ট্রাইব্যুনালেই নির্ধারিত হবে অভিযুক্তদের ভাগ্য

গোটা দেশই তাকিয়ে ছিল এই সংবাদ সম্মেলনের দিকে। দেশের ক্রিকেটে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িতদের ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন বিভাগ (আকসু) কী তদন্ত করল, এই কলঙ্কের সঙ্গে জড়িয়ে গেল ক্রিকেট-সংশ্লিষ্ট কার নাম, সংবাদ সম্মেলনে সেই অন্ধকারের বাসিন্দাদের ওপর আলো পড়বে—এমন প্রত্যাশা ছিল সবারই।
কিন্তু আইসিসি ও বিসিবির দুর্নীতিবিরোধী কোডের কারণে এ বিষয়ে জানা গেল খুব অল্পই। তবে আকসুর তদন্তে একটা জিনিস স্পষ্ট, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ম্যাচ পাতানোর কলঙ্কে কলঙ্কিত। এই কলঙ্কের সঙ্গে জড়িতদের ভাগ্য নির্ধারিত হবে কয়েক দিনের মধ্যে গঠিত হতে যাওয়া একটি বিশেষ ট্রাইব্যুনালে।
আকসুর এই তদন্ত দলটি শুধু বিপিএল নিয়েই কাজ করেছে বলে জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন। ম্যাচ পাতানোর অভিযোগ চাউর হওয়ার সময় এ ব্যাপারে দায় স্বীকার করে মোহাম্মদ আশরাফুল অতিরিক্ত হিসেবে বাংলাদেশের যে কয়েকটি আন্তর্জাতিক ম্যাচে স্পট ফিক্সিংয়ের কথা জানিয়েছিলেন, সেগুলো এই তদন্তের আওতাধীন ছিল না বলেই জানিয়েছেন রিচার্ডসন। একই সঙ্গে আকসুর তদন্তে যে নয়জন ব্যক্তির বিরুদ্ধে বিপিএলে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে, তাঁদের নামও সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করার ব্যাপারে রিচার্ডসন অপারগতা জানিয়েছেন আইসিসি ও বিসিবির দুর্নীতিবিরোধী নীতিমালা তা সমর্থন করে না বলে।
ঢাকার র্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলে এই সংবাদ সম্মেলনের আগেই ওই অভিযুক্ত নয় ব্যক্তির হাতে একটি করে চিঠি ধরিয়ে দেওয়া হয়েছে। চিঠি হাতে নিতে আজ সকালেই র্যাডিসন হোটেলে ওই নয় ব্যক্তির কয়েকজন উপস্থিত হয়েছিলেন। কয়েকজনকে ওই চিঠি ই-মেইলেও পাঠানো হয়েছে।
এখন ওই নয় ব্যক্তির একমাত্র কাজ হবে ১৪ দিনের মধ্যে নিজেদের দোষ স্বীকার করা অথবা আত্মপক্ষ সমর্থন করা। এ ব্যাপারে একটি শুনানিও অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। যাঁরা দোষ স্বীকার করবেন, তাঁরা তো শাস্তির জন্য মাথা পেতেই দেবেন, কিন্তু আত্মপক্ষ সমর্থনে দোষ অস্বীকার করবেন যাঁরা, তাঁদের বিরুদ্ধে পরে যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তাঁদের কঠোর শাস্তিরই মুখোমুখি হতে হবে।
দোষীদের শাস্তি কী হবে? সংবাদ সম্মেলনে ডেভ রিচার্ডসন পরিষ্কার ভাষায় তা জানিয়েও দিয়েছেন। আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালায় ম্যাচ পাতানোর সঙ্গে সরাসরি জড়িতদের শাস্তি ধার্য আছে পাঁচ থেকে আজীবনের জন্য নিষিদ্ধ হওয়া। এই নীতিমালা অনুসরণ করে যাঁরা ম্যাচ পাতানোসংক্রান্ত ঘটনাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাননি, তাঁদের শাস্তিও কম নয়। এই শ্রেণিভুক্তদের এক থেকে পাঁচ বছর নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হবে।
আকসুর তদন্তে বিপিএলে ম্যাচ পাতানোর সঙ্গে যে নয় ব্যক্তির নাম এসেছে, তাঁদের মধ্যে সাতজন ম্যাচ পাতানোর সঙ্গে সরাসরিই জড়িত বলে জানিয়েছেন রিচার্ডসন। বাকি দুজন জড়িত না থাকলেও ম্যাচ পাতানোর ঘটনাবলি জেনেও তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানাননি। আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালায় এটিও অপরাধ।
দেশের ক্রিকেটের অন্ধকার জগতের সঙ্গে জড়িত এই নয় ব্যক্তির একজন মোহাম্মদ আশরাফুল। রিচার্ডসন সরাসরি তাঁর নাম না বললেও অনেক আগেই তিনি বিপিএলে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করে বসে আছেন। রিচার্ডসনকে বারবার ব্যাপারটি মনে করিয়ে দিলেও তিনি এ ব্যাপারে নিজেকে আনুষ্ঠানিকতার মোড়কেই বন্দী করে রাখলেন। আশরাফুলের দোষ স্বীকারের ব্যাপারে তিনি কোনো দায়িত্বও নিতে চাননি, ‘আশরাফুলের দোষ স্বীকার বা এ-সংক্রান্ত কোনো কিছুই আকসুর গোচরীভুক্ত নয়। আকসু আশরাফুলকে কারও সঙ্গে এ ব্যাপারে কথা বলতে বলেনি।’
নাম প্রকাশ না করার ব্যাপারে আইসিসি ও বিসিবির দুর্নীতিবিরোধী নীতিমালায় কোনো খেলোয়াড় তদন্তে দোষী প্রমাণিত না হওয়ার আগ পর্যন্ত তাঁর নাম জনসম্মুখে প্রকাশ করার বিধান নেই বলেই জানিয়েছেন রিচার্ডসন। তবে ট্রাইব্যুনাল গঠিত হলে শুনানির সময় অভিযুক্তদের পরিচয় যে আপনা-আপনিই জানা হয়ে যাবে, সে ব্যাপারে মন্তব্য করেননি আইসিসির প্রধান নির্বাহী।
দু-একদিনের মধ্যেই আকসুর তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে ওই নয় ব্যক্তির বিচারের জন্য একটি ট্রাইব্যুনাল গঠিত হবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। ট্রাইব্যুনালটি তিন সদস্যের হবে বলেও জানিয়েছেন তিনি। ওই ট্রাইব্যুনালটি স্বাধীনভাবে পরিচালিত হবে। অভিযুক্তদের ভাগ্য এখন নির্ভর করছে ট্রাইব্যুনালের ওপরই। ট্রাইব্যুনালের রায় মেনে নেবে আইসিসিও।
আকসুর তদন্তে আশরাফুল ছাড়া যে আটজনের নাম এসেছে তাঁদের কয়জন ক্রিকেটার, কয়জন ক্রিকেট-কর্তা, এমনকি কয়জন দেশি কিংবা কয়জন বিদেশি, সেটাও গোপন রয়েছে। তবে আকসুর তদন্তে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার ব্যাপারে নির্দিষ্টভাবে উঠে এসেছে গত দুবারের বিপিএল চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটরসের নাম। ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি যে বিপিএলকে কলঙ্কিত করেছে, এটা প্রমাণিতই।
তারকা-খচিত হোটেলে আজ আয়োজিত বিশাল খরচের ‘হাই-প্রোফাইল’ সংবাদ সম্মেলনের মূল খবরটি বোধ হয় এটিই। সাংবাদিকদের অতৃপ্তি নিয়েই ফিরতে হয়েছে এই সংবাদ সম্মেলন থেকে।