গতবারের ট্রেবলজয়ী শেখ রাসেল ক্রীড়াচক্র নতুন মৌসুম শুরু করল অচেনা রূপে। চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ফেডারেশন কাপে নিজেদের প্রথম ম্যাচে তারা কোনো রকমে জিতল ১-০ গোলে। গত দুবারের লিগে চতুর্থ হওয়া বিজেএমসির শুরুটা ড্র দিয়ে, পুলিশ দলের বিপক্ষে প্রথমে এগিয়ে গিয়েও ম্যাচটি ড্র করেছে ২-২-এ।
শেখ রাসেল এবার শক্তি হারিয়েছে কাগজ-কলমে। ট্রেবল জয়ের সবচেয়ে বড় নায়ক সনি নর্দে নাম লিখিয়েছেন শেখ জামালে। এমিলি, জাহিদ, মামুনুলরাও নতুন মৌসুমে শেখ রাসেলে নেই। নতুন দল নিয়ে কোচ মারুফুল হক তবু ভালো করারই প্রত্যয় জানাচ্ছেন। তবে মৌসুমের প্রথম ম্যাচে শেখ রাসেলকে গোলের জন্য ধুঁকতে হয়েছে। মাঝমাঠ ঠিক গোছানো আক্রমণ গড়তে পারেনি। ফুটে উঠেছে মামুনুল, সনিদের অভাব।
চট্টগ্রাম আবাহনী যেভাবে দ্বিতীয়ার্ধে প্রাধান্য নিয়ে খেলেছে, গোল না খেয়ে ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়া শেখ রাসেলের জন্য খানিকটা স্বস্তিরই। রজনী, হাসান আল মামুন, রেজাউলদের নিয়ে গড়া রাসেলের রক্ষণে এমনই ফাঁক-ফোকর বের হচ্ছিল, যেকোনো সময়ই গোল পেতে পারত চট্টগ্রামের দলটি। রাসেলকে রক্ষা করেছেন গোলরক্ষক বিপ্লব, যাঁর নেতৃত্বেই গত মৌসুমটা রাসেলের জন্য ছিল সোনায় মোড়ানো।
প্রথমে ৫-৩-২ ছকে শুরু করে চট্টগ্রাম আবাহনীর কোচ নজরুল ইসলাম যখন দেখলেন, রাসেলের রক্ষণ দুর্বল, দ্বিতীয়ার্ধে তিনি চলে যান ৪-৪-২-এ। এতে বেশ কাজ হয়েছে। তবে অনভিজ্ঞতায় জায়গামতো গিয়েও শেষটা আর ভালো করতে পারেনি চট্টগ্রাম আবাহনীর ফরোয়ার্ডরা।
তার অনেক আগেই চট্টগ্রাম আবাহনী গোল খেয়েছে। ১৮ মিনিটে ডান প্রান্ত থেকে আনায়ারের ক্রসে মরোক্কান স্ট্রাইকার ইউনিস রক্স ক্ষিপ্রতার সঙ্গে প্লেসিং করে এগিয়ে নেন রাসেলকে। ব্যবধান বাড়াতে রাসেল তাকিয়ে ছিল জ্যামাইকান ফরোয়ার্ড রিকার্ডো কাজিনসের দিকে। কিন্তু গোল পাননি তিনি।
বরং রাসেলের জার্সি গায়ে চোখ কাড়লেন উরুগুইয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার ফ্রান্সিসকো সুকার। ২৭ বছর বয়সী সুকার নিজের অভিষেক ম্যাচে ওয়ান টাচেই বল ছাড়লেন। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে নিজেকে আরও মেলে ধরার প্রতিশ্রুতি রাখলেন ফোরলান-সুয়ারেজের স্বদেশি ফুটবলার।
ফেরা যাক বিজেএমসি ম্যাচে। বিজেএমসি কোথায় আগের চেয়ে ভালো দল গড়বে, তারা উল্টো পেছনের দিকেই হাঁটছে। এবার বিজেএমসি হয়েছে আগের চেয়ে সাদামাটা দল। তারুণ্যনির্ভর এই দলের কোচও নতুন। আগের দুবারের ‘সফল’ কোচ জাকারিয়া বাবুকে বিদায় দিয়ে নেওয়া হয়েছে আলী আসগর নাসিরকে। দলটা সব দিক দিয়ে শক্তি হারিয়ে দুর্বলই হয়ে পড়েছে।
তবু পুলিশের বিপক্ষে ১৭ মিনিটে গোল করে জয়ের রাস্তাই দেখছিল বিজেএমসি। গোলদাতা জাতীয় দলের সাবেক ফরোয়ার্ড মেহেদী হাসান তপু, যিনি অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোল করে মান বাঁচিয়েছেন বিজেএমসির। ৭৫ মিনিটে আমিরুল এবং ৮৮ মিনিটে কবিরুলের গোল পুলিশকে ২-১-এ এগিয়ে দিলে জমে যায় ম্যাচটা।
পুলিশ দলের প্রশংসা করতেই হয়। রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ফুটবলটাও ভালো খেলতে পারেন, তা বুঝিয়ে দিলেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে কালকের প্রথম ম্যাচে। প্রথমে পিছিয়ে পড়েও পরে এগিয়ে গিয়ে জিততে পারল না স্রেফ অভিজ্ঞতার অভাবে।