফরোয়ার্ড-মিডফিল্ডার, এই দলটার সেখানে সবচেয়ে বড় শক্তি রক্ষণভাগ! এই সময়ের বিশ্বসেরা পাঁচ-ছয়জন ডিফেন্ডারের নাম নিতে গেলে হয়তো তিনজনই থাকবেন ব্রাজিলের৷ পাহেইরাও সে কথাই বলছেন, ‘রক্ষণই আমাদের বড় শক্তি৷ দারুণ অাঁটোসাঁটো রক্ষণ এবার আমাদের, বিশেষ করে সেন্ট্রাল ডিফেন্সে ডেভিড লুইজ ও থিয়াগো সিলভা জুটি দুর্দান্ত৷’ এএফপি৷