ট্র্যাকে সোনা ছিনতাই!
অ্যাথলেটিকস ট্র্যাকের একপাশে রাখা ইলেকট্রনিক স্কোরবোর্ড। ২০০ মিটার দৌড় শেষে হাঁপাতে হাঁপাতে এর ঠিক সামনেই বসে পড়লেন বিজেএমসির নাজমুন নাহার বিউটি। ফটো সাংবাদিকেরা অনুরোধ করলেন বোর্ডের আরও কাছে গিয়ে বসতে। শুরু হলো ক্লিক, ক্লিক।সেই ২০০২ সালে বাংলাদেশ গেমসে অ্যাথলেটরা পেয়েছিলেন ইলেকট্রনিক স্কোরবোর্ড। তার আট বছর পর ২০১০ ঢাকা এসএ গেমসেও বাধ্য হয়েই এই প্রযুক্তির ব্যবহার করতে হয়েছে। কিন্তু ফেডারেশনের উদাসীনতায় আবারও হারিয়ে যেতে বসেছিল ইলেকট্রনিক টাইমিং পদ্ধতি। কাল আবার ওটা ফিরল।প্রতিবছরের মতোই বিবর্ণ আর প্রাণহীন এই জাতীয় অ্যাথলেটিকসের প্রথম দিনে শেষ হয়েছে ১১টি ইভেন্ট। এর মধ্যে নতুন জাতীয় রেকর্ড হয়েছে একটিতে—বর্শা নিক্ষেপে ২১ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন সেনাবাহিনীর রাশেদুজ্জামান। মেয়েদের ২০০ মিটারে সোনা জিতেছেন সেই পুরোনো মুখ নাজমুন নাহার বিউটি (২৫.৭৯ সে.)। ফটো ফিনিশিংয়ে অল্পের জন্য (২৫.৮০ সে.) সোনা হাতছাড়া হয়েছে এই প্রথম বড়দের প্রতিযোগিতায় অংশ নেওয়া বিকেএসপির জাকিয়া সুলতানার। ইনজুরির কারণে মিটে অংশ নিচ্ছেন না এই ইভেন্টের বর্তমান চ্যাম্পিয়ন শামসুন নাহার (চুমকি)। তবে অংশ না নিলেও খেলা দেখতে এসেছিলেন চুমকি, দৌড় শেষে অভিনন্দনও জানিয়েছেন বিউটিকে। ছেলেদের ২০০ মিটারে সোনা জিতেছেন সেনাবাহিনীর আজহারুল ইসলাম।বঙ্গবন্ধু স্টেডিয়ামে এতসব সোনাজয়ীর ভিড়ে প্রচণ্ড হতাশায় ভুগেছেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আমির আলী। ৫০০০ মিটার দৌড় শেষ করে যখন আনন্দ উদ্যাপনে ব্যস্ত এই অ্যাথলেট, তখনই শুনলেন দুঃসংবাদটা। তাঁকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে সেনাবাহিনীর জামরুল ইসলামকে। এক চক্কর কম ঘুরেছেন, এমন অভিযোগে তাঁকে বাদ দিয়ে সোনার পদক দিয়ে দেওয়া হয় জামরুলকে। বিষয়টি কিছুতেই মানতে পারেননি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। তাঁদের অভিযোগ, পদক ছিনতাই করে নেওয়া হয়েছে। চট্টগ্রামের কোচ আমির আলী হতবাক। বলছিলেন, ‘আমাদের সোনা ছিনতাই করা হয়েছে। সেনাবাহিনী ইচ্ছা করেই এটা করেছে। আমাদের সঙ্গে অবিচার করেছে ফেডারেশন।’ মুঠোয় ধরা দেওয়া পদক হাতছাড়া হওয়ায় পারলে কেঁদেই ফেলেন খুলনার তরুণ আমির। ওই সময় এই অ্যাথলেটের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা শুরু করেন সেনাবাহিনীর কোচ কিতাব আলী, ‘আমার ৩৫ বছরের অভিজ্ঞতায় জানি, পরিচিত মুখ না হলে সোনা জেতা যায় না।’ তাঁর এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে আবারও ট্র্যাকে নামার চ্যালেঞ্জ ছুড়ে দেন আমির ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। পরে অবশ্য ফেডারেশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে লিখিত আবেদন জানিয়েছেন তাঁরা। প্রতিযোগিতার প্রধান বিচারক আবদুল খালেক পুরো বিষয়টি অস্বীকার করে বললেন, ‘এখানে কোনো অনিয়ম হয়নি।’ ৫০০০ মিটারের জন্য সাড়ে বারো চক্কর ঘুরতে হয় একজন অ্যাথলেটকে। প্রতিটি অ্যাথলেটের একটি করে চক্কর শেষ হলে সঙ্গে সঙ্গে তাঁকে সেটা সংকেত দিয়ে জানিয়ে দেওয়ার কথা। কিন্তু আমিরের দাবি, তাঁকে কেউই এমন কোনো সংকেত দেয়নি।