ট্রফিভক্ত
নামেই গুণের পরিচয় কি না কে জানে, জিমি জাম্প নামের এক দর্শক বিশ্বকাপের ট্রফির দিকে লাফিয়ে পড়লেন ফাইনালের দিন! সুযোগ পেলেই ফুটবল মাঠে ঢুকে পড়া বাতিকে পরিণত হয়েছে এই দর্শকের। ২০০৪ ইউরো ফাইনালেও আচমকা মাঠে ঢুকে হাঙ্গামা বাধিয়েছিলেন। পরশু হল্যান্ড-স্পেনের ফাইনাল শুরু হওয়ার আগে আগেও ঘটালেন একই কাণ্ড। মাথায় লাল হ্যাট, গায়ে ‘জিমি জাম্প অ্যাগেইনস্ট রেসিজম’ লেখা টি-শার্ট পরে মাঠে ঢুকে পড়েছিলেন তিনি। বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে দেখার খায়েশ শুধু খেলোয়াড়দেরই হবে কেন, জিমিরও তো হতে পারে! নিশ্ছিদ্র নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখিয়ে তাই সেই খায়েশটিই পূরণ করতে চাইলেন জিমি। কিন্তু নিরাপত্তারক্ষীরা বড়ই বেয়াড়া, সোজা ঘুষি হাঁকিয়ে বসেন বেচারার মুখ বরাবর! এরপর পপাতধরণীতল। অবশেষে চ্যাংদোলা করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়েছিল জিমি জাম্পকে। তাতে কি, ট্রফি তো ছোঁয়া হয়েছে। রয়টার্স।