কেউ ট্র্যাকের পাশে প্রস্তুতি নিচ্ছেন। কেউ-বা সতীর্থদের উৎসাহ দিতে গলা ফাটাচ্ছেন। সাধারণত জাতীয় বা সামার মিটেই এমন দৃশ্য দেখা যায়। অ্যাথলেটদের আড্ডায় সরগরম হয়ে ওঠে বঙ্গবন্ধু স্টেডিয়াম। কালকের এই অ্যাথলেট সম্মিলনী অবশ্য ৬-৯ জুলাই ভুবনেশ্বরে অনুষ্ঠেয় এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড প্রতিযোগিতার বাছাইয়ের জন্য উন্মুক্ত ট্রায়ালে অংশ নেওয়ার জন্য। সারা দিনে ১৫টি ইভেন্টে অংশ নিয়েছেন ৮০ জন অ্যাথলেট।
আন্তর্জাতিক প্রতিযোগিতার আগে এভাবে উন্মুক্ত ট্রায়ালের রীতিটা বন্ধই হয়ে গিয়েছিল। সর্বশেষ এমন ট্রায়াল হয়েছিল ২০০৮ সালে। প্রায় নয় বছর পর আবারও এমন ট্রায়ালের আয়োজনকে সাধুবাদ জানালেন বিজেএমসির কোচ আবদুল কুদ্দুস, ‘কোনো আন্তর্জাতিক গেমসের আগে যদি ফেডারেশন এভাবে ট্রায়ালের ব্যবস্থা করে, তাহলে সব অ্যাথলেটই চাপে থাকবে। দলে সুযোগ পেতে সারা বছর অনুশীলনের জন্য সচেতন হয়ে উঠবে।’
ফেডারেশনের নতুন কমিটি দায়িত্ব নিয়েই ট্রায়ালের ব্যবস্থা করেছে। যদিও অ্যাথলেটদের অনেকে অভিযোগ করলেন, ট্রায়ালের আগে অনুশীলনের জন্য সেভাবে সময় পাননি। সাধারণ সম্পাদক আবদুর রকিব এটা মানলেও ট্রায়ালের নিয়মটা চালু রাখতে চান, ‘আমরা পরের সব আন্তর্জাতিক প্রতিযোগিতার আগে ট্রায়ালের ব্যবস্থা রাখব।’ তবে জাতীয় প্রতিযোগিতার পরপরই কোনো আন্তর্জাতিক গেমস হলে তখন বাছাই কমিটি বিষয়টি পুনর্বিবেচনা করে তবেই সিদ্ধান্ত নেবে।
আগামী মাসে আজারবাইজানে অনুষ্ঠেয় ইসলামিক সলিডারিটি গেমসের জন্য গত সপ্তাহে হয়েছে ১০০ মিটার স্প্রিন্টের ট্রায়াল। পাঁচবারের দ্রুততম মানব মেজবাহ আহমেদকে টপকে এই ইভেন্টে নির্বাচিত হয়েছেন আবদুর রউফ। নিজে বাদ পড়ার পরও মেজবাহ ট্রায়ালকে স্বাগতই জানালেন, ‘এভাবে ট্রায়াল হলে পারফরম্যান্সের ব্যাপারে বেশি সচেতন হব। এবার বাদ পড়েছি, পরের ট্রায়ালে শতভাগ উজাড় করে দিতে প্রস্তুতি নেব।’
তবে বাংলাদেশের দ্রুততম মানবী শিরীন আক্তার চান, ফেডারেশন যেন হঠাৎ করে এভাবে ট্রায়ালের আয়োজন না করে, ‘প্রক্রিয়াটা অবশ্যই ভালো। কিন্তু আমাদের অন্তত দুই মাস আগে জানানো উচিত, যাতে ভালোমতো প্রস্তুতি নিতে পারি।’