গত মৌসুমে তাদের দলবদলের মিছিলে ছিল পুরান ঢাকার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি, বাদ্যবাজনা, পুষ্পশোভিত একদল সমর্থক। দলবদলেও ছিল চমক। জাতীয় দলের একঝাঁক ফুটবলার নিয়ে বিশাল বাজেটের দল গড়েছিল শেখ রাসেল ক্রীড়াচক্র। মাঠেও তাদের চমক ছিল ধারাবাহিকভাবেই।
দলবদলের চমকের সমান্তরালেই মাঠের পারফরম্যান্স দেখিয়ে জিতল তারা ট্রেবল। একমাত্র রানার্সআপ ট্রফিটা আসে সুপার কাপ থেকে। অথচ সেই শেখ রাসেলই কি না কাল বাফুফে ভবনে একেবারে নিষ্প্রাণ দলবদল সারল! না কোনো গাড়ি, না বাদ্যবাজনা। এমনকি ফুটবলার এবং কোচকেও দেখা যায়নি ভবনে। এমন নিরুত্তাপ দলবদলে কর্মকর্তারাই থাকলেন আনুষ্ঠানিকতার মধ্যমণি হয়ে। এ যেন ভাঙা হাট!
গত মৌসুমের সেরা খেলোয়াড়দের বেশির ভাগই পাড়ি জমিয়েছেন অন্য ক্লাবে। জাহিদ হোসেন ও এমিলি মোহামেডানে, মামুনুল, লিংকন ও সনি নর্দে শেখ জামালে, আবাহনীতে খেলবেন রাজন মিয়া। তবে শেখ জামাল থেকে এসেছেন অভিজ্ঞ ডিফেন্ডার হাসান আল মামুন, মোহামেডান থেকে রজনীকান্ত বর্মণ, মুক্তিযোদ্ধা থেকে মিডফিল্ডার জুয়েল রানা। পুরোনো ও অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি তরুণ কিছু ফুটবলার এবার খেলবেন নীল জার্সিতে। এঁদের মধ্যে আরামবাগের গোলরক্ষক মাসুদ রানা, মিডফিল্ডার সবুজ কুমার, শেখ জামালের গোলরক্ষক অসীম, মিডফিল্ডার শাকিল, মোহামেডানের রবিন, দ্বিতীয় স্তরের দল ভিক্টোরিয়ার রাব্বি ও তৃতীয় বিভাগের তৌহিদুজ্জামান। এবারও শেখ রাসেলের গোলদুর্গ আগলাবেন অভিজ্ঞ বিপ্লব ভট্টাচার্য। নতুন চুক্তি করেছেন স্ট্রাইকার আনোয়ার ও মিঠুন।
এবারের দল নিয়ে খুব সন্তুষ্ট নন ট্রেবলজয়ী কোচ মারুফুল হক। এই দল নিয়ে এবার কত দূর যেতে পারবেন কোচ? টেলিফোনে আশাবাদীই শোনাল তাঁর কণ্ঠ, ‘গত মৌসুমে আমার দলটা ভালোই ছিল। কিন্তু এবার যেমন দল পেয়েছি, তাতে অনেক টার্গেট থেকে আমাকে সরে আসতে হয়েছে। তার পরও আমি আশাবাদী, ভালো কিছু করব। এই দল নিয়েই আমাকে লড়াই করতে হবে।’