ট্রেবল জয়ের আশা মার্টিনোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেরার্ডো মার্টিনো
জেরার্ডো মার্টিনো

মাঠের বাইরের নানা বিতর্কে জড়িয়ে বেশ কিছুদিন ধরেই সমালোচিত হচ্ছিল বার্সেলোনা। আর লা লিগার শেষ ম্যাচে তারা সমালোচনা কুড়িয়েছে মাঠের পারফরম্যান্স দিয়েও। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৩-১ গোলে হেরে শীর্ষস্থানটাও হাতছাড়া হয়েছে কাতালানদের। তার পরও বার্সেলোনা সঠিক পথেই আছে বলে মন্তব্য করেছেন জেরার্ডো মার্টিনো। এমনকি এখন ট্রেবল জয়ের দিকেও দৃষ্টি দিচ্ছেন বার্সেলোনার এই আর্জেন্টাইন কোচ।

দ্বিতীয়বারের মতো ট্রেবল জয়ের আশা অবশ্য এখনো টিকে আছে বার্সেলোনার। কোপা ডেল রের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারের স্বাদ দিতে পারলেই নিশ্চিত হবে একটা শিরোপা। লা লিগার শীর্ষস্থানটা হারাতে হলেও খুব বেশি পিছিয়েও নেই কাতালানরা। এই মুহূর্তে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান মাত্র তিন। চ্যাম্পিয়নস লিগের নক আউট পর্বের শুরুটাও তারা করেছে ভালোভাবেই। শেষ ষোলোর প্রথম লেগে ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়ে এক ধাপ এগিয়েই গেছে কোয়ার্টার ফাইনালের পথে। কাজেই ট্রেবল জয়ের আশা করতেই পারেন মার্টিনো। কে জানে মৌসুমের শেষপর্যায়ে এসে হয়তো শিষ্যদের উজ্জীবিতই করতে চাইছেন বার্সা কোচ। সম্প্রতি এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘মৌসুমের শুরুতে, আমাদের সবাই হয়তো এই জায়গাতেই আসার কথা চিন্তা করেছিল। এবারের মৌসুমে এখনো ২০টা ম্যাচ বাকি আছে। আমাদের সামনেও আছে তিনটা শিরোপা জয়ের সুযোগ। আমরা এখনো সবকিছু জেতার জন্যই লড়াই চালিয়ে যাব।’


খারাপ সময়ের মধ্যেও শিষ্যরা যেভাবে সমর্থন জুগিয়েছেন তাতে উচ্ছ্বাসই প্রকাশ করেছেন মার্টিনো, ‘তাদের কথাবার্তা থেকেই বোঝা যায় যে এই ক্লাবটা কেমন। সবাই আমাকে যেভাবে সমর্থন দিয়েছে আর খারাপ কিছুর জন্য দোষটা নিজেদের ঘাড়েই নিয়েছে, তাতে আমি সত্যিই তৃপ্তি বোধ করছি। আমরা যদি এভাবেই ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে কোনো কিছুই কোনো ব্যাপার হবে না।’

লা লিগায় এবারের মৌসুমের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। শিরোপা জয়ের হিসাব-নিকাশ যে এই ম্যাচের ফলাফলের ওপর অনেকাংশেই নির্ভর করবে, সেটা অস্বীকার করেননি মার্টিনো। কিন্তু একই সঙ্গে আলমেরিয়ার বিপক্ষে নিজেদের ম্যাচটায় যেন কোনো অঘটন না ঘটে, সে ব্যাপারেও সবাইকে সতর্ক করে দিয়েছেন বার্সা কোচ, ‘মাদ্রিদ ডার্বিতে কী ঘটছে এটা অগ্রাহ্য করাটা আমাদের জন্য অসম্ভব। কিন্তু সেখানে যা-ই ঘটুক, আলমেরিয়াকে আমাদের হারাতে হবে।’— গোল ডটকম