ঠান্ডা পানিতে ভিজে পাল্টা চ্যালেঞ্জ রোনালদোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরফ শীতল পানিতে ভিজছেন রোনালদো।
বরফ শীতল পানিতে ভিজছেন রোনালদো।

চ্যালেঞ্জ? ক্রিস্টিয়ানো রোনালদোকে চ্যালেঞ্জ? হা হতোস্মি! এ জীবনে কম চ্যালেঞ্জ মোকাবিলা করেননি সিআর সেভেন। সেই রোনালদোকে কি না চ্যালেঞ্জ ছুড়লেন তাঁরই সাবেক সতীর্থ ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান সহ-অধিনায়ক ড্যারেন ফ্লেচার! কী সেই চ্যালেঞ্জ? বেশি কিছু নয়, কেবল বালতিভর্তি বরফ-শীতল পানি ঢালতে হবে মাথায়! রিয়াল তারকা চ্যালেঞ্জটা নিলেন। জেনে থাকবেন, বর্তমান সময়ে একটা রীতি চালু বিশ্বজুড়ে। ‘লু গেরিগ রোগ’ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও এ রোগ প্রতিরোধে তহবিল সংগ্রহের জন্য ‘বালতিভর্তি বরফপানি মাথায় ঢালার প্রতিযোগিতা’ যুক্তরাষ্ট্রে বেশ জনপ্রিয়। এই প্রতিযোগিতায় কোনো তারকাকে বরফপানিতে নিজেকে ভিজিয়ে অন্যকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে হয়। যাঁরা এ চ্যালেঞ্জ নিতে অস্বীকৃতি জানাবেন, তাঁদের অ্যামিওট্রফিক ল্যাটেরাল স্কেলেরোসিস (এএলএস) সংস্থায় অর্থ সাহায্য করতে হয়। ফ্লেচার অবশ্য এএলএসের জন্য নয়, চ্যালেঞ্জটা জানিয়েছিলেন মূলত জেমস ম্যাককার্থি ফাউন্ডেশনের জন্য। ম্যাককার্থি ম্যানচেস্টারের এক তরুণ, ২০০৯ সালে এক সড়ক দুর্ঘটনার পর থেকে শারীরিক সমস্যায় ভুগছেন। ফ্লেচার শুক্রবার ইউনাইটেডের প্রশিক্ষণ ভবনের সামনে নিজের গায়ে বালতিভর্তি বরফ-শীতল পানি ঢেলে রোনালদোকে চ্যালেঞ্জ ছোড়েন। এর দুদিন পর রিয়ালের অনুশীলন মাঠে রোনালদোও নিজের গায়ে বরফ পানি ঢেলে পাল্টা চ্যালেঞ্জ ছোড়েন তিন মার্কিন সংগীত তারকা—বিয়ন্স নোলস, জেনিফার লোপেজ ও লিল ওয়েইনের প্রতি। মেইল অনলাইন।    

রোনালদোর ভেজার ভিডিও