ট্রেসকোথিক-রোগে এবার ট্রট

মার্কাস ট্রেসকোথিকের সৌজন্যে ক্রিকেট-বিশ্ব ভালোভাবেই জানে যে মানসিক অবসাদ একটি রোগ। এবং বেশ ভয়াবহ রোগ। সেই ভয়াবহতার আরেকটি প্রমাণ হয়ে আছেন মাইকেল ইয়ার্ডি। মানসিক অবসাদের তৃতীয় শিকার এবার আরেক ইংলিশ। ব্রিসবেনে শর্ট বলে বিপর্যস্ত জোনাথন ট্রট ফিরে গেছেন দেশে। আনুষ্ঠানিক কারণ ‘চাপজনিত অসুস্থতা।’ এই কেতাবি নামের আড়ালে আসল ব্যাপারটি যে মানসিক অবসাদ, সেটা আর কে না জানে!
ব্রিসবেন টেস্টে ট্রটকে দেখে মনে হচ্ছিল মাঠে থেকেও যেন নেই। ডেভিড ওয়ার্নার তো প্রকাশ্যেই ট্রট ফাস্ট বোলিংয়ে ‘ভীতসন্ত্রস্ত’ বলে বিতর্কের ঝড় তুলেছিলেন। এখন জানা যাচ্ছে, ট্রটকে অমন মনে হওয়ার মূলে ছিল আরও বড় কারণ।
মাঠে ট্রটকে অন্য রকম দেখে টেস্টের তৃতীয় দিন সন্ধ্যায়ই তাঁর সঙ্গে কথা বলেন কোচ অ্যান্ডি ফ্লাওয়ার ও ইসিবির ব্যবস্থাপনা পরিচালক হিউ মরিস। আলোচনা থেকে সিদ্ধান্তে পৌঁছাতে খুব বেশি সময় লাগেনি। রোববার টেস্ট শেষ হওয়ার পর রাতেই দেশের বিমানে চাপেন ট্রট। বিবৃতিতে জানিয়ে গেছেন, ‘আমি শতভাগ প্রস্তুত নই এবং অতীতে যে পর্যায়ে নিজেকে নিয়ে গিয়েছি, এই মুহূর্তে সেখানে যেতে পারব না জেনেও খেলে যাওয়াকে ঠিক মনে করছি না। এই মুহূর্তে ক্রিকেট থেকে বিরতি নিয়ে সেরে ওঠাকেই গুরুত্ব দিচ্ছি আমি।’
ফ্লাওয়ার জানাচ্ছেন, ট্রটের এই সমস্যা অনেক পুরোনো এবং তিনি কোচের দায়িত্ব নেওয়ার সময় থেকেই এটি জানেন। নিজের সঙ্গে লড়াই করে বেশ কবার নাকি ফিরেও এসেছেন ট্রট। এ জন্যই তিন নম্বরে দলের ভরসাকে আবার ফিরে পাওয়ার আশা করছেন ইংল্যান্ড কোচ, ‘চাপজনিত সমস্যার সঙ্গে বেশ কিছুদিন ধরেই লড়াই করছে ট্রটি এবং সাফল্যের সঙ্গে সামলেও এসেছে। ইংল্যান্ডের জন্য দারুণ এক ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে ও, আশা করি ভবিষ্যতে আবার ওকে এভাবেই আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে। কিন্তু এই মুহূর্তে ওর পরিবারের সঙ্গে একান্তে কিছু সময় কাটানো প্রয়োজন।’
ব্রিসবেনে বাউন্সারের মিছিল ও ওয়ার্নারের খোঁচার প্রসঙ্গ উঠবে জেনেই হিউ মরিস বলেছেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, চাপজনিত সমস্যা জোনাথন লম্বা সময় ধরেই সামলে আসছে। গত কিছুদিনের নির্দিষ্ট কোনো ঘটনার প্রভাব এতে নেই।’
মানসিক অবসাদ ব্যাপারটি কতটা ভয়াবহ হতে পারে, ক্রিকেট-বিশ্বকে তা সবচেয়ে ভালোভাবে জানিয়েছেন ট্রটের পূর্বসূরি ট্রেসকোথিক। ৩০ পেরোনোর আগেই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়তে হয়েছে এ কারণেই। ২০১১ বিশ্বকাপ থেকে হুট করে একই কারণে দেশে ফেরেন অলরাউন্ডার মাইকেল ইয়ার্ডি। তিনিও আর ফিরতে পারেননি আন্তর্জাতিক ক্রিকেটে।
ইংলিশ ক্রিকেট মহলে ট্রটের ঘটনা এসেছে বিনা মেঘে বজ্রপাত হয়ে। তবে সবারই সহানুভূতি ও সমর্থন পাচ্ছেন ৩২ বছর বয়সী ব্যাটসম্যান। সতীর্থ স্টুয়ার্ট ব্রড টুইট করেছেন, ‘লাভ ট্রটি। সত্যিকারের এক চ্যাম্পিয়ন। ও জানে যে চারপাশের সবার সমর্থন ওর প্রতি আছে।’ সাবেক ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেইন ‘স্তম্ভিত।’ অপরাধবোধ থেকে টুইট করেছেন আরেক সাবেক অধিনায়ক মাইকেল ভন, ‘ট্রটের সমালোচনা করায় নিজেকে এখন অপরাধী মনে হচ্ছে। আমি তো জানতাম না ও কী অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। শুধু যা দেখেছি, সেটাই বলেছি।’
ট্রটের ভেতরটা এই মুহূর্তে সবচেয়ে ভালো পড়তে পারছেন ট্রেসকোথিক। নিজের অভিজ্ঞতা দিয়েই জানিয়েছেন এই সময়ের মনোজগতের কথা, ‘কোনো কিছুই সহ্য করা যায় না, দিন যেন কাটে না। টেস্ট ম্যাচে খেলা বা জয়ের চেষ্টা করা তো বহুদূর। ট্রটের প্রতি আমার সহানুভূতি থাকল। এসব ব্যাপার নিয়ে এগিয়ে এসে প্রথমবার কথা বলাই সবচেয়ে কঠিন। আমি নিশ্চিত সে মোটেও ভালো বোধ করছে না। তবে দেশে ফেরার সিদ্ধান্তটা অবশ্যই সঠিক নিয়েছে।’ ওয়েবসাইট।