
বিসিবির সভাপতি নাজমুল হাসান বলেছিলেন, ৬ অক্টোবরের মধ্যে গঠিত হয়ে যাবে ট্রাইব্যুনাল। সে সময়সীমা কাল পেরিয়ে গেলেও ট্রাইব্যুনালের জন্য অপেক্ষা এখনো শেষ হয়নি। তবে কাল বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, দু-এক দিনের মধ্যেই দাঁড়িয়ে যাবে ট্রাইব্যুনালের কাঠামো।
‘সভাপতি মহোদয় বলেছিলেন ৬ তারিখের মধ্যে ট্রাইব্যুনাল গঠন হবে। আমরাও এ ব্যাপারেই কাজ করে যাচ্ছি। আজ (গতকাল) যদি সম্ভব নাও হয়, দু-এক দিনের মধ্যে এর একটা কাঠামো আপনারা দেখতে পাবেন’—কাল বলেছেন বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী। বিপিএল ফিক্সিংয়ের ৯ অভিযুক্তকে অভিযোগপত্র দেওয়ার ৪০ দিনের মধ্যে গঠন করার কথা ছিল ট্রাইব্যুনাল। সে সময়সীমা গত ২৩ সেপ্টেম্বর পেরিয়ে গেলেও এখনো ট্রাইব্যুনালের দেখা নেই। শুরু হয়নি বিপিএল ফিক্সিংয়ের বিচারকাজও। তবে নিজাম উদ্দিন চৌধুরীর ভাষ্য, ট্রাইব্যুনাল ৪০ দিনের মধ্যে গঠন করতেই হবে, এমন কোনো কথা নেই, ‘৪০ দিনের যে সময়টা বলা আছে সেটা একটা গাইডলাইন। এর মধ্যে ট্রাইব্যুনাল না হলে কী হবে, তা দুর্নীতি দমন নীতিতে বলা নেই।’
ট্রাইব্যুনালের প্রধান হিসেবে সাবেক বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরীর নাম শোনা গেলেও এখনো কারও নামই আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিবি। এ ব্যাপারে নিজাম উদ্দিন চৌধুরীর ব্যাখ্যা, ‘পুরো প্রক্রিয়াটা যাতে যথাযথভাবে শেষ হয় সেটির ওপরই আমরা মনোযোগ দিচ্ছি। সে ক্ষেত্রে সময় বেশি লাগলেও সেটা মেনে নিতে হবে।’