ঠান্ডায় বিরক্ত সিজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকায় এখন তীব্র ঠান্ডা। অন্য খেলোয়াড়েরা দৌড়াদৌড়ি করে কিছুটা গা গরম করতে পারছিলেন। কিন্তু ব্রাজিলের গোলরক্ষক হুলিও সিজারের কথাটা একবার ভাবুন। উত্তর কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে গোলপোস্টের নিচে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো কাজই বলতে গেলে ছিল না। ঠায় দাঁড়িয়ে থেকে কী কষ্টই না হচ্ছিল সিজারের!গা গরম করার কোনো উপলক্ষই খুঁজে পাচ্ছিলেন না এই তারকা গোলরক্ষক। এ নিয়ে গতকাল শুক্রবার রীতিমতো বিরক্তিই ঝরে পড়ল তাঁর কণ্ঠ থেকে, ‘এই রকম ঠান্ডার মধ্যে যখন কিছুই করার থাকে না, তখন খেলাটা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়।’বিশ্বকাপের শুরু থেকেই ফিফার নতুন বল ‘জাবুলানি’ নিয়ে সমালোচনামুখর ব্রাজিলের এই গোলরক্ষক। তিনি এটাকে তুলনা করেছেন হাতের কাছের সুপার মার্কেটগুলোতে যেসব সস্তা দরের ফুটবল কিনতে পাওয়া যায় সেগুলোর সঙ্গে। একে তো শুরু থেকেই জাবুলানি বল নিয়ে অসন্তোষ। সেই সঙ্গে তীব্র ঠান্ডার মধ্যে উত্তর কোরিয়ার অতি রক্ষণাত্মক খেলা—সব মিলিয়ে প্রচণ্ড বিরক্ত সিজার।