ট্র্যাকে দুই নবীনের ঝলক
দুজনই বিকেএসপির ছাত্রছাত্রী। এখন উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন একসঙ্গেই। ট্র্যাকেও দুজনের মধ্যে দারুণ মিল থাকল। একই দিনে বাংলাদেশ গেমসকে চমক দিয়ে দুজনই জিতলেন ২০০ মিটার সিপ্রন্টের সোনা। আবু রায়হান ও জাকিয়া সুলতানার আগমন বাংলাদেশের মুমূর্ষু অ্যাথলেটিকসে যেন হঠাৎ আলোর ঝলকানি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল এ দুজনের ওপরই থাকল সব আলো। জাকিয়ার ওপর বেশি। সবচেয়ে বড় কারণ, বাংলাদেশের সাম্প্রতিক কালের সিপ্রন্টের রানি নাজমুন নাহার বিউটিকে হারিয়ে দিয়েছেন জাকিয়া। অনেকটা পেছনে থেকে তৃতীয় হয়েছেন বিউটি। বিকেএসপিরই আরেক প্রতিযোগী জাকিয়ার বান্ধবী শিরিন আক্তার দ্বিতীয়। মনে হচ্ছে, ২০০ মিটারে বিউটির রাজত্ব শেষ!গত জাতীয় চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারে বিউটির কাছে হেরেই ফটো ফিনিশিংয়ে দ্বিতীয় হয়েছিলেন জাকিয়া। সেই জেদ থেকেই এবার শৃঙ্গ জয়। খেলা নিয়ে বড় স্বপ্ন দেখেন, অনেক দূর যাওয়ার প্রতিশ্রুতি তাঁর মধ্যে।রায়হানের শুরুটাও সম্ভাবনার বীজ বুনে। জাতীয় চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারের সেরা আজহারুল ইসলামকে কাল হারিয়েছেন। তবে রায়হানের ইভেন্ট শেষে যে-ই বিউটির মঞ্চে জাকিয়ার আর্বিভাব, অমনি সংবাদমাধ্যমসহ সবার আগ্রহের কেন্দ্রে চলে এলেন জাকিয়া। একটা ব্যাপার লক্ষণীয়, এই সাফল্যের জন্য দুজনই ছিলেন একাগ্র। গত পরশুও উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন দুজন। গতকাল পরীক্ষা ছিল না বলে রক্ষা। নইলে ট্র্যাকে নামা কঠিন হয়ে পড়ত। সকালে হিট দিয়ে সাভার গিয়ে পরীক্ষা দিয়ে আবার আসতে হতো ট্র্যাকে। এই কষ্ট মেনে নিতে তৈরিই ছিলেন দুজনই। জাকিয়া যখন ভি-চিহ্ন দেখিয়ে আনন্দ করছেন, একটু দূরে হতাশ বিউটি। বললেন, ‘আমার প্রস্তুতিটা আসলে ভালো হয়নি। তাই হেরে গেলাম। তবে এখনো ১০০ মিটার আছে। দেখি ওতে কী করা যায়।’ পরে অবশ্য ১০০ মিটার রিলেতে বিজেএমসির সোনা জয়ে নেতৃত্ব দিয়েছেন বিউটি। তবে এটি বিউটির ক্যারিয়ার-গোধূলি আড়াল করতে পারছে না। এই দিনের নতুন সূর্য জাকিয়া নতুন জাতীয় রেকর্ড করেছেন বলে অ্যাথলেটিকস ফেডারেশনের দাবি। তারা বেশ কয়েকবার জাকিয়ার বিভিন্ন রকম টাইমিং দিয়েছে, সর্বশেষ জানিয়েছে জাকিয়ার টাইমিং ২৫ সেকেন্ড। এটি ইলেকট্রনিক টাইমিং। আগের রেকর্ডটা বিউটির (২৪.৩৫ সে. যেটি হাতঘড়িতে)। কাল করেছেন ২৫.৫০ সে., তাই রেকর্ড হলো কিনা বলা মুশকিল। রায়হানের টাইমিং ২১.৫০ সে.। দ্বিতীয় হওয়া আজহারের ২১.৬০। তৃতীয় মারুফ হোসেনের ২১.৮০। পুরুষ ২০০ মিটারে বাংলাদেশের সেরা ইলেকট্রনিক টাইমিং প্রয়াত মাহবুব আলমের (মাদ্রাজ সাফে ২১.১৫ সে. নিয়ে সোনা জয়)। তবে এই টাইমিং আরও ভালো হতে পারত, বললেন রায়হান। সঙ্গে সংযোজন, ‘চার বছর আগে বাবা মারা গেছেন। আজ সোনা জিতে তাঁর স্বপ্ন পূরণ করে ভারমুক্ত লাগছে। এখন যুব অলিম্পিকে সুযোগ পেলে ভালো করতে চাই।’ ২০০ মিটার ছাড়াও কাল অ্যাথলেটিকসে আরও ১০টি ইভেন্ট হয়েছে। কোনোটিতেই রেকর্ড হয়নি। ২০০ মিটারের মতো আরও কয়েকটা ইভেন্ট পেয়েছে নতুন বিজয়ী।তেমনই আরেকজন বিজেএমসির রত্না ইসলাম। মহিলা হাইজাম্পে সোনা জিতেছেন। এই ইভেন্টের দীর্ঘদিনের চ্যাম্পিয়ন সাথী পারভীন খেলতে পারেননি চোটের কারণে।পুরুষ ১৫০০ মিটারে বর্ডার গার্ডের মোহাম্মদ সজীব সোনা জিতেছেন, মহিলা বিভাগে বিজেএমসির মমতা। পুরুষ শটপুটে বিজয়ী সেনাবাহিনীর মামুন শিকদার, ৪০০ মিটার হার্ডলসে বিমানবাহিনীর আফজাল হোসেন, বর্শা নিক্ষেপে সেনাবাহিনীর রাশেদুজ্জামান। আগামীকাল ১০০ মিটার। কোনো চমক কি অপেক্ষা করছে?