ট্র্যাজেডির সেমিফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৯ সালের বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ট্র্যাজিক বিদায়টার কথা এখনো ভুলতে পারেননি ক্রিকেটপ্রেমীরা। ম্যাচটা টাই হয়ে গেলেও পয়েন্ট মারপ্যাঁচের ফাঁদে পড়ে বিদায় নিতে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। প্রোটিয়াদের সেমিফাইনাল ট্র্যাজেডি কিন্তু এটাই প্রথম না। এর আগে ১৯৯২ সালের বিশ্বকাপ সেমিফাইনালেও জঘন্য কিছু আইনকানুনের জালে আটকে গিয়েছিল তাদের বিশ্বকাপ স্বপ্ন।বর্ণবাদী নীতির কারণে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন থেকে দীর্ঘদিন বহিষ্কৃত থাকার পর ১৯৯২ সালেই বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মতো অংশ নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে নয় উইকেটে হারিয়ে শুরুটাও করেছিল দুর্দান্তভাবে। তারপর একে একে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, জিম্বাবুয়ে, ভারতকে হারিয়ে উঠে এসেছিল সেমিফাইনালে। অধিনায়ক কেপলার ওয়েলস, অ্যালান ডোনাল্ড, হ্যানসি ক্রনিয়ে, জন্টি রোডসরা অসাধারণ পারফরমেন্স দেখিয়ে মুগ্ধ করে দিয়েছিলেন ক্রিকেট বিশ্বকে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিতে জন্টি রোডস যেভাবে ইনজামামকে রান আউট করেছিলেন সেই দৃশ্যটি বিশ্ব ক্রিকেটে এক ‘আইকন’ হয়েই রয়েছে।১৯৯২ সালের বিশ্বকাপে অনেক কিছুই প্রথমবারের মতো দেখেছিল ক্রিকেট বিশ্ব। খেলোয়াড়দের রঙিন পোশাক, ফ্লাড লাইটে দিন-রাতের ম্যাচ, সাদা বল, টেলিভিশন সম্প্রচারে বিপ্লব—সবকিছুই বর্ণিল সাজে সাজিয়ে তুলেছিল বিশ্বকাপকে। কিন্তু সবকিছু ছাপিয়ে সেবার আলোচনা-সমালোচনার প্রধান বিষয়ে পরিণত হয়েছিল বৃষ্টিসংক্রান্ত জটিল কিছু আইনকানুন।’৯২-এর বিশ্বকাপের বৃষ্টি আইনের নিয়মটা ছিল অনেকটা এ রকম, ম্যাচ চলাকালীন বৃষ্টি এলে (দ্বিতীয় ইনিংসে) প্রথমে ফিল্ডিং করা দলের সবচেয়ে কম রান দেওয়া ওভারগুলোর রানসংখ্যা কমিয়ে নেওয়া হবে। ধরা যাক, বৃষ্টির কারণে দুই ওভার কেটে নেওয়া হলো। তখন হিসাব করা হবে যে প্রথমে বোলিং করা দল কোন দুই ওভারে সবচেয়ে কম রান দিয়েছে। যত রান কম দিয়েছে তত রান বাদ দিয়ে নতুন টার্গেট নির্ধারণ করা হবে। সেবার বৃষ্টিই গড়ে দিয়েছিল বিশ্বকাপের অনেক ম্যাচের ভাগ্য। তবে, সেই বৃষ্টির জলেই যে ধুয়ে যাবে দুর্দান্ত ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্বপ্ন—তা হয়তো কেউই ভাবতে পারেনি।ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালটিতে বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছিল খেলা শুরুর আগেই। খেলার দৈর্ঘ্য কমিয়ে নিয়ে আসা হয়েছিল ৪৫ ওভারে। শুরু থেকেই ভাগ্যদেবী যেন একেবারে মুখ ফিরিয়ে রেখেছিলেন প্রোটিয়াদের ওপর থেকে। যে গ্রায়েম হিকের ৯০ বলে ৮৩ রানের ইনিংসটির সুবাদে ইংল্যান্ড স্কোরবোর্ডে ২৫২ রান যোগ হয়েছিল, সেই হিক দুই-দুইবার ফিরে এসেছেন নিশ্চিত আউটের দ্বারপ্রান্ত থেকে। ম্যাচের প্রথম বলেই নিশ্চিত একটা এলবিডব্লিউর আবেদনে সাড়া দেননি আম্পায়ার। দ্বিতীয়বার হিক ক্যাচ আউট হয়েছিলেন একটা নো বলে। তখনো রানের খাতাই খুলতে পারেননি তিনি।২৫৩ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল প্রোটিয়াসরা। উদ্বোধনী ব্যাটসম্যান অ্যান্ড্রু হাডসনের ৪৬, আদ্রিয়ান কুইপারের ৩৬, হ্যানসি ক্রনিয়ের ২৪ রানের ছোট ইনিংসগুলোর ওপর ভর করে ধীরে ধীরে জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল তাঁরা। শেষ দিকে জন্টি রোডসের ৩৮ বলে ৪৩ রানের ইনিংসটি রান-বলের ব্যবধান কমিয়ে এনেছিল অনেকখানিই। শেষ পাঁচ ওভারে তাঁদের দরকার ছিল ৪৭ রান। সপ্তম উইকেটে ব্রায়ান ম্যাকমিলান ও ডেভ রিচার্ডসন মাত্র তিন ওভারে অবিচ্ছিন্ন ২৬ রানের জুটি গড়ে জয়টাকে অনেকটাই নাগালের মধ্যে নিয়ে এসেছিলেন। আর তাঁরা যেভাবে খেলে যাচ্ছিলেন তাতে সেটা খুব বেশি কঠিনও মনে হচ্ছিল না। কিন্তু ৪৩তম ওভারের শেষ বলের আগে দক্ষিণ আফ্রিকার প্রথম সেমিফাইনাল ট্র্যাজেডির জন্ম দিতেই যেন আবার শুরু হলো বৃষ্টি। জয়ের জন্য তখন প্রয়োজন ছিল ১৩ বলে ২২ রান। সেদিনের সেই ১২ মিনিটের বৃষ্টি একটা ক্ল্যাসিক ম্যাচকে পরিণত করেছিল বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ম্যাচে। ম্যাকমিলান ও রিচার্ডসন চাচ্ছিলেন খেলা চালিয়ে যেতে। কিন্তু ইংলিশ অধিনায়ক গ্রাহাম গুচ কোনোক্রমেই তাতে রাজি হলেন না। আম্পায়াররা শেষ পর্যন্ত খেলা বন্ধ করার সিদ্ধান্ত নিলেন। এরপর তাঁরা সেই অদ্ভুত নিয়মের খাতা খুলে হিসাব করতে বসলেন নতুন টার্গেট। প্রথমে আম্পায়াররা লক্ষ্য নির্ধারণ করলেন সাত বলে ২২ রান। সিডনির উপস্থিত ৩৪ হাজার দর্শক ক্ষুব্ধ হয়ে ওঠে এ নির্বুদ্ধিতায়। কিন্তু পরিস্থিতি আরও নির্মম হয়ে উঠল যখন কর্মকর্তারা খেলা দুই ওভার কমিয়ে নতুন লক্ষ্য নির্ধারণ করলেন। ইলেকট্রনিক স্কোরবোর্ডে ভেসে উঠল হাস্যকর, নির্মম একটা টার্গেট। এক বলে ২১ রান। দক্ষিণ আফ্রিকার সবচেয়ে কম রান দেওয়া দুই ওভারে ইংল্যান্ড নিয়েছিল এক রান। সৌজন্য রক্ষার খাতিরে অসম্ভব এই টার্গেট নিয়ে একমাত্র বলটির মুখোমুখি হতে আবার ব্যাট হাতে মাঠে নামলেন ম্যাকমিলান ও রিচার্ডসন। ক্রিস লুইসের শেষ বলে একটা রান নিয়ে ক্ষুব্ধভাবে প্যাভিলিয়নের দিকে তাকালেন দুই প্রোটিয়াস ব্যাটসম্যান। গ্যালারি থেকে হাততালি দিয়ে অভিনন্দন জানানো হলো না বিজয়ী দলকে। দুয়োধ্বনিতে প্রকম্পিত হলো সিডনি ক্রিকেট গ্রাউন্ড। বিশ্বকাপ ফাইনালে ওঠার আনন্দে মাতলেন না ইংলিশ খেলোয়াড়েরা। বরং এমন বিতর্কিত একটা জয়ে বেশ বিব্রতই ছিলেন তাঁরা। এর পরের কাহিনি তো সবারই জানা। ফাইনালে ইংল্যান্ডকে ২২ রানে হারিয়ে বিশ্বকাপ শিরোপাটা উঠেছিল ইমরান খানের পাকিস্তানের হাতে। আর এ জঘন্য বৃষ্টি-আইনটি কোনো রকম উচ্চবাচ্য ছাড়াই সরিয়ে ফেলা হয়েছিল ক্রিকেট দুনিয়া থেকে। ১৯৯৯ সালে প্রণয়ন করা হয়েছিল অধিক গ্রহণযোগ্য ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি।