ট্রুম্যান-বোথামকে ছাড়িয়ে গেলেন অ্যান্ডারসন

মাঠে, মাঠের বাইরে সবদিক থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন জেমস অ্যান্ডারসন। ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার সঙ্গে বিবাদে জড়িয়ে উত্তপ্ত করে তুলেছেন মাঠের বাইরের পরিস্থিতি। মাঠেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে প্রশংসা কুড়িয়েছেন এই ইংলিশ পেসার। গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনে নতুন কিছু রেকর্ড গড়ে ছাড়িয়ে গেছেন ফ্রেড ট্রুম্যান, ইয়ান বোথামদের মতো কিংবদন্তিদের। উইকেট শিকারের দিক দিয়ে ছাড়িয়ে গেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খানকেও।
লর্ডস টেস্টের তৃতীয় ওভারেই অ্যান্ডরসন আউট করেছিলেন শিখর ধাওয়ানকে। এই উইকেটটি নিয়ে তিনি বনে গেছেন ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারি। ৪৭ টেস্টে ২২৯টি উইকেট নিয়ে এত দিন শীর্ষে ছিলেন ফ্রেড ট্রুম্যান। আর ৫৫ টেস্ট খেলে অ্যান্ডরসনের ঝুলিতে জমা হয়েছে ২৩৩টি উইকেট।
ভারতীয় ইনিংসের ৩২তম ওভারে বিরাট কোহলির উইকেট তুলে নিয়ে অ্যান্ডরসন পেছনে ফেলে দিয়েছেন ইয়ান বোথামকে। ৭২ উইকেট নিয়ে অ্যান্ডারসনই এখন লর্ডসের সর্বোচ্চ উইকেট শিকারি। এর আগে ১৫ টেস্ট খেলে ৬৯টি উইকেট পেয়েছিলেন বোথাম।
গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনে আরও দুইটি উইকেট নিয়ে অ্যান্ডারসন পেছনে ফেলে দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ইমরান খানকেও। টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় এখন অ্যান্ডারসনের পরেই লেখা হবে ইমরানের নাম। ৮৮ টেস্ট খেলে ৩৬২টি উইকেট নিয়েছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। আর ৯৬তম টেস্টে অ্যান্ডারসনের শিকার ৩৬৩টি উইকেট।
আর মাত্র ২০টি উইকেট পেলেই ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারি বনে যাবেন অ্যান্ডারসন। ৩৮৩ উইকেট নিয়ে এখন শীর্ষে আছেন বোথাম।