ট্রাউজার আসেনি, জ্যাকেট গায়ে লাগে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানি থেকে এসেছে নতুন জ্যাকেট। তা সত্ত্বেও এসএ গেমসে পুরোনো জ্যাকেট পরেই খেলবেন শ্যুটাররা! বেশির ভাগ শ্যুটারের গায়ে যে নতুন জ্যাকেট ফিটই হচ্ছে না!শ্যুটারদের বিশেষ প্রযুক্তির জ্যাকেট ও ট্রাউজার পরে খেলতে হয়। এ কারণে জ্যাকেট-ট্রাউজার শ্যুটিংয়ের খুব গুরুত্বপূর্ণ উপাদান। উন্নতমানের এক সেট জ্যাকেট-ট্রাউজারের দাম প্রায় ১ লাখ টাকা। বাংলাদেশের শ্যুটারদের কেউ কেউ এগুলো ব্যবহার করছেন।এসএ গেমসের জন্য বেশ কিছুদিন আগে সব শ্যুটারের জন্য জ্যাকেট-ট্রাউজার আনার চাহিদাপত্র দিয়েছিল শ্যুটিং ফেডারেশন। তাই একেবারে শেষ সময়ে এসে দরপত্র ডেকে জার্মানি থেকে ১৫টি জ্যাকেট এনেছে ক্রীড়া পরিষদ। কিন্তু সমস্যা হচ্ছে, এগুলোর মাত্র এখন ৩-৪টি পরার মতো। বাকিগুলো ফিট হচ্ছে না। এখন সময়ও নেই যে, ফিট করে নেওয়া যাবে।ফেডারেশনের দাবি, তারা জার্মানির সওয়ার কোম্পানির জ্যাকেট এনে দিতে বলেছিল। কিন্তু দাম বেশি হওয়ায় ক্রীড়া পরিষদ তুলনামূলক কম দামে জার্মানিরই জিমেন কোম্পানির জ্যাকেট এনে দিয়েছে। কোম্পানি ভিন্ন হওয়ায় মাপ-টাপ নিয়ে সমস্যা হয়ে গেছে।একজন শ্যুটিং কোচ জানালেন, ‘এগুলো ইউজলেস জ্যাকেট’। তাঁর দেওয়া তথ্য, গেমসে বড়জোর ২-৩ জন শ্যুটার এই জ্যাকেট পরতে পারে। যার একেবারেই নেই, তিনি হয়তো বাধ্য হয়ে এটি পরবেন। যেমন ১০ মিটার এয়ার রাইফেলে আবদুল্লাহ হেল বাকির জ্যাকেট না থাকায় এটি পরেই তাঁকে খেলতে হবে। তাঁর গায়ে নাকি ফিট হয়েছে। বাকি শ্যুটাররা পুরোনো জ্যাকেট পরেই খেলবেন।জ্যাকেট এনেও কেন ব্যবহার করা যাবে না? এসএ গেমসে শ্যুটিং দলের সহকারী ম্যানেজার ইমরান চৌধুরী বললেন, ‘এখন ব্যবহার করা না গেলেও পরে করা যাবে। আরও আগে পেলে শরীরের সঙ্গে মানিয়ে নেওয়া যেত। মাপেই সমস্যাটা হয়ে গেছে। কোম্পানির লোক এসে মাপ নিয়ে গেলে সমস্যাটা হতো না। টেকনিক্যাল ব্যাপার তো...।’এসএ গেমসে বাংলাদেশ দলের শেফ দ্য মিশন মিজানুর রহমান বললেন, ‘ওখানে (শ্যুটিং কমপ্লেক্সে) গিয়ে দেখলাম, এটা নেই ওটা নেই...নানা রকম সসস্যা। জ্যাকেট আনা হলেও ওগুলো গায়েই ফিট হয় না। শ্যুটারদের বুঝিয়ে-শুনিয়ে এলাম তারা যেন পুরোনো জ্যাকেট দিয়েই গেমটা চালিয়ে নেয়।’ক্রীড়া পরিষদের ক্রীড়া পরিচালক সুব্রত রায় জ্যাকেট ফিট না হওয়ার ব্যাপারটি জানেনই না। কাল সন্ধ্যায় ফোনে বললেন, ‘আমি এ ব্যাপারে কিছুই জানি না! আপনার কাছেই প্রথম শুনলাম!’মজার ব্যাপার, শুধু জ্যাকেটই এসেছে, ট্রাউজার এখনো আসেইনি! সেই সঙ্গে পিস্তলের গ্রিপ আসার কথা ১০টি, এসেছে গোটা চারেক। শ্যুটিং গ্লাসও এখনো পায়নি ফেডারেশন। গেমস শুরুর মাত্র দুই সপ্তাহ আগেও অন্য অনেক খেলার মতো ‘সরঞ্জাম সমস্যায়’ ভুগছে শ্যুটিং। তাহলে ফল কী হবে, অনুমান তো করাই যায়!