বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পূর্ব গ্যালারির সামনে তখনো পড়ে ছিল একগাদা বাঁশ। এখানে-সেখানে এলোমেলো করে রাখা কাঠের স্তূপ। স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত কনসার্টের মঞ্চটাও সরানো হয়নি। অ্যাথলেটিকস ট্র্যাকের ওপর পাশাপাশি রাখা হার্ডলস বার ও কাঠের স্তূপ। ট্র্যাকের চারপাশে ছড়ানো-ছিটানো কাগজের টুকরা, প্লাস্টিকের বোতল, শামিয়ানার কাপড়—সব মিলিয়ে নোংরা পরিবেশ। চার দফা পেছানোর পর এই পরিবেশেই আজ শুরু হচ্ছে ৩৬তম জাতীয় অ্যাথলেটিকস।১০ কোটি টাকার অ্যাথলেটিকস ট্র্যাকে বিশ-একুশ জায়গায় গর্ত। বিচারকদের বসার রেলিংয়ের সামনে কয়েক জায়গা ছেঁড়া। এখানে দৌড়াতে গেলে চোটে পড়ার আশঙ্কা রয়েছে অ্যাথলেটদের। এটা নিয়ে স্বভাবতই হতাশ অ্যাথলেটরা।শুধু ট্র্যাকই যে হতাশা উপহার দেওয়ার আয়োজন করছে তা নয়। প্রতিযোগিতা চলবে হ্যান্ড টাইমিংয়ে। ইলেকট্রনিক স্কোর বোর্ড চালানোর জন্য যে দুটি ল্যাপটপ ছিল সেটি চুরি হয়ে গিয়েছিল গত এসএ গেমসের পরপরই। তারপর আর কোনো ল্যাপটপ জোগাড় করা যায়নি। তাই হ্যান্ড টাইমিংই ভরসা!ক্ষতিগ্রস্ত ট্র্যাকে অবশ্য সলিউশন লাগিয়ে সমস্যার আপাতসমাধানের একটা চেষ্টা করছে ফেডারেশন। তবে জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি দিয়েও যে কোনো লাভ হয়নি কাল সেটাই বললেন ফেডারেশন সাধারণ সম্পাদক শাহ আলম, ‘আমরা এনএসসিকে এ ব্যাপারে আগে থেকেই জানিয়েছি। চিঠিও দিয়েছি। কিন্তু তারা বলেছে প্রতিযোগিতা চালিয়ে নিতে।’দুই দিনব্যাপী প্রতিযোগিতায় ৩৬টি ইভেন্টে অংশ নিচ্ছেন ৩২৫ জন পুরুষ ও ১২৫ জন মহিলা অ্যাথলেট। প্রতিযোগিতার পৃষ্ঠপোষক ওয়ালটন। কাল সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানিয়েছেন ফেডারেশনের সভাপতি এ এস এম আলী কবির। উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম, ওয়ালটন গ্রুপের এ এম ইকবাল বিন আনোয়ার প্রমুখ।