যুক্তরাষ্ট্র থেকে আজারবাইজানের বাকুতে পৌঁছে অসুস্থ হয়ে পড়লেন। তাই এক শ মিটার স্প্রিন্টে ট্র্যাকেই নামা হয়নি আলিদা শিকদারের। অথচ যুক্তরাষ্ট্রপ্রবাসী এই অ্যাথলেটকে ঘিরে কৌতূহল ছিল অনেক। দেশে কখনো না খেললেও তাঁকে লস অ্যাঞ্জেলেস থেকে সরাসরি উড়িয়ে নেওয়া হয় ইসলামিক সলিডারিটি গেমসে। ঢাকায় স্থানীয় কোনো অ্যাথলেটকে এই গেমসের জন্য বিবেচনাই করা হয়নি। দ্রুততম মানবী শিরিন আক্তার অন্তত আলিদার সঙ্গে ট্রায়ালে নামতে চেয়েছিলেন। সেই সুযোগ না পেয়ে হতাশই ছিলেন শিরিন।
ঢাকায় অ্যাথলেটিকস ফেডারেশনের এক শীর্ষ কর্মকর্তা জানান, ভ্রমণ ক্লান্তিসহ আরও কিছু কারণে আলিদা অসুস্থ অনুভব করলে এক শ মিটার স্প্রিন্টের হিটে নামানো হয়নি তাঁকে। আজ লংজাম্পে আলিদা অংশ নেবেন বলে জানা গেছে।
গতকাল বিভিন্ন ইভেন্টে বাংলাদেশের যেসব প্রতিযোগী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাঁদের কেউই অবশ্য সুবিধা করতে পারেননি। গত শনিবার ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে আটজনের মধ্যে ষষ্ঠ হয়েছিলেন এসএ গেমসে জোড়া সোনাজয়ী সাঁতারু মাহফুজা খাতুন শিলা। কাল ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে তিনি আটজনের মধ্যে হয়েছেন পঞ্চম। এসএ গেমসে এই ইভেন্টে সোনা জিতেছিলেন ১ মিনিট ১৭ সেকেন্ডে। বাকুতে সময় নিয়েছেন ১ মিনিট ১৮.১৫ সেকেন্ড। পুলে নামা আরেক সাঁতারু নাইমা আক্তার নয় জনের মধ্যে সবার শেষে সাঁতার শেষ করেছেন।
ট্রায়ালে দেশের দ্রুততম মানব মেজবাহ আহমেদকে হারিয়ে বাকু যাওয়া আবদুর রউফের কাছেও স্মরণীয় হয়ে থাকল না এই সফর। এক শ মিটার স্প্রিন্টে ১১.২৮ সেকেন্ড সময় নিয়ে বাংলাদেশের এই অ্যাথলেট ৩১ জনে ২৮তম। শুটিংয়ে দশ মিটার এয়ার পিস্তলে বাছাইয়েই বাদ পড়েছেন এসএ গেমসে সোনাজয়ী শাকিল আহমেদ।