বিপিএল ফিক্সিং নিয়ে সংবাদ সম্মেলনে আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন সুনির্দিষ্টভাবেই জানিয়ে দিয়েছিলেন প্রক্রিয়াটা। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তিদের মুখেও একাধিকবার শোনা গেছে তা। অভিযুক্ত ব্যক্তিদের হাতে আনুষ্ঠানিকভাবে অভিযোগনামা তুলে দেওয়ার ৪০ দিনের মধ্যে গঠিত হবে বিসিবির ট্রাইব্যুনাল। অভিযোগের জবাবে আপিল করা ব্যক্তিদের শুনানি শুরু হওয়ার কথা এর পরই। গতকাল পেরিয়ে গেছে সেই ৪০ দিন। কিন্তু ট্রাইব্যুনালের কোনো খবর নেই।
ডেভ রিচার্ডসনের বহুল আলোচিত সংবাদ সম্মেলনের পরের সপ্তাহে বিসিবির তোড়জোড় দেখে মনে হচ্ছিল, ট্রাইব্যুনাল গঠনের লক্ষ্যে খুব দ্রুতই ১০ জনের ডিসিপ্লিনারি প্যানেল করে ফেলা হবে। যেখান থেকে তিনজনকে নিয়ে ট্রাইব্যুনাল গঠন করার কথা। বেশ কিছু নামও উড়ছিল বাতাসে। কিন্তু যেকোনো কাজে বিসিবির শম্বুকগতি আর অপেশাদারির আরেকটি নজির হয়ে প্রক্রিয়াটা সেখানেই থমকে আছে। এটির সুযোগ নিয়ে গতকালই বিসিবিকে আইনজীবীর মাধ্যমে উকিল নোটিশ পাঠিয়েছেন বিপিএল ফিক্সিংয়ে অভিযুক্ত দুই ক্রিকেটার মোশাররফ হোসেন ও মাহবুবুল আলম।
মোশাররফ-মাহবুবুলের আইনজীবী নূর-উস সাদেক কাল টেলিফোনে প্রথম আলোকে বলেছেন, ‘আমরা উকিল নোটিশ ছেড়ে দিয়েছি। আগামী সপ্তাহে সাব-জজ আদালতেও যাব। আমার মক্কেলদের বিরুদ্ধে আনা অভিযোগকে অবৈধ ঘোষণার আরজি জানাব আমরা। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সময়ে যেন তাঁরা ক্রিকেট খেলতে পারেন, সে আবেদনও করব।’
আইসিসির প্রধান নির্বাহী ও বিসিবির সভাপতির যৌথ সংবাদ সম্মেলনে বিপিএল ফিক্সিং নিয়ে আকসুর তদন্ত প্রতিবেদনের সারমর্ম তুলে ধরেছিলেন সংবাদমাধ্যমের সামনে। গত ১৩ আগস্ট অভিযুক্ত ব্যক্তিদের কাউকে হাতে হাতে, কাউকে ই-মেলে অভিযোগনামা পাঠানো হয়। আকসুর তদন্ত প্রতিবেদনে বিপিএলের দ্বিতীয় আসরে ফিক্সিংয়ের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ আনা হয় মোট নয়জনের বিরুদ্ধে। এর মধ্যে ক্রিকেটার-কর্মকর্তা মিলে বাংলাদেশেরই ছয়জন। বাকি তিনজন ঢাকা গ্ল্যাডিয়েটরসের ভারতীয় প্রধান নির্বাহী গৌরব রাওয়াত ও দুই বিদেশি ক্রিকেটার ড্যারেন স্টিভেনস ও কৌশল্য লোকুয়ারাচ্চি। অভিযুক্ত বাংলাদেশি তিন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, মোশাররফ ও মাহবুবুল, সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক এবং ঢাকা গ্ল্যাডিয়েটরসের দুই কর্মকর্তা সেলিম চৌধুরী ও শিহাব চৌধুরীকে সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে বিরত রাখা হলেও অভিযুক্ত হওয়ার পরও স্টিভেনস আর লোকুয়ারাচ্চি ম্যাচ খেলেছেন। মোশাররফ-মাহবুবুলকে খেলতে দেওয়ার অনুমতি চাওয়া হবে সে উদাহরণ টেনেই।
আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও আকসুর তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর পর ডিসিপ্লিনারি প্যানেলের প্রধানের দায়িত্ব নেওয়ার জন্য সাবেক প্রধান বিচারপতি মাহবুবুল আমিন চৌধুরীকে অনুরোধ করে বিসিবি। কিন্তু তিনি দায়িত্বটা আদৌ গ্রহণ করেছেন কি না, সে ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বোর্ড। বিসিবি জানাতে পারছে না প্যানেল গঠন-সম্পর্কিত সুনির্দিষ্ট কোনো তথ্যও। ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিনও কাল ধরি মাছ না ছুঁই পানি জাতীয় একটা ব্যাখ্যাই দিতে চাইলেন, ‘পুরো ব্যাপারটাই প্রক্রিয়াগত কারণে দেরি হচ্ছে। আপাতত এর বেশি কিছু বলতে পারব না। প্রক্রিয়া শেষ হলে আপনারা সবই দেখতে পাবেন।’ দুই ক্রিকেটার মাহবুবুল আলম আর মোশাররফ হোসেন যে আইনি পথে যাচ্ছেন, সেটার জবাবে নিজামউদ্দিনের উত্তর, ‘তারা তাদের মতো করে এগোতেই পারে। বোর্ডও এটাকে আইনগতভাবেই সামলাবে।’
তা না হয় সামলাল বোর্ড। বিপিএলে ফিক্সিং নিয়ে আকসুকে স্বাধীনভাবে তদন্ত করার অনুমতি দিয়ে এবং সর্বোত সহযোগিতা করে বিসিবি সবার কাছ থেকে যে সাধুবাদ পেয়েছিল, নিজামউদ্দিন চৌধুরীর কথিত ‘প্রক্রিয়াগত কারণে’ সেটি এখন প্রশ্নের মুখে।