ট্রিবিউট টু শচীন টেন্ডুলকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে শচীন টেন্ডুলকার তাঁর ক্রিকেট জীবনের পূর্ণতা পেলেন। সব পেয়েও এই বিশ্বকাপটিই ছিল তাঁর ক্রিকেট জীবনের একমাত্র অপূর্ণতা। আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ধোনি, গম্ভীর, যুবরাজরা ক্রিকেটের সর্বকালের এই সেরা তারকাকে দিলেন তাঁর ক্রিকেট জীবনের সবচেয়ে বড় পুরস্কারটি। শচীন টেন্ডুলকার এখন ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য। ‘ক্রিকেটের হল অব ফেম’ এত দিন যে ছবিটির জন্য আক্ষেপ করছিল, সেই আক্ষেপই এখন আর রইল না। ৮৩-তে মাত্র ১০ বছর বয়সে যে সাফল্যের স্বপ্ন দেখেছিলেন টেন্ডুলকার, সেই স্বপ্নও আজ চমত্কার বাস্তব।বিশ্ব ক্রিকেটের এই মহারণের দিন অনেকেই শচীনের শততম আন্তর্জাতিক সেঞ্চুরির প্রত্যাশায় ছিলেন। কিন্তু আজ ক্রিকেটের এই মহাতারকা সেই প্রত্যাশার পূর্ণতা দিতে পারেননি। মাত্র ১৮ রান করেই আউট হয়েছেন তিনি। কিন্তু, তাই বলে নিজের শততম সেঞ্চুরির চেয়েও বড় সাফল্যে এতটুকু বাধা পড়েনি। ভারতের এই দল তো আর শচীন-নির্ভর নয়, এই দলের গম্ভীর, কোহলি, ধোনিদের মতো ক্রিকেটাররা রয়েছেন। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এই বিশ্বকাপে নিজের সেরা খেলাটা খেললেন, একেবারে আসল দিনে। দুর্দান্ত এক ম্যাচজয়ী ইনিংস খেলে ছেলেবেলার আদর্শ টেন্ডুলকারকে উপহার দিলেন জীবনের শ্রেষ্ঠ উপহারটি।আজ বিশ্বকাপের ফাইনালটি ছিল দুই গ্রেটের লড়াই। শচীন বনাম মুরালি। মুরালি আজ খেলে ফেললেন তাঁর জীবনের সর্বশেষ ম্যাচটি। শচীন যে আরও একটি বিশ্বকাপ খেলবেন না, তা একপ্রকার অনুমিতই। তাই ভারতের দ্বিতীয় বিশ্বকাপ জয়, এই গ্রেট ক্রিকেটারের প্রতি একপ্রকার মহার্ঘই। মুরালির জন্য সমবেদনা থাকতে পারে, কিন্তু সান্ত্বনাও আছে। তিনি যে আগে একবার বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। টেন্ডুলকার আজ থেকে বলতে পারবেন, তিনি কেবল গ্রেট ক্রিকেটারই নন, একবার তিনি নিজের দেশকে বিশ্বকাপও জিতিয়েছেন।বিশ্বকাপ শুরুর আগে অনেকেই বলেছেন, ভারতের জন্য এবারের বিশ্বকাপটি ‘এবারই নয়তো কখনোই নয়।’ সত্যিই এই বিশ্বকাপই ছিল ধোনিদের জন্য বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় সুযোগ। সেই সুযোগ দারুণভাবে কাজে লাগিয়ে ধোনির দল আজ বিশ্ব জয়ী। ২০০৭-এর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর, ওয়ানডে বিশ্বকাপও ধোনির দলের। ধোনি হয়ে রইলেন ভারতের শ্রেষ্ঠ অধিনায়ক। কিন্তু, শচীন, শেবাগ, গম্ভীর, যুবরাজ, জহির খানদের নিয়ে গড়া এই ‘স্বপ্নের দলে’র অধিনায়ক হতে পেরে ধোনি নিজে কি কম ভাগ্যবান!ধোনি আরও ভাগ্যবান ক্রিকেটের বরপুত্র শচীন টেন্ডুলকারের ঋণ শোধ করতে পেরে, কিন্তু ক্রিকেটের যে ঋণ শচীনের কাছে, সেটা কি এত সহজে শোধ হওয়ার?সবশেষে কেবল একটি কথাই বলা যায়, শচীন তুমিই গ্রেট। তুমি সর্বকালের সেরা। তুমি এখন বিশ্বজয়ী।