ট্রেমলেটের ওপরই ভরসা ওয়ার্নের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট ইতিহাসের ২০০০তম টেস্টে লর্ডসে মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। ঐতিহাসিক এই টেস্টটি স্মরণীয় করে রাখার অনন্য সুযোগ পাচ্ছেন এ সময়ের সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। ক্রিকেট ক্যারিয়ারের ১০০তম শতকটি এই টেস্টেই করতে পারেন কি না, তা দেখার জন্য উন্মুখ হয়ে আছেন টেন্ডুলকার-ভক্তরা। অন্যদিকে ঐতিহাসিক এই টেস্টটা জয়ের জন্য টেন্ডুলকারকে যে তাড়াতাড়ি সাজঘরে ফেরাতে হবে, সেটাও খুব ভালোমতোই বুঝতে পারছে স্বাগতিক ইংল্যান্ড। লিটল মাস্টারকে আউট করার কাজটা দীর্ঘদেহী ইংলিশ পেসার ক্রিস ট্রেমলেটই সবচেয়ে ভালো করতে পারবেন বলে মনে করছেন অস্ট্রেলিয়ান স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন।ডেইলি টেলিগ্রাফের এক কলামে ওয়ার্ন লিখেছেন, ‘এই সিরিজে ট্রেমলেট খুব ভালো করবে বলেই মনে হচ্ছে। তার বাউন্স ও আত্মবিশ্বাসের ফলে সে এই সিরিজের সেরা খেলোয়াড়ও হয়ে যেতে পারে। সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় তার নামটাই আগে থাকার সম্ভাবনা অনেক বেশি। টেন্ডুলকারকে আউট করার ক্ষেত্রেও ট্রেমলেট অগ্রণী ভূমিকা পালন করতে পারে।’ লর্ডস টেস্টটা জয়ের জন্য টেন্ডুলকারকে তাড়াতাড়ি সাজঘরে ফেরানোর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ওয়ার্ন। লিটল মাস্টারকে ৫০ রানের মধ্যে আউট করতে পারলেও সেটা ইংল্যান্ডের জন্য সাফল্য হিসেবেই বিবেচনা করবেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ান সাবেক এই লেগস্পিনার। তিনি বলেছেন, ‘টেন্ডুলকারকে তাঁর ব্যাটিং গড়ের নিচেই আউট করার কথা চিন্তা করতে হবে ইংলিশ বোলারদের। তাঁকে যদি ৫০ রানের কমেও আউট করা যায়, তাহলেও সেটাকে সাফল্য হিসেবেই বিবেচনা করতে হবে।’ শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের শেষ টেস্ট সিরিজটিতে ১৫টি উইকেট নিয়েছিলেন ট্রেমলেট। এখন ভারতের বিপক্ষেও তিনি জ্বলে উঠতে পারেন কি না, সেটাই দেখার বিষয়। ওয়েবসাইট।