ট্রাম্পকে আমিরের 'ঘুষি'

শেষ ট্রাম্প কার্ডটা মারতে পারবেন কি না, সময়ই বলে দেবে; আপাতত অপ্রতিরোধ্য গতিতেই এগিয়ে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকানদের মন জিতেছেন, এবার মার্কিন ভোটারদের মন জেতার পালা। বিস্ফোরক সব মন্তব্য করে এরই মধ্যে শোরগোল ফেলে দেওয়া সেই ট্রাম্পকে এবার সজোরে ‘ঘুষি’ বসিয়েছেন আমির খান। সেটি অবশ্য বক্সিং গ্লাভস দিয়ে নয়, মুখের কথায়!
ব্রিটিশ এই বক্সার আগামীকাল লাস ভেগাসে লড়বেন মেক্সিকোর সাওল কানেলো আলভারেজের বিপক্ষে। রিংয়ে নামার আগে বক্সারদের মুখে কথার খই-বুলেট-বোমা ফোটা নতুন নয়। তবে পার্থক্য হলো, কথা দিয়ে এবার প্রতিপক্ষকে নয়, আমির ধরাশায়ী করতে চাইলেন ট্রাম্পকে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ট্রাম্পের কথার শূলের অন্যতম শিকার মেক্সিকান ও মুসলমানরা। রিংয়ে নামার আগে অন্তত এই একটা জায়গায় যেন তাই বন্ধু হয়ে গেলেন আমির ও আলভারেজ।
যুক্তরাষ্ট্র থেকে ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসীকে ঝেঁটিয়ে বিদায় করতে চান ট্রাম্প। মেক্সিকো সীমান্তে তুলে দিতে চান দেয়াল। আর মুসলমানদের ওপর দিতে চান যুক্তরাষ্ট্রে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা। আমির তাই পরশু সংবাদ সম্মেলনে বললেন, ‘কে জানে, এটাই হয়তো আমার আর কানেলোর এখানে শেষ লড়াই, যদি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে যায় আর কি...তাই পারলে শনিবার সবাই দল বেঁধেই আসবেন।’ রয়টার্স।