একে তো বৃষ্টির কারণে প্রথম দুই ঘণ্টা খেলা হয়নি, তার ওপর পেসাররা যা করছিলেন; তাতে তাঁর হাতে বল তুলে দেওয়ার প্রয়োজনই অনুভব করেননি অধিনায়ক। অবশেষে ইনিংসের ৫৮তম ওভারে হাত নিশপিশ করতে থাকা গ্রায়েম সোয়ান বল পেলেন। দ্বিতীয় বলেই তুলে নিলেন পাল্টা আক্রমণ চালাতে থাকা প্রসন্ন জয়াবর্ধনেকে। ভাঙল অষ্টম উইকেটে ইনিংস-সর্বোচ্চ ৪১ রান তোলা জুটি। সোয়ান এর আগে বোলিংয়ের সুযোগ পাননি পেসারদের, আরও সুনির্দিষ্ট করে বললে ক্রিস ট্রেমলেটের কারণে। নিজের একসময়কার হোম গ্রাউন্ডের টেস্ট অভিষেকটা স্মরণীয় করে রাখার পণই যেন করেছেন ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার এই ফাস্ট বোলার। আগের দিনের ২ উইকেটের সঙ্গে কাল আরও ৪ উইকেট যোগ করেছেন। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনটা ৯ উইকেটে ১৭৭ রান তুলে শেষ করেছে ধুঁকতে থাকা শ্রীলঙ্কা।সারা দিনে মাত্র ২৩.২ ওভার খেলা হয়েছে, তাতেই ৫ উইকেট নেই। ট্রেমলেট একাই নিয়েছেন এর ৪ উইকেট। বোঝাই যাচ্ছে, দিনটা কতটা ট্রেমলেটময় ছিল। কাল দিনের দ্বিতীয় আর তাঁর প্রথম ওভারেই ট্রেমলেট ফিরিয়ে দিয়েছেন থিলান সামারাবীরাকে। পরের ওভারে ফিরিয়েছেন থিসারা পেরেরাকেও। এই যুগল আঘাতে শ্রীলঙ্কার স্কোর হয়ে যায় ৯১/৬। মেঘলা আবহাওয়ায় যেভাবে বোলিং করছিলেন, আর শ্রীলঙ্কা যেভাবে কাঁপছিল, তাতে সফরকারীদের অলআউট হয়ে যাওয়া মনে হচ্ছিল সময়ের ব্যাপার।এখান থেকেই সপ্তম আর অষ্টম উইকেটে ২৬ ও ৪১ রানের দুটি জুটি গড়েন প্রসন্ন। পাল্টা আক্রমণও শুরু করেছিলেন। হেরাথকে ফিরিয়ে দিয়ে ট্রেমলেট ভাঙেন প্রথম জুটিটা, পরের জুটি ভাঙে সোয়ানের আঘাতে। প্রসন্ন অবশ্য আউট হয়েছেন নিজের দোষেই। সোয়ানকে পেয়েই স্লগ সুইপ করে মিড উইকেটের ওপর দিয়ে মারতে চেয়েছিলেন। কিন্তু মরগানের হাতে ধরা পড়েন সীমানার কাছে। প্রসন্নের বিদায়ের খানিক পরে লাকমলকে ফিরিয়ে দিয়ে ষষ্ঠ উইকেট তুলে নেন ট্রেমলেট। ৬/৪২ তাঁর ক্যারিয়ার-সেরা বোলিং। তথ্যসূত্র: স্টার ক্রিকেট।