ট্র্যাক মাতাল মেজবাহ-তাসলিমা
২৬তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিকসের সেরা অ্যাথলেট মেজবাহ আহমেদ ও তাসলিমা আক্তার (মণি)। দুজনই বিকেএসপির ছাত্রছাত্রী।মেজবাহ গত বছর জিতেছে চারটি সোনা—১০০, ২০০ মিটার স্প্রিন্ট, হাইজাম্প ও ৪–১০০ মিটার রিলে। এবার ১০০, ২০০ মিটার স্প্রিন্ট, হাইজাম্প, লংজাম্প ও ট্রিপল জাম্প। প্রতিযোগিতায় সর্বোচ্চ ৫টি সোনা তারই। তাসলিমার ৪টি সোনা—১০০ মিটার স্প্রিন্ট, হাইজাম্প, লংজাম্প ও ৪–১০০ মিটার রিলে। জাতীয় জুনিয়রে এ নিয়ে ১৩টি সোনা জিতল তাসলিমা। মেজবাহ জিতল ১০টি।সবচেয়ে বড় বিষয়, অনূর্ধ্ব-১৮ বিভাগে দুজনই টানা দ্বিতীয়বার দ্রুততম মানব-মানবী হয়েছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল শেষ দিনে জিতল ১০০ মিটার। টাইমিং অবশ্য তেমন ভালো হয়নি। হাতঘড়িতে মেজবাহর টাইমিং ১১.৪০ সেকেন্ড, তামলিমার ১২.৭০।গাইবান্ধার মেয়ে তসলিমা বলল, ‘আগামীবার সিনিয়র মিটে আমার প্রিয় অ্যাথলেট চুমকি আপাকে (বর্তমান দ্রুততম মানবী শামসুন্নাহার চুমকি) হারাতে চাই।’ দ্রুততম মানব হওয়ার স্বপ্ন মেজবাহরও। অ্যাথলেটিকস-সংশ্লিষ্টরা বলেছেন, সম্ভাবনাময় অ্যাথলেটদের দীর্ঘ মেয়াদে প্রশিক্ষণ দিতে হবে। নইলে এরা বরাবরের মতো চোরাবালিতে হারিয়ে যাবে।ময়মনসিংহের ১৩ বছরের কিশোরী মারজিয়া আফরিন হারিয়ে যেতে চায় না। সিনিয়র বিভাগে ৮০০ মিটারে দৌড়ে বিকেএসপির মেয়েদের অনেকটা পেছনে রেখে সে সোনা জিতেছে। তা দেখে অনেকেই মুগ্ধ। কালই একটা প্রতিষ্ঠান থেকে চাকরির প্রস্তাব পেয়েছে। তবে এখন তাকে বিকেএসএসপিতে ভর্তি করতে চাইছেন অভিভাবকেরা। বিকেএসপির পাপিয়া সরকারও ভালো করেছে। ২০০ মিটার জিতলেও সে অবশ্য ১০০ মিটারে হেরেছে।১৯৯৯ সাল থেকে এই প্রতিযোগিতায় টানা চ্যাম্পিয়ন বিকেএসপি। এবার ৩০টি সোনার ১৭টি গেছে তাদের ঘরে (১৫ রুপা, ৩ ব্রোঞ্জ)। ৩টি সোনাসহ ৬টি পদক জিতে রানার্সআপ কিশোরগঞ্জ। ২টি করে সোনা জিতেছে ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, নড়াইল। নোয়াখালী, কুড়িগ্রাম, ডাক বিভাগ ও শেরপুর জিতেছে ১টি করে সোনা।অবাক ব্যাপার, দুই দিনের প্রতিযোগিতায় কোনো রেকর্ডই হয়নি!