ট্রান্সকম কাপ গলফের সমাপনী আজ
কুর্মিটোলা গলফ ক্লাবে যেন মেলা বসেছে অপেশাদার গলফারদের। আগামী দিনে এই খেলোয়াড়দের কেউ কেউ হয়তো বা জাতীয় স্তরে নজর কাড়বেন, পা রাখবেন পেশাদার দুনিয়ায়। সেই সুযোগ করে দিয়েছে ‘ট্রান্সকম কাপ গলফ’। টুর্নামেন্টের ২০তম আসর গত পরশু কুর্মিটোলা গলফ ক্লাবে শুরু হয়ে শেষ হচ্ছে আজ।
বাংলাদেশ গলফ ফেডারেশনের আওতাভুক্ত ১৩টি গলফ কোর্সের ৩৪ জন নারীসহ প্রায় ৫৭০ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন তিন দিনের এই আয়োজনে। পুরুষ, মহিলা ও ভ্যাটার্ন বিভাগে খেলা হচ্ছে ১৮ ও ৯ হোলে। ভারত, পাকিস্তান, চীন, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ভিয়েতনামসহ আরও কয়েকটি দেশের প্রতিযোগীও খেলছেন। ৯টি বিভাগে পুরস্কৃত হবেন মোট ২২ জন।
বাংলাদেশে প্রতিবছর আয়োজিত অপেশাদার গলফ টুর্নামেন্টগুলোর মধ্যে ট্রান্সকম কাপ গলফ অন্যতম। আয়োজক কুর্মিটোলা গলফ ক্লাবের কর্মকর্তারা বললেন, এ ধরনের টুর্নামেন্টের মাধ্যমে ওপরে ওঠার সিঁড়ি খুঁজে পান নবীন খেলোয়াড়েরা। নবীনদের উৎসাহ-উদ্দীপনাও তাই একটু বেশি।
আজ সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেবেন মেজর জেনারেল এ কে এম আবদুল্লাহিল বাকী। উপস্থিত থাকবেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ট্রান্সকম লিমিটেডের পরিচালক সাইফুর রহমান।