ট্রেসকোথিক-রোগে দেশে ফিরলেন ইয়ার্ডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাজ সমুদ্র হোটেলে কাল সকালে ইংলিশ ক্রিকেটারদের ঘুম ভেঙেছিল আর দশটা দিনের মতোই। তবে ফোনে একটা বার্তা পেয়ে চমকে গেলেন অনেকেই। সবাই নয়, কারণ কয়েকজন জানতেন আগে থেকেই। কোয়ার্টার ফাইনালের দুই দিন আগে টিম হোটেল ছেড়ে দেশে ফিরে গেছেন মাইকেল ইয়ার্ডি!এই বিশ্বকাপে চোট-আঘাতে জর্জরিত ইংল্যান্ডের কে কখন দেশে ফিরছে আর কে আসছে বিকল্প হিসেবে, হিসাব রাখা মুশকিল। ইয়ার্ডিও দেশে ফিরেছেন চোট নিয়ে। তবে চোটটা শরীরের নয়, মনের! বাঁহাতি অলরাউন্ডার দেশে ফিরে গেছেন মানসিক অবসাদ নিয়ে।মার্কাস ট্রেসকোথিকের সৌজন্যে এই ব্যাপারটা ক্রিকেট-বিশ্ব ভালোই জানে যে মানসিক অবসাদও একটা রোগ এবং সেটা কতটা ভয়ংকর। ইংলিশ ক্রিকেটের ব্যাটিংয়ের ধারা বদলে দেওয়া ট্রেসকোথিক মারকুটে ব্যাটিংয়ে প্রতিপক্ষের জন্য হয়ে উঠেছিলেন সবচেয়ে ভীতিকর ইংলিশ ব্যাটসম্যান। ইংল্যান্ডের নেতৃত্ব পাওয়াটাও ছিল প্রায় নিশ্চিত। কিন্তু মানসিক অবসাদ বাঁহাতি ওপেনারের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করে দিল মাত্র একত্রিশেই। সমারসেটের হয়ে এখনো রানের বন্যা বইয়ে দিচ্ছেন কাউন্টিতে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারছেন না, কারণ বাড়ির বাইরে থাকলেই অবসাদ ছেয়ে ফেলে তাঁকে। রোগটা যখন মাথাচাড়া দেয়, তখন নিজেকে কতটা অসহায় লাগে, এর বিস্তারিত ও করুণ বর্ণনা আছে ট্রেসকোথিকের আত্মজীবনী কামিং ব্যাক টু মিতে।ইয়ার্ডির রোগটা কোন পর্যায়ে বা এবারই প্রথম কি না বিস্তারিত জানা যায়নি। জানার জন্যই কাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে চাওয়া হয়েছিল ইয়ার্ডির দীর্ঘদিনের সাসেক্স-সতীর্থ ও ইংল্যান্ডের স্পিন কোচ মুশতাক আহমেদকে। কিন্তু এলেন রবি বোপারা। জানালেন, দু-এক দিন ধরেই অন্য রকম লাগছিল ইয়ার্ডিকে, ‘দু-এক দিন ধরেই ওকে ঠিক আমাদের চিরপরিচিত ইয়ার্ডি মনে হচ্ছিল না। এমনিতে ও খুব হাসিখুশি। সব সময় মজা-টজা করে। বুঝতে পারছিলাম কিছু একটা ঠিক নেই। কিন্তু বুঝতে পারিনি অবস্থা এতটা খারাপ।’আনুষ্ঠানিক বিবৃতিতে ইয়ার্ডিও জানিয়ে গেছেন, একদম না পেরেই এই সিদ্ধান্ত, ‘বিশ্বকাপের মাঝখানে দল ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটা ছিল খুব কঠিন। কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো বিকল্প মনে হয়েছে এটাই এবং চলে যাওয়ার কারণটা নিয়েও আমি সৎ থাকতে চেয়েছি। শনিবারের ম্যাচের জন্য দলের প্রতি আমার শুভকামনা থাকল। আশা করি, সামনে কয়েকটা সপ্তাহ আমি নিজের মতো করে পরিবারের সঙ্গে একান্তে সময় কাটাতে পারব।’গত বছর ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ইয়ার্ডির। এই বিশ্বকাপে অবশ্য ইংল্যান্ডের ছয় ম্যাচের মাত্র তিনটিতে খেলেছেন, ভালো করতে পারেননি। তবে তাঁর বিবৃতিতে আভাস পাওয়া যাচ্ছে, অবসাদটা নিজের ফর্মসংক্রান্ত নয়, ট্রেসকোথিকের মতোই ঘর ও পরিবার নিয়ে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে কোয়ার্টার ফাইনালের মতো ম্যাচের আগে ইয়ার্ডির এমন সিদ্ধান্ত ঠিক হলো কিনা। বোপারা সতীর্থের পাশেই দাঁড়ালেন, ‘এটা ছোটখাটো কোনো বিষয় নয়। এসব নিয়ে সবার খোলামেলাই হওয়া উচিত। লুিকয়ে রাখলে অনেক বড় ক্ষতি হতে পারে, এমনকি জীবন সংশয়ও হতে পারে। এটা ভেবে আমার ভালো লাগছে যে ব্যাপারটা ও লুকায়নি।’ইয়ার্ডিকে পূর্ণ সমর্থন দিয়েছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক হিউ মরিসও। কিন্তু ট্রেসকোথিকের অভিজ্ঞতাই শঙ্কাটা জাগায়, অবসাদ কি কেড়ে নিল আরেক ক্রিকেটারের আন্তর্জাতিক ক্যারিয়ার?