ঠিক পথেই জার্মানি-ফ্রান্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোর ঠিক আগে এই জয়টা বড্ড দরকার ছিল জার্মানদের। হোক সেটা খর্বশক্তির ইসরায়েলের বিপক্ষে, তবে শনিবার সুইজারল্যান্ডের কাছে পরাজয়ের পর পরশুর জয়টা জার্মান শিবিরে একটু স্বস্তি এনে দেবে বৈকি। জার্মান কোচ জোয়াকিম লো পুরোপুরি সন্তুষ্ট নন, তবে ২-০ গোলে জয়ের পর স্বস্তিই পেয়েছেন তিনি, ‘আমাদের প্রস্তুতি ঝালাই করার জন্য এটাই ছিল বলার মতো শেষ পরীক্ষা। আমাদের জন্য এটা টনিকের কাজ করবে।’ ৪০ মিনিটে বায়ার্ন স্ট্রাইকার মারিও গোমেজ করেন প্রথম গোল। বদলি খেলোয়াড় লেভারকুসেনের আন্দ্রে শুর্লে খেলা শেষের আট মিনিট আগে দ্বিগুণ করেন ব্যবধান। আরও বড় জয় না পাওয়ার জন্য স্ট্রাইকারদের গোল মিসের মহড়াকেই দুষলেন লো, ‘সবকিছুই যে ঠিকঠাক হয়েছে, তা বলা যাবে না। আরও অন্তত ছয়-সাতটা গোল আমরা অনায়াসে পেতে পারতাম, তবে জয়টাই বড় কথা।’এদিকে ফ্রান্সকে নিয়ে এবার শোরগোল কম হলেও নিজেদের প্রস্তুতি ভালোমতোই সেরে রাখছে তারা। আগের ম্যাচে দুর্বল আইসল্যান্ডের বিপক্ষে জয়ের পর পরশু সার্বিয়াকে ২-০ গোলে হারাল লা ব্লুরা। ফ্রাঙ্ক রিবেরি টানা দুই ম্যাচ গোল করে জানিয়ে দিলেন, ইউরোতে তাঁর দিকে আলাদাভাবে নজর রাখতেই হবে। চেলসির মিডফিল্ডার ফ্লোরেন্ত মালুদা করেছেন অন্য গোলটি। তবে এমন জয়েও কোচ লঁরা ব্লাঁর কপালে একটু চিন্তার ভাঁজ। মধ্যমাঠের অন্যতম ভরসা ইয়োহান এমভিয়া চোট পেয়ে মাঠ ছেড়েছেন! যদিও দলের চিকিৎসক আশ্বস্ত করেছেন চোটটা গুরুতর নয়। এএফপি।