ট্রাইব্যুনালে মাশরাফি আজ যাবেন পন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকসুর অভিযুক্ত ৯ জনের তালিকায় তিনি নেই। তার পরও কাল সাক্ষী হিসেবে বিসিবির ট্রাইব্যুনালের সামনে হাজির হয়েছিলেন ঢাকা গ্ল্যাডিয়েটরস অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বিপিএল স্পট ফিক্সিংয়ের দ্বিতীয় দফা শুনানি শুরু হয়েছে গত ১৯ জানুয়ারি।
সূত্র জানিয়েছে, মাশরাফির সঙ্গে মিনিট পনেরোর মতো কথা বলেছেন সাবেক বিচারপতি খাদেমুল ইসলামের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল। চিটাগং কিংসের বিপক্ষে বিতর্কিত ম্যাচটিতে কোনো কারণ ছাড়াই নিয়মিত অধিনায়ক মাশরাফিকে না খেলিয়ে আশরাফুলকে নেতৃত্ব দিয়েছিল ঢাকা গ্ল্যাডিয়েটরস ম্যানেজমেন্ট। ওই ম্যাচ নিয়ে প্রথম প্রশ্নটা ওঠে তখনই।
মাশরাফির পর আজ ট্রাইব্যুনালের সামনে হাজির হওয়ার কথা বিপিএলে ঢাকা গ্ল্যাডিয়েটরসের ব্রিটিশ কোচ ইয়ান পন্টেরও। গতকালই ঢাকায় পৌঁছেছেন তিনি। এর আগে ঢাকা গ্ল্যাডিয়েটরসের আইনজীবী অভিযোগ করেছিলেন, স্পট ফিক্সিংয়ের জন্য আকসুর কাছে ৬ হাজার ডলার নেওয়ার কথা স্বীকার করলেও অভিযুক্তদের তালিকায় রাখা হয়নি তাঁকে। তবে সূত্র জানিয়েছে, পন্ট কাজ করছেন আকসুর সাক্ষী হিসেবে।